ছোনকা গ্রামটির চেহারা পাল্টে যাচ্ছে। বছর পাঁচেক ধরে বগুড়ার শেরপুর উপজেলার এই গ্রামের ফসলের জমিতে একের পর এক গড়ে উঠছে নানা শিল্পকারখানা। এর মধ্যে আছে সিমেন্ট ও তেলের কারখানা, চালকল, মুরগির খামার, মাছের খামার, ইটের ভাটা ইত্যাদি। গ্রামের জমির মধ্যে ইটের দেয়াল তুলে বড় বড় প্লট ঘিরে রাখার দৃশ্যও চোখে পড়ে।‘এসব জায়গা কেউ না কেউ কিনে রেখেছে। নতুন কোনো কারখানা হবে।’ জানালেন গ্রামের মো. আলাউদ্দিন। শেরপুরের ভবানীপুর ইউনিয়নের মধ্যে পড়েছে ছোনকা। ইউনিয়নের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, এই গ্রাম এবং আশপাশের বেশির ভাগ কৃষিজমি হয় বিক্রি হয়েছে, নয়তো বিক্রির প্রক্রিয়ায় আছে। জমি কেনাবেচা এলাকার অনেকের পেশায় পরিণত হয়েছে।একটি তেলের মিলের জন্য এক বিঘা দুই শতক জমি বিক্রি করেছিলেন আয়নাল হক। বললেন, ‘শুনছিলাম কারখানা হবে ১০ বিঘায়। পরে সেইটা হইছে ৫০ বিঘায়। কোথাও কারখানা হইলে আশপাশে যাগো জমি আছে, তাগো বিক্রি না কইরা উপায় থাকে না। এলাকায় অনেকেই জমি বিক্রি করতে বাধ্য হইতেছে।’শেরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, ‘গত পাঁচ বছরে ছোনকা এবং এর আশপাশের ৬০০ বিঘা কৃষিজমি অকৃষি নানা খাতে চলে গেছে। এলাকার দু-তিন ফসলি জমি যেভাবে অন্য খাতে চলে যাচ্ছে, সেটা কৃষির জন্য ভালো নয়। আমরা বিষয়টি নিয়ে চিন্তিত।’ছোনকা কেবল একটি উদাহরণ মাত্র। এই গ্রামের মতো বাংলাদেশের বিভিন্ন এলাকার কৃষিজমি এভাবেই কৃষিকাজের আওতার বাইরে চলে যাচ্ছে। পরিকল্পনা কমিশনের হিসাবে, প্রতিবছর দেশে কৃষিজমি কমছে ৮২ হাজার হেক্টর, যা মোট জমির ১ শতাংশ। কৃষিশুমারি ১৯৮৪ ও ২০০৮-এর মধ্যে তুলনা থেকে দেখা যায়, চাষকৃত এলাকার পরিমাণ কমেছে সাত লাখ ৩৩ হাজার একর, অর্থাৎ ২৪ বছরে ৮ দশমিক ৮ শতাংশ। এর অর্থ প্রতি বছরে সাড়ে ৩০ হাজার একর। গড়ে প্রতিবছর দশমিক ৩৭ শতাংশ।কৃষিজমি যে হারে কমছে, তাকে উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। ‘প্রতিবছর দেশের জনসংখ্যায় যোগ হওয়া নতুন মুখের জন্য সাড়ে তিন লাখ টন বাড়তি চালের দরকার হয়। এই হিসাবটি ফসলি জমির ক্রমান্বয়ে কমে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাকে ভীতিকর করে তোলে। দেশের খাদ্য নিরাপত্তার জন্য এই প্রবণতা সুখকর নয়।’ বলেন মাহবুব।সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও কৃষিজমি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, ‘কৃষিজমির সংকট এখন প্রকট। বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে কথা বলা হয়, সেটা আসলে ভঙ্গুর। কৃষিজমি যেভাবে নষ্ট হচ্ছে, তাতে কোনো বড় ধরনের চাপ এলে আমরা অসুবিধার মধ্যে পড়ব।’কৃষিজমির সঙ্গে সঙ্গে কমছে কৃষি পরিবারের সংখ্যাও। কৃষিশুমারি ২০০৮ অনুসারে, ১৯৮৩-৮৪ সালে গ্রামাঞ্চলে কৃষি পরিবারের সংখ্যা ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এই সংখ্যা ১৯৯৬ ও ২০০৮ সালে কমে যায় যথাক্রমে ৬৬ দশমিক ১৮ ও ৫৬ দশমিক ৭৪ শতাংশে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘আরবান লেবার মার্কেটস ২০১০’ শীর্ষক গবেষণায় জানা যায়, ১৯৯৫-৯৬ সাল থেকে ২০০৫-০৬ সালে অকৃষি পেশার সংখ্যা প্রায় আট লাখ থেকে বেড়ে প্রায় ১২ লাখ হয়েছে। অর্থাৎ বছরে বেড়েছে ৪ দশমিক ৯৫ শতাংশ হারে।