কৃষি যন্ত্রপাতি কিনলে ২৫ শতাংশ ভর্তুকি পাবেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক্টরসহ কৃষি যন্ত্রপাতি কিনতে কৃষককে ২৫ শতাংশ হারে ভর্তুকি দেবে সরকার। অর্থাত্ ১০০ টাকার যন্ত্রপাতি কিনলে কৃষককে নিজের পকেট থেকে খরচ করতে হবে ৭৫ টাকা। বাকি ২৫ টাকা সরকার দেবে। তবে এই ভর্তুকি পেতে হলে কয়েকজন কৃষক মিলে একটি করে দল গঠন করতে হবে। অর্থাত্ এককভাবে এই সুযোগ কেউ পাবেন না। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দেওয়ার ১৪৯ কোটি টাকার এমন একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বরেন্দ্র অঞ্চলে এক হাজার ২৫০টি গভীর নলকূপ স্থাপনের জন্য ২৪৮ কোটি টাকার আরও একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, আটটি প্রকল্পে মোট ব্যয় হবে দুই হাজার ৬৫৪ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ২১৯ কোটি টাকা দেবে সরকার। বাকি এক হাজার ৪৩৫ কোটি টাকা আসবে বিদেশি সাহায্য হিসেবে। তিনি জানান, ১৪৯ কোটি টাকার মধ্যে ১২০ কোটি টাকা কৃষকদের দেওয়া হবে কৃষি যন্ত্রপাতি কিনতে। বাকি ২৯ কোটি টাকা প্রকল্পের অন্যান্য ব্যয় হিসেবে ধরা হয়েছে। প্রকল্পের সময়কাল এক বছর সাত মাস।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দিকে ২৫ জেলার ২৩৭টি উপজেলায় কৃষি যন্ত্রপাতি কেনার সুবিধা দেওয়া হবে। পরে সারা দেশই আসবে এ প্রকল্পের আওতায়। অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে—স্থানীয় সরকার বিভাগের এক হাজার ১৪০ কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (পর্যায়-২), সড়ক ও রেলপথ বিভাগের ৯৩৬ কোটি টাকা ব্যয়ে রেলওয়ের জন্য ৪৬টি লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প (২য় সংশোধিত), ৩৩ কোটি টাকা ব্যয়ে পাচ্চর-শিবচর-মাদারীপুর সড়ক প্রশস্ত ও উন্নয়ন প্রকল্প, ২৭ কোটি টাকা ব্যয়ে হাতিয়া-জাহাজমারা সড়ক ও তমরুদ্দিন সংযোগ সড়ক পুনর্বাসন প্রকল্প (সংশোধিত), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৬১ কোটি টাকা ব্যয়ে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের জন্য আনুষঙ্গিক কাজসহ বাসস্থান নির্মাণ প্রকল্প এবং তথ্য মন্ত্রণালয়ের ৬০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ বেতারের কবিরপুর কেন্দ্রে ২৫০ কিলোওয়াট ক্ষুদ্র তরঙ্গ প্রেরণ যন্ত্র উন্নয়ন ও শক্তিশালীকরণ প্রকল্প।