কৃষি, নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ বাংলাদেশের বেশ কয়েকটি খাতে বিনিয়োগের যথেষ্ট আগ্রহ রয়েছে থাইল্যান্ডের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে তাঁর দেশের আগ্রহ প্রকাশ করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক বৈঠকের শুরুতেই শেখ হাসিনা বিজয়ের মাসে বাংলাদেশ সফরের জন্য ইংলাক সিনাওয়াত্রাকে ধন্যবাদ জানান। দুই দেশের বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে অভিহিত করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য গত দুই অর্থবছরে ৬৫ ভাগ বেড়েছে। এর পাশাপাশি গত অর্থবছরে বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ায় দুই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ধারাবাহিকভাবে জোরদার হচ্ছে। থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের ওষুধ, পাট, চামড়াজাত পণ্য, সিরামিক ও তৈজসপত্র শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে এই সম্পর্কে আরও গতির সঞ্চার হবে। এ পরিপ্রেক্ষিতে দুই পক্ষ ২০১৬ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি ডলারে নিতে রাজি হয়েছে। বৈঠকে দুই প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের জনগণের মেলবন্ধন আরও বাড়ানোর ব্যাপারে তাঁদের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। থাই প্রধানমন্ত্রী সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনসহ বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারি তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।ইংলাক দুই দেশের বিনিয়োগ বিশেষ করে কৃষি খাতে সহযোগিতার প্রস্তাব করেন। এ ছাড়া তিনি অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও বৈজ্ঞানিক সহযোগিতার ক্ষেত্রে তাঁর দেশের বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে তাঁর সরকারের আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং আশা করেন, খুব শিগগিরই ঢাকায় উড়ালসেতুর নির্মাণ কাজ শুরু করবে থাই কোম্পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ানস নেশনস (আসিয়ান) সংলাপে অংশীদার হতে এবং মেকং-গঙ্গা কো-অপারেশন ইনিশিয়েটিভে (এমজিসিআই) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছেন। দ্বিপক্ষীয় বৈঠকের আগে কিছুক্ষণ একান্তে বৈঠক করেন দুই নেতা। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাঁরা আলোচনা করেন। দুটি সমঝোতা স্মারক সই হাসিনা-ইংলাক শীর্ষ বৈঠক শেষে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আজ দুটি সমঝোতা স্মারক সই (এমওইউ) হয়েছে। এর একটি হচ্ছে কৃষি খাতে সহযোগিতা, অন্যটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা চালু। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং থাইল্যান্ডের পক্ষে সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিছাকছিকুল ‘দ্বিপক্ষীয় আলোচনা চালু’ বিষয়ক এমওইউতে সই করেন। অন্যদিকে, বাংলাদেশের কৃষিসচিব মঞ্জুর হোসেইন এবং থাইল্যান্ডের কৃষিবিষয়ক সংসদীয় সচিব ছাভালিত ছোকাজর্ন কৃষিবিষয়ক এমওইউতে সই করেন।স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দিনের কর্মসূচি। এদিন সকাল নয়টার দিকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য দেওয়ার সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার পর তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন এবং স্মৃতিসৌধ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের পর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এদিকে দুই দিনের সফর শেষে বিকেলে ঢাকা ছেড়ে গেছেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।