কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধাওয়া ও হামলায় পাঁচজন শিক্ষকসহ ২০ জন আহতের ঘটনা তদন্তে আজ মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ে কী হয়েছিল, তা জানতে আমিসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা সেখানে যাচ্ছি। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটি চায় না দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত থাকুক। অস্থিতিশীলতার সঙ্গে ছাত্রলীগের একজন কর্মী জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের এই নেতা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনকে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করেছেন। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রলীগের ধাওয়া ও হামলায় পাঁচজন শিক্ষকসহ ২০ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ছিনতাইয়ে জড়িত অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।