কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জাতীয় আয়ের ২০ শতাংশ আসে সরাসরি কৃষি উৎপাদন থেকে এবং আরও ২০ শতাংশ আসে কৃষিনির্ভর অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে। দেশের অর্ধেক শ্রমিকের কর্মসংস্থান কৃষি খাতে।জনসংখ্যার তুলনায় আমাদের প্রাকৃতিক সম্পদ অত্যন্ত অপ্রতুল। স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল সাত কোটি। বর্তমানে তা বেড়ে ১৫ কোটিতে পৌঁছেছে। বাড়তি জনসংখ্যার একটি বড় অংশ জীবিকার সন্ধানে গ্রাম থেকে শহরে আসছে। তা সত্ত্বেও কৃষি খাতে খামারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আর খামারের আয়তন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। ১৯৭৭ সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুযায়ী কৃষি খামারের সংখ্যা ছিল ৮২ লাখ এবং খামারের গড় আয়তন ছিল ২ দশমিক ৩ একর। ২০০৮ সালের কৃষিশুমারির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে কৃষি খামারের সংখ্যা প্রায় এক কোটি ৫০ লাখ এবং কৃষি খামারের গড় আয়তন ১ দশমিক ২ একর। দেশের বড় জোতের ভূমিমালিক কৃষি ছেড়ে অকৃষিজ খাতে মূলধন স্থানান্তর করে সমৃদ্ধি অর্জনের চেষ্টা করছেন। আর তাঁদের জমি চাষ হচ্ছে বর্গাব্যবস্থায় ভূমিহীন ও প্রান্তিক চাষিদের মাধ্যমে। দেশের ৪০ শতাংশ কৃষকের খামারের আয়তন আধা একরের নিচে এবং দুই-তৃতীয়াংশ কৃষক ১ একরের কম আয়তনের খামারে কৃষিকাজ করেন। দেশের ৪০ শতাংশ কৃষিজমি বর্তমানে বর্গাব্যবস্থায় হাতফেরত হয়, যা স্বাধীনতার সময়ে ছিল মাত্র ২০ শতাংশ। কৃষি উৎপাদনকাঠামোয় এসব প্রতিকূলতা সত্ত্বেও কৃষি খাতে গত চার দশকে আমাদের অর্জন উল্লেখযোগ্য। প্রধান অর্জনগুলো নিচে উল্লেখ করা হলো:বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ৫৩টি নতুন উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে; যেসব ধান চাষ করে কৃষকেরা বিঘাপ্রতি ধানের ফলন বাড়িয়েছেন ছয় থেকে ১৬ মণে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পাঁচ শতাধিক ফসলের উন্নত জাত এবং শস্যব্যবস্থাপনা-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে গম, আলু, ভুট্টা এবং বিভিন্ন শাকসবজির ফলন ও উৎপাদনে ব্যাপক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।আশির দশকে কৃষি উপকরণের বাজারব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর থেকে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে সেচব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। ১৯৮২-১৯৮৩ সালে ক্ষুদ্র সেচযন্ত্র শ্যালো টিউবওয়েলের সংখ্যা ছিল ৯৩ হাজার। এই সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ১৫ লাখে উন্নীত হয়েছে। এখন প্রায় ৮৫ শতাংশ চাষের জমি সেচসুবিধা পাচ্ছে। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ জমিতে ব্যক্তিমালিকানাধীন শ্যালো টিউবওয়েলের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে।দেশের সিংহভাগ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক—যাঁদের অধিকাংশই বর্গাচাষি, তাঁরা উন্নত প্রযুক্তি ব্যবহারে বড় ও মাঝারি চাষির তুলনায় এগিয়ে আছেন। দেশের ৮০ শতাংশ জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহূত হচ্ছে।১৯৭০ সালে বাংলাদেশে চালের উৎপাদন ছিল এক কোটি ১০ লাখ টন। বর্তমানে এই উৎপাদন তিন কোটি ২০ লাখ টনে উন্নীত হয়েছে। স্বাধীনতার সময় মাথাপিছু চালের প্রাপ্যতা ছিল ১৪০ কেজি, বর্তমানে তা বেড়ে ১৯২ কেজিতে দাঁড়িয়েছে। অন্যান্য ফসলের মধ্যে আলু, শাকসবজি, গম ও ভুট্টার উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।শস্য খাতে বৈচিত্র্য অর্জনে দেশ তেমন সফলতা দেখাতে পারেনি। ডাল, তেলবীজ ও মসলাজাতীয় শস্যের আওতায় জমি কমেছে এবং একরপ্রতি ফলন কিছুটা বাড়লেও মোট উৎপাদন বাড়েনি। আখ ও পাটের উৎপাদন নিরঙ্কুশভাবে হ্রাস পেয়েছে। ফলে ডাল, তেল, চিনি, মসলা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে বিশ্ববাজারের ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে বাড়ছে। এর ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যের মূল্যের অস্থিরতা দেশি বাজারকেও প্রভাবিত করছে।মৎস্য ও পশুসম্পদ খাতের প্রবৃদ্ধিও আশাপ্রদ নয়। এই দুই খাতে পণ্যের জোগান চাহিদার তুলনায় অনেক কম হারে বেড়েছে। ফলে চাল ও আটার মূল্যের তুলনায় মাছ, মাংস, দুধ ও ডিমের মূল্য বেড়েছে অনেক বেশি হারে। ফলে দরিদ্র জনগণের সুষম পুষ্টি অর্জনে দেশ পিছিয়ে পড়ছে।কৃষি উৎপাদন বৃদ্ধির সহজ পন্থাগুলো আমরা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছি। অতীতের মতো ভবিষ্যতে প্রবৃদ্ধি ধরে রাখা আমাদের জন্য ততটা সহজ হবে না। আমাদের খাদ্যনিরাপত্তা অর্জনের মূল প্রতিবন্ধক সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। উন্নত থেকে উন্নততর প্রযুক্তি উদ্ভাবনেও সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধির লাগাম এখনই টেনে ধরতে না পারলে দেশীয় উৎপাদনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা অর্জন ক্রমেই কষ্টসাধ্য হবে।ড. মাহবুব হোসেন: নির্বাহী পরিচালক, ব্র্যাক