কৃষি খাতের বিকাশ ও কাঠামোগত পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে শহরায়ণ অতি দ্রুত বাড়লেও জনগণের প্রায় ৭০ শতাংশ এখনো গ্রামে বাস করে। কৃষিই গ্রামবাসীর কর্মসংস্থান ও আয়ের প্রধান উৎস। অর্থনৈতিক উন্নতির ধারায় জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। বর্তমানে জাতীয় আয়ের প্রায় ২০ শতাংশ আসে কৃষি খাত থেকে এবং আমাদের শ্রমশক্তির প্রায় ৪৮ শতাংশ কৃষিতে নিয়োজিত। পল্লি জনগণের আয়ের প্রায় অর্ধেক কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য ও উপকরণের পরিবহন ও বিপণন এবং কৃষি আয়-উদ্ভূত গৃহনির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষাসেবার চাহিদা মেটানোর লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ড থেকে আসে। কৃষির সঙ্গে জড়িত এসব অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে ধরলে বর্তমানে জাতীয় আয়ের প্রায় ৪৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। সুতরাং, কৃষি খাতের সন্তোষজনক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার আশা করা যায় না।ভূমির মালিকানা ও ব্যবহারের কাঠামোগত পরিবর্তনকৃষি কর্মকাণ্ডের মূল ভিত্তি প্রাকৃতিক সম্পদ—জমি ও পানি। জমির ওপর জনসংখ্যার অত্যধিক চাপের জন্য বাংলাদেশে ভূমি মালিকানার বণ্টনব্যবস্থা অত্যন্ত অসম এবং খামারের গড় আয়তন ক্ষুদ্র এবং তা ক্রমান্বয়ে ক্ষুদ্রতর হচ্ছে। ভিটেমাটি ছাড়া চাষের জমি নেই এমন পরিবারের সংখ্যা প্রায় ২৭ শতাংশ; আরও ২৮ শতাংশ পরিবারের জমির মালিকানা আধা একরের নিচে। এই ৫০ শতাংশ পরিবারকে কার্যত ভূমিহীন বলা হয়। কারণ, জমি তাদের আয়ের কোনো তাৎপর্যপূর্ণ উৎস হতে পারে না। কিন্তু বাংলাদেশে বড় আকারের ভূমিমালিকের সংখ্যাও নগণ্য। পাঁচ একরের বেশি জমি আছে এমন পরিবারের সংখ্যা ১৯৮৩ সালে ছিল ১০ শতাংশ, ২০০৮ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ শতাংশে। তবে বাংলাদেশের মোট কৃষিজমির প্রায় ৪০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে।অধুনা লক্ষ করা যায়, বড় ও মাঝারি জোতের ভূমির মালিক ক্রমাগত কৃষি ছেড়ে অকৃষিজ খাতে মূলধন বিনিয়োগ করে তাঁদের আয় বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু জমির মালিকানা ছাড়ছেন না। তাঁদের জমি ভাগচাষ, চুক্তি, খাইখালাসি ইত্যাদি বর্গাব্যবস্থার মাধ্যমে চাষ হচ্ছে ভূমিহীন বা প্রান্তিক ভূমির মালিকদের মাধ্যমে, যাঁরা আগে কৃষিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ফলে বাংলাদেশে কৃষি খামারের আয়তন ক্রমাগত ছোট হচ্ছে এবং বর্গাব্যবস্থার গুরুত্ব বাড়ছে। ১৯৮৩-৮৪ সালে বর্গাচাষির সংখ্যা ছিল মোট কৃষককুলের ৪০ শতাংশ এবং ২২ শতাংশ জমি বর্গাবাজারে হাতফেরত হতো। বর্তমানে বর্গাচাষির সংখ্যা প্রায় ৬০ শতাংশ এবং প্রায় ৪০ শতাংশ কৃষিজমি বর্গাবাজারে আদান-প্রদান হয়। মৎস্য চাষ, ফলের বাগান ইত্যাদি লাভজনক কৃষি ব্যবসায়ে বড় খামারে জমি চাষে কিছু অবস্থাপন্ন ও শিক্ষিত উদ্যোক্তার প্রবেশ লক্ষ করা যায়। কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য।