‘ভর্তুকির ১৮ ট্রাক্টর নেতা ও আত্মীয়দের নামে’ শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে সরকারের কৃষিবিষয়ক কার্যক্রমের ওপর তীক্ষ নজর রাখায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে গতকাল ৭ জুলাই প্রথম আলোতে প্রকাশিত এই প্রতিবেদনের মাধ্যমে যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।ব্যাখ্যায় বলা হয়েছে, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২৫ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম নেওয়া হয়। এর আওতায় কৃষি যন্ত্রপাতি (ট্রাক্টর, পাওয়ার টিলার) ক্রয়ে আগ্রহী কৃষকদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। এ ক্ষেত্রে আগ্রহী কৃষক কৃষিযন্ত্রের ৭৫ শতাংশ অর্থ দেবে, বাকি ২৫ শতাংশ সরকারি তহবিল থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে।ট্রাক্টর কেনার জন্য রংপুরের বদরগঞ্জ উপজেলার ৮৭ জন কৃষকের কাছ থেকে আবেদন পাওয়া যায়, যা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির কাছে উপস্থাপন করা হয়। কমিটি প্রকল্পের নীতিমালা অনুযায়ী আবেদনগুলোর মধ্যে চাষাবাদকৃত জমির পরিমাণ, আর্থিক সক্ষমতা ইত্যাদি বিবেচনা করে অগ্রাধিকার তালিকা তৈরি করে প্রকল্প ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠায়।ব্যাখ্যায় বলা হয়, প্রথম আলোর প্রতিবেদনে একজনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি শুনেছেন লটারির মাধ্যমে একটি ট্রাক্টর তিনি বরাদ্দ পেয়েছেন। ভর্তুকি দেওয়া ট্রাক্টরের সংখ্যার চেয়ে আবেদনকারীর সংখ্যা পাঁচ গুণ বেশি হলে লটারির মাধ্যমে উপকারভোগী কৃষককে মনোনীত করা হয়। এ ক্ষেত্রে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।প্রকল্পভুক্ত ২৫ জেলায় এক হাজার ট্রাক্টর সরবরাহের সুযোগ থাকলেও এ পর্যন্ত চার হাজার ৫৮১ জন কৃষক আবেদন করেছেন—এ কথা উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, এতে প্রকল্পভুক্ত এলাকার পাঁচ ভাগের এক ভাগ আবেদনকারী অর্থাৎ প্রথম ১৮ জন কৃষককে ট্রাক্টর সংগ্রহের জন্য ২৫ শতাংশ হারে অর্থ দেওয়া সম্ভব। এ অবস্থায় বদরগঞ্জে ট্রাক্টরের জন্য ৮৭ জন আবেদনকারীর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ তালিকার প্রথম ১৮ জনকে ক্রমানুসারে ট্রাক্টর সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।