শেষ পর্যন্ত নিয়ম ভঙ্গ করেই ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সরেজমিন প্রতিবেদনের ভিত্তিতে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার নিয়ম থাকলেও এই বিশ্ববিদ্যালয়ের বেলায় সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়টি প্রাথমিক শর্ত পূরণ করেছে কি না, তা যাচাই না করেই অনেকটা গোপনীয়ভাবে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সাময়িকভাবে এই বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেয়। চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর এলাকার জিলিন রোডের মফিজ ভবনে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেখানো হয়েছে। এর মালিক এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ আওয়ামী ঘরানার কয়েকজন ব্যবসায়ী। নিয়ম অনুযায়ী, অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনে এই বিশ্ববিদ্যালয়কেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, গবেষণাগারসহ পর্যাপ্ত স্থান ও অবকাঠামো থাকা, ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া ভবন, তিনটি অনুষদ ও কমপক্ষে ছয়টি বিভাগ থাকা এবং সংরক্ষিত তহবিল হিসেবে তফসিলি ব্যাংকে নির্ধারিত (মহানগর এলাকার বাইরের হিসেবে দেড় কোটি) টাকা জমা রাখা।অভিযোগ উঠেছে, রাজনৈতিক বিবেচনায় নিয়ম না মেনে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী ইউজিসি আরও কয়েকটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরেজমিন প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালেও সেগুলো গুরুত্ব পায়নি।শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সূত্রগুলো জানিয়েছে, সরকারের উচ্চ মহলের নির্দেশেই এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো। এ বিষয়ে ব্যবসায়ী মহলটি সরকারের ওপর প্রভাব খাটিয়েছে। কর্মকর্তারা বলছেন, পরিদর্শন প্রতিবেদন ছাড়া এভাবে তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়ায় একটি খারাপ নজির সৃষ্টি হলো।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অনেক শর্ত দিয়ে এই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো পূরণ হওয়ার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তিনি বলেন, ইউজিসি শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া যেতে পারে বলে সুপারিশ করার পরই অনুমোদন দেওয়া হয়েছে।তবে ইউজিসির একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশেই তাড়াহুড়ো করে এই সুপারিশ পাঠানো হয়। সেখানে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়ার কথা বলা হলেও পরবর্তী সময় সরেজমিন পরিদর্শন আবশ্যক বলে মন্তব্য করা হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৬৩টি।এর আগে এই সরকারের আমলে গত মার্চ মাসে আরও আটটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। তখনো রাজনৈতিক বিবেচনা কাজ করে। এই আট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটির মালিক আওয়ামী লীগের নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে হাফিজুর রহমান খানের নাম থাকলেও এর সঙ্গে রয়েছেন ছাত্রলীগের কয়েকজন সাবেক কেন্দ্রীয় নেতা। শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেটের গোলাপগঞ্জের নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী। চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির মূল উদ্যোক্তা ওই এলাকার সরকারদলীয় সাংসদ সোলায়মান হক জোয়ার্দার। কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে আছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য এবং শরীয়তপুরের জেড এইচ সিকদার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মালিক আওয়ামী-ঘরানার ব্যবসায়ী জয়নুল হক সিকদার। এ ছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির পেছনে আছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। নারায়ণগঞ্জের হামদর্দ বিশ্ববিদ্যালয়টি করেছে ইউনানি ঔষধালয় হামদর্দ।