গত পাঁচ দশকে বাংলাদেশের কৃষি খামারের আয়তন ও বণ্টনব্যবস্থার বিবর্তনের চিত্র সারণি-১ থেকে দেখা যাবে। ১৯৬০ থেকে ২০০৫ সালের সময়কালে কৃষি খামারের গড় আয়তন কমেছে ৩ দশমিক ৫ থেকে ১ দশমিক ৫ একরে এবং ৭ দশমিক ৫ একরের বেশি আয়তনের খামারে জমি চাষ করেন এমন কৃষকের সংখ্যা কমেছে মোট কৃষক-পরিবারের ১০ শতাংশ থেকে মাত্র ১ দশমিক ২ শতাংশে। ক্ষুদ্র জোত ও বর্গাচাষির সংখ্যা বাড়ায় কৃষি উন্নয়নে মূলধন সরবরাহ, সার, সেচ ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণে ভর্তুকি প্রদান এবং বিপণনব্যবস্থার সহায়তা ইত্যাদিতে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন ক্রমান্বয়ে বাড়ছে।সারণি-১দীর্ঘ মেয়াদে কৃষি খামারের কাঠামোগত পরিবর্তন ১৯৬০ থেকে ২০০৫(মোট খামারের শতাংশ)উৎস: পরিসংখ্যান ব্যুরো পরিচালিত কৃষিশুমারি ১৯৬০, ১৯৮৩-৮৪ ও ১৯৯৬ এবং জাতীয় পর্যায়ে নমুনা জরিপ ২০০৫।সারণি ২স্বাধীনতা-উত্তরকালে কৃষি খাতের উন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনপ্রবৃদ্ধি হার (শতকরা বার্ষিক)উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: Statistical Yearbook, বিভিন্ন সংখ্যাকৃষি উন্নয়নের অভিজ্ঞতামুক্তিযুদ্ধকালে এক বিরাট জনগোষ্ঠীর ভারতে সাময়িক অভিবাসন, পরবর্তী সময়ে তাদের পুনর্বাসন, যুদ্ধে অর্থনৈতিক কাঠামো ধ্বংস ইত্যাদি কারণে ১৯৭১ ও ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছিল। এর ফলে কৃষি খাতের উৎপাদন নিরঙ্কুশভাবে হ্রাস পায় এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার হয় নেতিবাচক। সরকারের নিরলস প্রচেষ্টায় ১৯৭৩-৭৪ অর্থবছরের মধ্যেই জাতীয় উৎপাদন স্বাধীনতা-পূর্বকালের স্বাভাবিক পর্যায়ে পৌঁছায়। স্বাধীনতা-পরবর্তী দুই দশকে কৃষি উন্নয়নের গতি ছিল মন্থর—বার্ষিক ২ শতাংশ হারে। তবে নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে বর্তমান পর্যন্ত সার্বিক কৃষি খাতের উন্নতি প্রশংসার দাবি রাখে (সারণি-২)। ১৯৯৫ থেকে ২০০১ সময়কালে কৃষি খাতে আয় বেড়েছে বার্ষিক ৪ দশমিক ৮ শতাংশ হারে, যা পৃথিবীর যেকোনো দেশে এই খাতে উন্নতির অভিজ্ঞতাকে হার মানাবে। বর্তমান দশকে কৃষির প্রবৃদ্ধি ঘটছে বার্ষিক ৩ দশমিক ৮ শতাংশ হারে, যা এশিয়ার অন্যান্য দেশে এই খাতে উন্নতির প্রায় সমমাত্রার। কৃষির প্রধান কর্মকাণ্ড ধান, গম, পাট, আখ, আলু, শাকসবজি ইত্যাদি শস্য উৎপাদন। স্বাধীনতার সময় কৃষি আয়ের প্রায় ৭০ শতাংশ আসত এই উপখাত থেকে। বর্তমানে কৃষি আয়ে এই উপখাতের অবদান কমে দাঁড়িয়েছে প্রায় ৫৬ শতাংশ।