কৃষি ডিপ্লোমাধারীদের জন্য কাজের সুযোগ
মাটির কাছাকাছি থেকে মাটির মানুষের সঙ্গে মিশে কাজ করতে চান অনেকে। গ্রামের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত এমন কাজ বেছে নিয়ে কেউ তাঁদের স্বপ্ন পূরণও করেন। মনের চাওয়া এমন কাজের সুযোগটার পরিসর আরেকটু বৃদ্ধি করতে মাধ্যমিক পাসের পর কৃষিতে ডিপ্লোমা নিয়ে থাকেন অনেকে। এমন ডিপ্লোমাধারীদের কাজের নিয়োগ চেয়ে গত ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুধু উপসহকারী কৃষি কর্মকর্তা পদে দেশের কিছু জেলা বাদে সারা দেশে ৭৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তাই নিজের এলাকায় থেকে কাজ করতে চাইলে কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি আছে এমন যে কেউ এ সুযোগ গ্রহণ করে হয়ে যেতে পারেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক অথবা সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে। ২০ ডিসেম্বর ২০১২ সালে যাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর হবে, তাঁরাই আবেদন করতে পারবেন এ পদের জন্য। তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এবং তাঁদের নাতি-নাতনি অর্থাৎ ছেলেমেয়ের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর গ্রহণযোগ্য। আপনি যদি আবেদন করতে চান, তবে অবশ্যই আবেদনপত্র প্রেরণ খামের ওপর আপনার নাম, জেলার নাম এবং পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। এ ছাড়া কর্তৃপক্ষ নিয়োগের অন্য শর্তাবলিসহ পদসংখ্যা কমবেশি নির্ধারণের অধিকার রাখে। এই পেশার দায়িত্ব: কৃষকদের সঙ্গে নিয়ে কাজ করার দায়িত্ব বিশাল বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও পার্সোনেল) মো. মহসীন মিয়া। তিনি বলেন, কৃষিতে এখন প্রতিদিনই কোনো না কোনো নতুন প্রযুক্তি প্রয়োগ হচ্ছে। এসবের সঙ্গে কৃষকদের যোগাযোগ করিয়ে দেওয়া, সেই সঙ্গে পরামর্শ দেওয়াসহ অনেক কাজই করতে হয় একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে। এ ছাড়া একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকের উপযুক্ত সম্প্রসারণ কর্মকাণ্ড পরিকল্পনার জন্য থানা পরিকল্পনা কর্মশালায় পরামর্শ দেন। সব শ্রেণীর কৃষকের সম্প্রসারণ সহায়তা দেওয়া, কৃষককে দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া, কৃষিবিষয়ক কর্মসূচি বিকেন্দ্রীকরণ, চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণও একজন উপসহকারী কৃষি কর্মকর্তার হাত ধরে হয়। কৃষি ও পরিবেশ একে অন্যের পরিপূরক বিধায় পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা দেওয়ার দায়িত্বও তাঁর। তবে গাইবান্ধা জেলার মালীবাড়ী ইউনিয়নের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান বলেন, অনেক দায়িত্বের মধ্যেও সাধারণত তথ্য প্রদান এবং সেই সঙ্গে কার্যক্রমে সহায়তা দেওয়াই একজন উপসহকারী কৃষি কর্মকর্তার মূল দায়িত্ব।যে গুণটা অবশ্যই জরুরি: ‘গ্রামের এসব সহজ-সরল মনের মানুষের সঙ্গে কাজ করতে হলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবশ্যই মিশুক-প্রকৃতির হতে হবে।’ বলছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও পার্সোনেল) সালেহ আহমেদ। তিনি আরও জানান, মাটির মানুষ হয়ে মাটির মানুষকে কাছে টেনে নিয়ে তাঁদের প্রতিটি বিষয় বোঝানোর ক্ষমতা থাকতে হবে। যোগাযোগ-দক্ষতা যত ভালো হবে, একজন উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব ও কার্যক্রম সম্পাদন তত সহজ হবে বলে মনে করেন তিনি।যেসব জেলায় নেওয়া হবে না: উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য জেলা কোটা শূন্য না থাকায় দেশের ২২টি জেলার কেউ আবেদন করতে পারবেন না। তবে এই জেলাগুলোর এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানান মো. মহসীন মিয়া।জেলা কোটা শূন্য না থাকা জেলাগুলো হচ্ছে: ময়মনসিংহ, শেরপুর, মানিকগঞ্জ, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মাগুরা, নড়াইল, খুলনা, বরিশাল, ঝালকাঠি, গাজীপুর, টাঙ্গাইল, পিরোজপুর, রাজবাড়ী, মাদারীপুর ও ফরিদপুর।আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০১২-এর মধ্যেই আবেদনপত্র অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও পার্সোনেল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবর সরকারি রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। এ পেশায় বেতন ও পদোন্নতি: একজন উপসহকারী কৃষি কর্মকর্তার প্রাথমিক অবস্থায় সরকারি বেতন স্কেল অনুযায়ী ছয় হাজার ৪০০ থেকে ১৪ হাজার ২৫৫ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই। এখানেও পদোন্নতির সুযোগ আছে বলে জানান সালেহ আহমেদ।এ জন্য নিষ্ঠা ও পরিশ্রমের দরকার প্রথমেই। তিনি নিজেই একজন কৃষি কর্মকর্তা থেকে আজ এই অবস্থানে এসেছেন বলে জানালেন। আর এই পদোন্নতির সঙ্গে সঙ্গে বেড়ে যাবে বেতন-ভাতাও।