সর্বশেষ আদমশুমারির ফলাফল নিয়ে আপত্তি তুলেছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় মনে করে, চাল উৎপাদন ও মাথাপিছু ভোগ হিসাব করলে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটির বেশি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী, দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৪ শতাংশ।বিবিএসের হিসাবে ২০১০-১১ সালে আমন, আউশ ও বোরো মৌসুম মিলিয়ে মোট চালের উৎপাদন হয়েছে তিন কোটি ৩৩ লাখ টন। আর কৃষি মন্ত্রণালয়ের হিসাবে মোট উৎপাদন তিন কোটি ৪০ লাখ টন।আদমশুমারি ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিয়ে গতকাল বেলা আড়াইটায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা ও আদমশুমারি-২০১১-এর প্রকল্প পরিচালক অসীম কুমার দের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে কৃষিমন্ত্রী বিবিএসের তথ্যে গরমিল আছে বলে মন্তব্য করেন।বিবিএসের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে এ সময় জানানো হয়, দেশের জনসংখ্যা আরও বাড়বে। কেননা, জরিপের ফলাফলের পদ্ধতি অনুযায়ী মোট জনসংখ্যা প্রাপ্ত ফলাফলের চেয়ে তিন থেকে সাত শতাংশ বেশি হতে পারে। তিন শতাংশ বেশি হলে এর সঙ্গে ৪২ লাখ ও সাত শতাংশ হলে প্রায় ৯০ লাখ বাড়বে। এর সঙ্গে প্রবাসে থাকা প্রায় ৭৫ লাখ বাংলাদেশি যোগ হবে। সব মিলিয়ে জনসংখ্যা ১৬ কোটির কাছাকাছি হতে পারে।মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘এই আদমশুমারি ঠিক হলে দেশ খাদ্যে উৎপাদনে উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের খাদ্য আমদানি করতে হচ্ছে।’ বিবিএসের গণনায় সমস্যা আছে উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা অবশ্যই ১৬ কোটির ওপরে হবে।‘আমি যে বাসায় থাকি, সেই এলাকায় আদমশুমারির গণনাকর্মী না যাওয়ায় তাঁদের ফোন করে ডেকে এনে নিজের নাম লেখাতে হয়েছে।’ এ তথ্য উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, এভাবে সারা দেশে অনেক মানুষই বাদ পড়তে পারে। জনসংখ্যা বাস্তবের চেয়ে কম দেখালে সরকারের খাদ্য উৎপাদন ও আমদানি পরিকল্পনা করতে সমস্যা হবে।মোট জনসংখ্যা ১৫ কোটি হলে কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে চালের মোট চাহিদা দুই কোটি ৭০ লাখ টন। ১৬ কোটি জনসংখ্যা ধরলে এই চাহিদা তিন কোটি পাঁচ লাখ টন হয়। প্রতিবছর দেশে ১০ থেকে ২৫ লাখ টন চাল আমদানি হয়ে থাকে। ১৪ কোটি ২৩ লাখ জনসংখ্যা হলে মোট চাহিদা হবে আড়াই কোটি টন।কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, গত বছর আমন মৌসুমে এক কোটি ৩২ লাখ টন, বোরোতে এক কোটি ৮৬ লাখ ৫০ হাজার ও আউশ মৌসুমে ২২ লাখ ১৮ হাজার টন চাল উৎপাদিত হয়েছে। অর্থাৎ মোট উৎপাদন তিন কোটি ৪০ লাখ টন। বিবিএসের হিসাবে আমন এক কোটি ২২ লাখ টন, বোরো এক কোটি ৮৬ ও আউশ হয়েছে ২১ লাখ ১৩ হাজার টন। সব মিলিয়ে মোট তিন কোটি ৩৩ লাখ টন চাল উৎপাদিত হয়েছে।চালের মোট উৎপাদন থেকে বীজ, মুরগি-হাঁসের খাবার ও নষ্ট হয় ৪৫ লাখ টন চাল। অর্থাৎ বিবিএসের হিসাবকে সঠিক ধরলে দেশে বছরে খাদ্য হিসেবে কমপক্ষে দুই কোটি ৯০ লাখ টন চাল থাকার কথা। কিন্তু গত বছর মোট নয় লাখ টন চাল আমদানি হয়েছে। এই হিসাব তুলে ধরে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে বিবিএসকে খাদ্য উৎপাদন ও জনসংখ্যার হিসাবে গরমিল ঠিক করতে বলা হয়েছে।বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তথ্য আরও দুই দফা যাচাই-বাছাই করা হবে। এতে জনসংখ্যা আরও বাড়তে পারে। মোট জনসংখ্যা ১৬ কোটির কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) আদমশুমারির তথ্য যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিআইডিএস যাচাই-বাছাই শেষে আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ তথ্য বিবিএসের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ২০০৮ সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বলেছিল, ২০০৮ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ১৩ লাখ। আবার ২০১০ সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৪৪ লাখ।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের বাসায় আদমশুমারির লোকজন আসেনি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও বলছেন যে তাঁদের নাম শুমারিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এ ধরনের অভিজ্ঞতা আদমশুমারির সংখ্যা সম্পর্কে মানুষের আস্থা কমিয়ে দেয়। সংশয় দূর করে প্রকৃত জনসংখ্যার হিসাব বের করতে আরও সুচারুভাবে যাচাই-বাছাই হওয়া দরকার।’