কৃষিকে বিমার আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষি খাতকে বিমাশিল্পের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর একটি হোটেলে কৃষি ও ক্ষুদ্র বিমা বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও ফেডারেশন অব আফ্রো-এশিয়ান ইনস্যুরার্স ও রিইনস্যুরার্সের (ফেয়ার) সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে শেখ হাসিনা বলেন, ‘আফ্রো-এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান ব্যাপক। বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটেছে। তবে এখনো দেশের কৃষকগণ কৃষি উত্পাদনের জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে থাকে। বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির ফলে দক্ষিণ এশিয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে রয়েছে।’ এ সমস্যা সমাধানে উন্নত বিশ্বের মতো কৃষিকে বিমাশিল্পের অধীনে আনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এতে দেশের খাদ্যনিরাপত্তা আরও সুনিশ্চিত হবে। একই সঙ্গে কৃষি বিমা চালু করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর হবে।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমাশিল্পের প্রতি সব সময় নজর দিয়ে এসেছে। বর্তমান সরকার পুরোনো বিমা আইন ১৯৩৮-কে রহিত করে ‘বিমা আইন-২০১০’ মহান সংসদে পাস করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করেছে।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে আরও উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ, ফেয়ারের সাধারণ সম্পাদক হামমাম বদর, পাকিস্তান ইনস্যুরেন্স কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আসিব আরিফ প্রমুখ।এতে স্বাগত বক্তব্য দেন বিআইয়ের সভাপতি শেখ কবির হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইয়ের সহসভাপতি আহসানুল ইসলাম। সেমিনারে ১৮টি দেশের ৪০ জন বিমা বিশেষজ্ঞসহ দুই শতাধিক দেশি বিমা পেশাজীবী অংশ নিয়েছেন। বিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।