কৃষিজমি কমছে যেসব কারণে: কৃষিজমি কমে যাওয়ার কারণ হিসেবে জনসংখ্যা বৃদ্ধিকে মূল বলে মনে করেন গবেষকেরা। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে ঘরবাড়ি তৈরির জন্য ব্যবহূত হচ্ছে ভূমি। ২০০১ সালের আদমশুমারি অনুসারে বসতবাড়ির সংখ্যা ছিল দুই কোটি সাড়ে ৪৮ লাখ। ২০০৮ সালের কৃষিশুমারিতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই কোটি ৮৬ লাখ ৭০ হাজার। সাত বছরে বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। ২০১১ সালের আদমশুমারি অনুসারে বসতবাড়ির সংখ্যা তিন কোটি ২১ লাখ ৭৩ হাজার ৬৩০। বসতবাড়ি এলাকার পরিমাণ ১৯৮৪-১৯৯৬ ও ১৯৯৬-২০০৮ সময়ে তিন লাখ ৫২ হাজার একর থেকে বেড়ে ছয় লাখ ৭৭ হাজার একরে দাঁড়িয়েছে।বাড়তি মানুষ তৈরি করছে নতুন নতুন শহর। ইউনেস্কো প্রকাশিত ‘বাংলাদেশের নগরকেন্দ্র: প্রবণতা, ধরন ও বৈশিষ্ট্য’ নামের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭৪ সালে শহুরে এলাকার সংখ্যা ছিল ১০৮। এই সংখ্যা ১৯৯১ সালে বেড়ে যায় ৫২২-এ। বিশ্বব্যাংকের ‘বিশ্ব উন্নয়ন সূচক ২০০৯’ থেকে জানা যায়, ১৯৯০ সালে দেশের ২০ শতাংশ মানুষ শহরে বাস করত। ২০০৭ সালে তা বেড়ে হয় ২৭ শতাংশ। বৃদ্ধির এই হারে (৩ দশমিক ৭ শতাংশ) দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।নতুন শহর হচ্ছে। বাড়ছে রাস্তাঘাট। রাস্তাঘাটের বড় অংশই হচ্ছে কৃষিজমিতে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২ অনুযায়ী, ২০০১ সালে দেশে জাতীয় মহাসড়কের পরিমাণ ছিল ৩০৮৬ কিলোমিটার। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এসে দাঁড়িয়েছে ৩৫৩৮ কিলোমিটার। আঞ্চলিক মহাসড়কের পরিমাণ ২০০১ সালের ১৭৫১ কিলোমিটার থেকে বেড়ে ২০১২ সালে হয়েছে ৪২৭৬ কিলোমিটার।নদীভাঙনের কারণে দেশের ভূমির কিছু অংশ হারিয়ে যাচ্ছে প্রতিবছর। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) হিসাব অনুসারে, ২০১০ সালে ১৬৫৫ হেক্টর জমি ভাঙনের শিকার হয়। ২০০৯ ও ২০০৭ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২১৭৮ ও ২৭৬৬ হেক্টর। নতুন নতুন ঘরবাড়ি, রাস্তাঘাট তৈরির জন্য দরকার পড়ছে ইট। এসব ইটের ভাটার বেশির ভাগ তৈরি হচ্ছে কৃষিজমিতে। পরিবেশ অধিদপ্তরের কাছে কেবল রাজশাহী বিভাগে ইটভাটা কোন ধরনের জমিতে স্থাপিত হয়েছে, তার উল্লেখ আছে। রাজশাহীতে মোট এক হাজার ১৬৫টি ইটভাটার মধ্যে ৭৩৩টি স্থাপন করা হয়েছে কৃষিজমিতে।আইনি সুরক্ষা নেই: দেশে কৃষিজমি যে কেউ যেকোনো কাজে ব্যবহার করতে পারে। এটা রোধ করার কোনো আইনি ব্যবস্থা নেই। এ জন্য আইনের বড় পরিবর্তন করে উর্বর ও কৃষি উপযোগী জমি ব্যবহারকে নিরুৎসাহিত করার জন্য শাস্তির ব্যবস্থা করার কথাও বলা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান কৃষিজমিতে কোনো স্থাপনা করলে বেশি কর আরোপ করার প্রস্তাব দেন।কৃষিজমির সুরক্ষায় খাদ্যাভ্যাস পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হচ্ছে। জাপানে গত শতকের পঞ্চাশের দশকে মাথাপিছু ১৫০ কেজি চালের প্রয়োজন হতো। এখন তা ৬০ কেজিতে এসে ঠেকেছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা সম্ভব হয়েছে।