কৃষিজমি রক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমি রক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কৃষিজমি নষ্ট করে অপরিকল্পিতভাবে অকৃষি স্থাপনা নির্মাণ করলে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১১ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে ভূমি ব্যবহার বাস্তবায়ন কমিটির এক সভায় অবিলম্বে এই আইন প্রণয়নে সরকারের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলাপ-আলোচনা হয়।ভূমিমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিদিন গড়ে প্রায় ২২০ হেক্টর কৃষিজমি অকৃষি কাজে ব্যবহূত হচ্ছে, যা আমাদের বর্ধিত জনসংখ্যার জন্য ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে হুমকির সৃষ্টি করবে। তাই সরকারকে খাদ্য উত্পাদন ধরে রাখতে অবিলম্বে আইন প্রণয়ন করে কৃষিজমির অপরিকল্পিত ব্যবহার রোধ করতে হবে। বৈঠকে উপকূলীয় ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার আবদুল হালিম মিয়া ২০০১ সালে প্রণীত জাতীয় ভূমি ব্যবহার নীতি এবং কৃষিজমি সুরক্ষা-সংক্রান্ত আইনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে জানানো হয়, বর্তমানে ১৪ দশমিক ৪ মিলিয়ন হেক্টরের বাংলাদেশে প্রায় ১৫০ মিলিয়ন মানুষের বাস। প্রতিজনে ভূমির পরিমাণ গড়ে ২৭ শতক এবং চাষযোগ্য জমির পরিমাণ মাত্র ১৭ শতক। জনসংখ্যা বৃদ্ধির এ হার অব্যাহত থাকলে ২০৫০ সালনাগাদ বাংলাদেশের মানুষ বেড়ে দাঁড়াবে প্রায় ৩০০ মিলিয়ন এবং জনপ্রতি চাষযোগ্য জমির পরিমাণ মাত্র ৮ শতকে নেমে আসবে।বৈঠকে ভূমির সাশ্রয় বা অপচয় রোধ করতে সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিল্প-কারখানা ইত্যাদি নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানকে একই এলাকায় স্থান সংকুলানের জন্য কমপ্যাক্ট টাউনশিপ মডেলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বৈঠকে অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এম এম শওকত আলী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এম এ মান্নান, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মোখলেসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস