কৃষি প্রবৃদ্ধি নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ কৃষিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিরুদ্ধে বোরো উৎপাদন সম্পর্কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।কৃষি খাতে ভুল তথ্য প্রকাশ করা নিয়ে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিবিএসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মতিয়া চৌধুরী গতকাল মঙ্গলবার এ অভিযোগ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের প্রতি উষ্মা প্রকাশ করেন। মতিয়া চৌধুরী বলেন, একেক প্রতিষ্ঠান একেক ধরনের তথ্য দেবে, তা মানা যায় না। বিবিএসের কর্মকর্তারা এ সময় বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য সংগঠনের সঙ্গে বিবিএসের প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে। তাছাড়া সংস্থাটি লোকবল-সংকটে ভুগছে। তাঁরা কৃষি তথ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কথাও স্বীকার করেন।এ বিষয়ে মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিবিএসের কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাঁরা অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হিসাব দিয়েছেন। আমি তখন তাঁদের বলেছি যে আপনারা তথ্য-উপাত্ত নিয়ে কাজ করেন। আপনাদের তথ্য কেন অনুমাননির্ভর হবে।’ বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকালের বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, এ বছর সরকার ৪৮ লাখ ৫০ হাজার হেক্টর জমি থেকে এক কোটি ৯০ লাখ টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। হাওর এলাকায় বন্যায় ৫০ হাজার ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা পরে সংশোধন করে এক কোটি ৮৭ লাখ টন করা হয়। কিন্তু ১৩ মে বিবিএস অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে এক কোটি ৭৪ লাখ টন বোরো উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রার তথ্য সরবরাহ করে। আর এটি এমন সময় করা হয়েছে, যখন উত্তরবঙ্গে ৫০ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। এ হিসাবের ভিত্তিতেই বিবিএস ২০০৯-১০ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি গণনা করেছে ২ দশমিক ৭৭ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দেখানো হয়েছিল ৪ দশমিক ৮১ শতাংশ।বিবিএসের কর্মকর্তাদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের সব চেষ্টা ও পরিকল্পনা আপনাদের ভুল তথ্যের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।’ তিনি আরও বলেন, বিবিএসের এ তথ্য অনুযায়ী সার, ডিজেল ও বিদ্যুতে সরকার যে ভর্তুকি দিয়েছে, তা সঠিক নয় বলে প্রমাণিত হবে। কৃষিমন্ত্রী অভিযোগ করেন, যাঁরা কৃষি খাতে ভর্তুকির বিরোধিতা করেন, এ ভুল তথ্যের মাধ্যমে তাঁদের চিন্তার প্রতিফলন ঘটানো হয়েছে। তিনি বলেন, এ বছর বোরো উৎপাদন খুব ভালো হবে। আশা করা যায়, এটি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে। মতিয়া চৌধুরী বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লাকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুল করলে তাঁদের মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হবে। কৃষিমন্ত্রী বলেন, আমন, গম ও আলুর ফলনও কম দেখিয়েছে বিবিএস। সংস্থাটি আলুর উৎপাদন দেখিয়েছে ৭৪ লাখ টন। অথচ আলুর প্রকৃত উৎপাদন ছিল ৮৫ লাখ টনের বেশি। একইভাবে আমনের প্রকৃত উৎপাদন ছিল এক কোটি ৩১ লাখ টন। কিন্তু তারা দেখিয়েছে এক কোটি ২২ লাখ টন।মতিয়া চৌধুরী বলেন, বিবিএস, স্পারসো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভিন্ন ভিন্ন উপাত্ত দিয়েছে। এ ধরনের সমন্বয়হীনতা গ্রহণযোগ্য নয়।