কৃষিঋণ বিতরণের লক্ষ্য ১৩ হাজার ৮০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি টাকা, যা বিগত বছরের চেয়ে এক হাজার ১৮৩ কোটি টাকা বা ৯ দশমিক ৪ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ বৃহস্পতিবার তফশিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে ২০১১-১২ অর্থবছরের নতুন এই কৃষিঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।বৈঠকে গভর্নর বলেন, ‘আমরা চাচ্ছি, একটি টেকসই কৃষিঋণব্যবস্থা গড়ে তুলতে। সে ক্ষেত্রে কৃষিঋণের গ্রাহক নির্বাচন, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং সর্বোপরি ঋণ আদায়ের ক্ষেত্রে নিবিড় তদারকি কার্যক্রম দরকার।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রায় শুনে থাকি, ব্যাংকগুলোতে জনবলের অভাবে কৃষিঋণ বিতরণ ও আদায়ে বিঘ্ন ঘটছে, ঋণের সদ্ব্যবহার যাচাইয়েও সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসনে শাখা পর্যায়ে পর্যাপ্ত লোকবল নিয়োগের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ গভর্নর বলেন, এ ক্ষেত্রে নিয়মিতভাবে লোকবল নিয়োগ দেওয়া সম্ভব না হলে ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে সাময়িক নিয়োগ দেওয়া যেতে পারে।উল্লেখ্য, বিগত ২০১০-১১ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৬১৭ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি ছিল। এই লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ বিতরণ হয় ৯৭ শতাংশ। আর আদায় হয়েছে ৬৭ শতাংশ। আগের অর্থবছরে আদায়ের হার ছিল ৬১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ বিতরণ ও আদায়কাজে সন্তোষ প্রকাশ করেছে। গভর্নর এ জন্য ব্যাংকার্স বৈঠকে শীর্ষ নির্বাহীদের ধন্যবাদ জানান।কৃষিঋণের মধ্যে গত বছরের মতো এবারও আমদানির বিকল্প কয়েকটি ফসল চাষে ২ শতাংশ রেয়াতি সুদে ৯৬ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ছয় ব্যাংক গত বছর এখাতে প্রায় ৭১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। অর্থাত্ বিতরণের হার ছিল ৭৪ শতাংশ।ব্যাংকার্স বৈঠকে গভর্নর জানান, সরকারের ৬ শতাংশ হার সুদের ক্ষতিপূরণ সুবিধার আওতায় চলতি অর্থবছর থেকে ডাল, তেলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টার চাষের জন্য বিদ্যমান রেয়াতি সুদের হার ২ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি খাতের ব্যাংকগুলোও সরকারের এ সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ঋণ নিয়ে আমদানিনির্ভর ফসলের ক্ষেত্রে ঋণ বিতরণ করতে পারবে।