স্বাধীনতা-উত্তরকালে প্রধান শস্য খাতে উৎপাদন বৃদ্ধির চিত্র সারণি-৩-এ তুলে ধরা হয়েছে। শস্য খাতে উৎপাদনের প্রায় তিন-চতুর্থাংশ আসে ধান, গম, ভুট্টা ইত্যাদি দানাজাতীয় শস্য থেকে, যা বাংলাদেশের জনগণের প্রধান খাদ্য। কৃষির এই উপখাতে উৎপাদন বৃদ্ধির হার সন্তোষজনক। ১৯৮৮ সালে কৃষি উপকরণে বাজারব্যবস্থায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার নীতি গ্রহণ করা হয়। তার ফলে অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প ইত্যাদি ক্ষুদ্র সেচযন্ত্রে বেসরকারি বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পায় এবং সেচের আওতায় জমি বাড়তে থাকে। ফলে ধান চাষে উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সারের ব্যবহার দ্রুত হারে বৃদ্ধি পায় এবং একরপ্রতি ফলন বাড়তে থাকে।বর্তমানে আবাদি জমির প্রায় ৭০ শতাংশে সেচ দেওয়া হচ্ছে এবং ধান চাষে জমির প্রায় ৮০ শতাংশে উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করা হচ্ছে। উৎপাদনব্যবস্থায় ক্ষুদ্র ও প্রান্তিক খামার ও বর্গা চাষের প্রাধান্য কৃষির আধুনিকীকরণের পথে বাধা হয়নি। গত দুই দশকে চালের উৎপাদন বেড়েছে বার্ষিক প্রায় ৪ শতাংশ হারে। এর সবটাই এসেছে উন্নত কৃষি-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একরপ্রতি ফলন বৃদ্ধি থেকে। তবে বৃষ্টিনির্ভর আউশ ও আমন ধান চাষে ফলন বৃদ্ধি আদৌ সন্তোষজনক নয়। কৃষকেরা আউশের চাষ ছেড়ে ক্রমাগত সেচনির্ভর বোরো (শীতকালের শুষ্ক মৌসুমের ধান) চাষের দিকে ঝুঁকছেন। ফলে আউশের চাষ এখন একেবারেই নগণ্য। গত এক দশকে এককালের প্রধান ধান আমনের উৎপাদন ও ফলন তেমন বাড়েনি। বিগত দুই দশকে ধানের বাড়তি উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এসেছে বোরো ধানের চাষ থেকে।সরকার তিন দশক ধরে খাদ্য থেকে জনগণের সুষম পুষ্টি অর্জনের জন্য শস্য খাতে বৈচিত্র্যকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে শস্য উপখাতের অর্জন ভালো নয়। একমাত্র আলু ও শাকসবজি উৎপাদনের প্রবৃদ্ধির হার সন্তোষজনক। কিন্তু অন্যান্য খাদ্য ও অর্থকরী শস্যের উৎপাদনের মন্থর গতি লক্ষণীয়। পাট ও আখের উৎপাদন নিরঙ্কুশভাবে হ্রাস পেয়েছে। ডাল, তেলবীজ ও মসলাজাতীয় শস্যের আওতায় জমি কমেছে এবং ফলন কিছুটা বাড়লেও মোট উৎপাদন আদৌ বাড়েনি। ফলে ডাল, তেল, চিনি, মসলা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে বিশ্ববাজারের ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ খরচ হচ্ছে এসব খাদ্যশস্য আমদানি খাতে।