কৃষিজমিতে অকৃষি স্থাপনা বন্ধে আইন হচ্ছে
কৃষিজমিতে আবাসন, শিল্প কারখানা, ইটভাটা বা অন্য কোনো রকম অকৃষি স্থাপনা নির্মাণ করা যাবে না। জমি একফসলি বা একাধিক ফসলি যে ধরনেরই হোক না কেন, তা কৃষিজমি হিসেবেই ব্যবহার করতে হবে। খাস কৃষিজমি ও কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সব খাস কৃষিজমির বরাদ্দ পাবেন ভূমিহীন ব্যক্তিরা এবং তাঁরাই এসব জমি ভোগদখলে রাখার অধিকারী হবেন।কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহারের বিষয়ে এসব বিধান রেখে ভূমি মন্ত্রণালয় একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে। এটি অনুমোদনের জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ভূমি ব্যবহারসংক্রান্ত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আইনের ওই খসড়ায় আরও বলা হয়েছে, উত্তরাধিকারসূত্রে বা সরকারের কাছ থেকে বন্দোবস্ত সূত্রে পাওয়া জমি ভোগদখলে রাখার অধিকার কৃষক বা কৃষিজীবীর থাকবে।ওই আইনের বিষয়ে জানতে চাইলে ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, কৃষিজমি যাতে কোনোভাবেই অন্য খাতে ব্যবহার না হয়, সে জন্য এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রামাঞ্চলেও যাতে কৃষিজমিতে বিচ্ছিন্নভাবে বাড়িঘর তোলা না হয়, সে বিষয়ে আইনে নির্দেশনা থাকবে।ভূমিসচিব বলেন, দেশে প্রতিবছর লোকসংখ্যা বাড়লেও কৃষিজমি এক শতাংশ হারে কমে যাচ্ছে। খাদ্য নিরাপত্তায় এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। এসব বিবেচনা করেই কৃষিজমিতে সব ধরনের অকৃষি স্থাপনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।কৃষিজমি সুরক্ষা: দেশের যেকোনো স্থানের কৃষিজমি এই আইনের মাধ্যমে সুরক্ষা করা হবে এবং কোনোভাবেই তা ব্যবহারে পরিবর্তন আনা যাবে না। যেকোনো শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস ভবন, বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ভূমির উর্ধ্বমুখী ব্যবহারকে গুরুত্ব দেওয়া হবে এবং এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। কোনো অবস্থাতেই উর্বর দুই বা তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না। অন্যান্য জমির সুরক্ষা: ইতিমধ্যে যেসব জমি বনভূমি, টিলা-পাহাড় শ্রেণীর জমি, জলাভূমি, চা-বাগান, ফলের বাগান, রাবার বাগান ও বিশেষ ধরনের বাগান হিসেবে পরিচিতি পেয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেগুলোতে ভূ-প্রকৃতিগত কোনো পরিবর্তন আনা যাবে না বা ভরাট করে কিংবা বিনষ্ট করে আবাসিক এলাকা সৃষ্টি বা শিল্পায়ন ইত্যাদি করা যাবে না। এ ছাড়া, ভূমির অপচয় রোধে জমির অধিগ্রহণ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে ও অধিগ্রহণ করা জমির অপব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। অন্যদিকে শিকস্তি-পয়স্তি জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ৮৬ ও ৮৭ ধারার বিধান দ্বারা পরিচালিত হবে। তবে ওই জমির জন্য ভূমি জোনিংয়ের নির্দেশনা বলবৎ থাকবে।সায়রাতমহাল সুরক্ষা: দেশের নদী, খাল, হাওর, বাঁওড় ও বিলসহ যেকোনো ধরনের সায়রাতমহালের/ জলাভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। এগুলো শুধু মৎস্য এলাকা হিসেবে সংরক্ষিত থাকবে। এসব ক্ষেত্রে সরকারের অনুমোদিত ভূমি জোনিং মানচিত্র অনুসরণ করতে হবে। এ ছাড়া, হাটবাজার, বালুমহাল, পাথরমহাল, বাগানমহাল ইত্যাদিসহ অন্যান্য সায়রাতমহালেরও কোনো শ্রেণী পরিবর্তন করা যাবে না। সায়রাতমহাল ছাড়া বনভূমি, টিলা, পাহাড়, সর্বজনের ব্যবহূত ভূমি যেমন খেলার মাঠ, সড়ক ও জনপথ, রেললাইন ও তার পার্শ্ববর্তী জমি ইত্যাদির শ্রেণী পরিবর্তন করা যাবে না।ভূমি জোনিং: ভূমির বিদ্যমান বহুমাত্রিক ব্যবহার, প্রকৃতিগত বৈশিষ্ট্য ও এর অন্তর্নিহিত ক্ষমতা এবং গুণাগুণ অনুযায়ী কৃষি, মৎস্য, পশুসম্পদ, বন, চিংড়ি চাষ, শিল্পাঞ্চল, পর্যটন এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য এলাকা ইত্যাদি ক্ষেত্রে পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সারা দেশে সরকার ভূমি জোনিংয়ের ব্যবস্থা করবে। ভূমি জোনিংয়ের মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।দেশের সব জমির নিম্নোক্ত ভূমি জোনিং করা হবে—কৃষি, আবাসন, নদী, সেচ ও নিষ্কাশন নালা, পুকুর, জলমহাল ও মৎস্য এলাকা, বনাঞ্চল, সড়ক ও জনপথ এবং রেলপথ, হাট-বাজার, বাণিজ্য ও শিল্প এলাকা, চা, রাবার ও হর্টিকালচার এলাকা, উপকূলীয় অঞ্চল, পর্যটন এলাকা, চরাঞ্চল ও পরিবেশগতভাবে বিপন্ন এলাকা এবং অন্যান্য এলাকা।ভূমি জোনিং মানচিত্র: দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের ভূমির ব্যবহার ও গুণাগুণভিত্তিক এলাকা চিহ্নিত করে ভূমি জোনিং মানচিত্র প্রস্তুত করা হবে। মানচিত্র তৈরিতে মাঠপর্যায়ে ভূমির বর্তমান ব্যবহার ও বৈশিষ্ট্য-সম্পর্কিত প্রাথমিক ও তার পরবর্তী তথ্য-উপাত্ত সংগ্রহ, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ ইত্যাদি কাজে যথাযথ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি সংস্থার মতামতের ভিত্তিতে এসব কাজ সম্পন্ন করা হবে। ভূমি জোনিং মানচিত্র অনুমোদন করবে ভূমি মন্ত্রণালয়। অপরাধ, বিচার ও দণ্ড: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের বিধান অমান্য বা লঙ্ঘন করলে তিনি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তি বা তাঁকে সহায়তা প্রদানকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে এবং সহকারী কমিশনার (ভূমি) বা তৎসংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা কিংবা বন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মামলা দায়ের করতে পারবেন। আইনের অধীনে অপরাধের বিচার হবে বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। তবে জরুরি প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ বিষয়ে জনসাধারণের কোনো অভিযোগ থাকলে তা সরাসরি অভিযোগ বা মামলা হিসেবে দায়ের করতে পারবেন। অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, ভূমির ব্যবহারভিত্তিক শ্রেণী পরিবর্তন করে বা ভূমি জোনিং মানচিত্র লঙ্ঘন করা যাবে না। সিদ্ধান্ত অমান্য বা অগ্রাহ্য করে অবকাঠামো স্থাপন করলে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তাঁদের গৃহীত কার্যক্রমের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না।