কৃষি খাতে ভর্তুকি কিছুটা কমেছে
বাজেটে কৃষি খাতে এবার নয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে সংশোধিত বাজেটে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সে হিসেবে ভর্তুকি কিছুটা কমেছে। এবার অনুন্নয়ন ও উন্নয়ন মিলে বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য মোট ১২ হাজার ২৭৫ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ১৩০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে মোট এক হাজার ৬২ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে ২০১২-১৩ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং দেড় লাখ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, খাদ্যগুদামের বর্তমান ১৬ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা থেকে বাড়িয়ে ২০১৫ সালের মধ্যে প্রায় ২০ লাখ মেট্রিক টনে উত্তীর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষি খাতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের ফলে প্রতিবছর খাদ্য উৎপাদন বাড়ছে উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারের প্রবর্তিত কৃষি উপকরণ সহায়তা কার্ড দেশে ও বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের অনুসরণে ভারত সরকার কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, দেশের ৩৫টি জেলায় ২৫ শতাংশ ভর্তুকিতে ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নিয়েছি। অব্যাহত রেখেছি কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় বিনা মূল্যে সার ও বীজ সরবরাহের কাজ। এ কার্যক্রমের অংশ হিসেবে ২০১২-১৩ অর্থবছরে ৪৩ কোটি টাকা ব্যয়ে তিন লাখ ৩২ হাজার ৫০০ জন কৃষককে উচ্চফলনশীল আউশ এবং বোনা আউশ (নেরিকা) চাষের জন্য বিনা মূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। বিগত চার বছরের প্রবৃদ্ধির চিত্র তুলে ধরতে গিয়ে অর্থমন্ত্রী জানান, বিগত চার বছরে মৎস্য খাতে গড় প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ, অন্যদিকে প্রাণীসম্পদ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ। বর্তমান সরকারের কর্মমেয়াদে কৃষি খাতে সার্বিক গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ হারে হচ্ছে। বর্তমান সরকারের আমলের গত অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে অতিরিক্ত প্রায় এক লাখ ১১ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে বাজেট বক্তৃতায় আশা করা হয়েছে।