দীর্ঘ মেয়াদে কৃষি উন্নয়নের প্রবৃদ্ধির গতি অবশ্য নির্ভর করে মৎস্য ও পশুপালন খাতের বিকাশের গতির ওপর। মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় বিভিন্ন কৃষিপণ্যের চাহিদা বাড়ে ভিন্নতর হারে। ‘ভোক্তার আয় বৃদ্ধির তুলনায় খাদ্যদ্রব্যের চাহিদা বাড়ে আপেক্ষিকভাবে কম হারে।’—অর্থনীতির এই তত্ত্ব (যা Engel’s law নামে পরিচিত) চিরায়ত সত্য। এ কারণেই অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়ায় কৃষি খাতের অবদান কমতে থাকে। বিভিন্ন খাদ্যশস্যের মধ্যে দানাজাতীয় শস্যের (মূল খাদ্য বা staple food) চাহিদা বাড়ে সবচেয়ে কম হারে; তারপর আলু ও অন্যান্য শাকসবজির ক্ষেত্রে। ডাল, তেল, চিনি, মসলা ও ফলমূলের ক্ষেত্রে আয় বৃদ্ধি প্রায় সমান হারেই বাড়ে। তবে মাছ, মাংস, ডিম ও দুধের চাহিদা বাড়ে আয় বৃদ্ধির তুলনায় অনেক বেশি হারে। বাংলাদেশের মাথাপিছু আয় ও জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার হিসাবে নিলে অনুমান করা হয়, চাল ও আটার চাহিদা বাড়বে বার্ষিক ২ শতাংশ হারে; আলু ও শাকসবজি ৩ দশমিক ৫ শতাংশ হারে; ডাল, তেল ও মসলা ৪ দশমিক ৫ শতাংশ হারে; আর ফল, চিনি, মাছ, দুধ, ডিম ও মাংস ৬ থেকে ৮ শতাংশ হারে। এসব পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় বাড়লে মূল্য আপেক্ষিক হারে বেশি বাড়ে।বাংলাদেশে মৎস্য ও পশুপালন খাতের প্রবৃদ্ধি মোটেই আশাপ্রদ নয় (সারণি-২)। এই দুই খাতে উৎপাদিত পণ্যের জোগান চাহিদা বৃদ্ধির তুলনায় অনেক কম হারে বেড়েছে; ফলে মুদ্রাস্ফীতির তুলনায় মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদির দাম বেড়েছে অনেক বেশি হারে। বাংলাদেশে প্লাবনভূমির পরিমাণ প্রায় ৬৬ লাখ একর, যা বছরে পাঁচ মাসের অধিক পানিতে ডুবে থাকে। এখানে অল্প সময়ে বাড়ে এ ধরনের অনেক মাছের চাষ সম্ভব। কিন্তু পরিকল্পিতভাবে মাছের চাষ না হওয়ায় এই বিশাল প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার হয়নি। মৎস্য চাষের যে প্রবৃদ্ধি হয়েছে, তা মূলত এসেছে পুকুরে পরিকল্পিতভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে রুই, পাঙ্গাশ, কই, তেলাপিয়া ইত্যাদি উচ্চফলনশীল জাতের মাছ চাষ থেকে। অবশ্য অধুনা অনেক নিচু জমিতে (যেখানে আগে ধান চাষ হতো) বাঁধ দিয়ে পুকুরে রূপান্তর করে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের প্রবণতা অনেক বাড়ছে।সারণি-৩শস্য খাতে উৎপাদনের দীর্ঘমেয়াদি গতিধারাউৎস: পরিসংখ্যান ব্যুরো১৯৬০ সালে বাংলাদেশে গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ৯০ লাখ, ১৯৮৩-৮৪ সালে এ সংখ্যা ছিল দুই কোটি চার লাখ—প্রবৃদ্ধির হার মাত্র বার্ষিক শূন্য দশমিক ৩ শতাংশ। ২০০৫ সালের জরিপে এ সংখ্যা কিছু বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৩৫ লাখে—প্রবৃদ্ধির হার বার্ষিক শূন্য দশমিক ৮ শতাংশ। ফলে পশুপালন খাতে জাতীয় আয়ের বৃদ্ধি অত্যন্ত মন্থর। এখানে প্রবৃদ্ধি মূলত আসছে বাণিজ্যিকভাবে হাঁস-মুরগি পালন থেকে। এ খাতের প্রধান সমস্যা রোগ ব্যবস্থাপনা ও মহামারি প্রতিরোধের মাধ্যমে ব্যবসায় ঝুঁকি কমানো। বাণিজ্যিকভাবে বড় খামারে গবাদিপশু পালনে বাংলাদেশে তুলনামূলক সুবিধা নেই। এর প্রধান কারণ জমির স্বল্পতা ও পশুখাদ্যের চরম অভাব। আগে শস্য চাষের সহায়ক হিসেবে বড় ও মাঝারি খামারে গবাদিপশু পালন করা হতো। কিন্তু পশুপালনের খরচ বাড়ায় এখন কৃষকেরা শষ্য চাষে কলের লাঙল, শক্তিচালিত মাড়াই যন্ত্র ইত্যাদি ব্যবহার করছেন। ফলে কৃষক-পরিবারে গবাদিপশু পালন অনেক হ্রাস পেয়েছে; বরং প্রান্তিক চাষি ও ভূমিহীন পরিবারে ক্ষুদ্রঋণের মাধ্যমে বাড়ির আঙিনায় একটি বা দুটি গাভি পালনের প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। একটি বাড়ি একটি খামার-জাতীয় প্রকল্পের মাধ্যমে বাড়িভিত্তিক ক্ষুদ্র খামারে গবাদিপশু ও ছাগল-ভেড়া পালনের সম্ভাবনা কাজে লাগিয়ে পশুপালন খাতে আয় বাড়ানো সম্ভব।উপসংহারসরকারের এযাবৎ অনুসৃত কৃষি উন্নয়ন কৌশলে অগ্রাধিকার পেয়েছে সেচ ও সার খাতে বিনিয়োগ ও তার ব্যবস্থাপনা। এর ফলে ধান উৎপাদনে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। তবে কৃষকের ও ভোক্তার চাহিদার সঙ্গে কৃষি গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণ-ব্যবস্থার সমন্বয় সাধনে এবং অঞ্চলভিত্তিক পানিসম্পদ উন্নয়নে সরকারি খাতে দক্ষতা আরও বাড়ানো সম্ভব। ভবিষ্যতের কৃষি উন্নয়ন কৌশলে এ দুটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, যাতে গবেষণা ও সম্প্রসারণের নিবিড় সংযোগের মাধ্যমে উন্নত জাতের প্রযুক্তি ও উন্নততর খামার ব্যবস্থাপনা ক্রমবর্ধমান ক্ষুদ্র ও বর্গাচাষির নাগালের মধ্যে পৌঁছায়। আর ধান ছাড়া অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য প্রয়োজন ধানের ফলন বাড়িয়ে উদ্বৃত্ত জমি অন্য ফসলে স্থানান্তর, প্রায়োগিক গবেষণার প্রসারের মাধ্যমে অন্যান্য ফসলে উন্নততর প্রযুক্তির উদ্ভাবন এবং সরকারি উদ্যোগে শস্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের অবকাঠামোর উন্নয়ন। বিশাল প্লাবনভূমির সদ্ব্যবহার এবং বাড়িভিত্তিক পশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে উন্নততর পশুস্বাস্থ্য ও রোগ-ব্যবস্থাপনার প্রয়োগ এবং পশুপালন ও হাঁস-মুরগির চাষে বিমাব্যবস্থার প্রচলন ইত্যাদির মাধ্যমে মৎস্য চাষ ও পশুপালন খাতে আয় বাড়ানোর সম্ভাবনা ব্যাপক। তবে আমাদের খাদ্যনিরাপত্তায় সমস্যার মূল সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। জনসংখ্যা বৃদ্ধির লাগাম না টানতে পারলে এ দেশে খাদ্যনিরাপত্তা অর্জন সোনার হরিণ হয়ে থাকবে। ড. মাহবুব হোসেন: অর্থনীতিবিদ, নির্বাহী পরিচালক, ব্র্যাক