কৃষিজমিতে ইটভাটা, পাশের জমিতে ইট-বালুর অবরোধ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়ার আগেই কৃষিজমিতে চলছে ইটভাটা তৈরির কাজ। এই ভাটার আশপাশের জমির মালিক কৃষকদের অভিযোগ, ভাটার জন্য তাঁদের জমি নিতে কৌশল হিসেবে জমির পাশে কাঁচা ইট, বালু, কাঠ ইত্যাদি রাখা হয়েছে।সরেজমিনে গত রোববার পাঁচকাহুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষিজমিতে মেসার্স ভাই ভাই ব্রিকস নামে একটি ইটভাটা তৈরির কাজ চলছে। যশোরের জহুরপুর গ্রামের আলমগীর হোসেন এই ভাটার মালিক। ভাটার পাশে সবজি ও ধানের জমি। এসব জমির আশপাশে ভাটার জমিতে নির্মাণসামগ্রী জড়ো করে রেখেছে ভাটার লোকজন। বিশেষ করে, কপিখেতের চারপাশে ইট, বালু ও কাঠ রাখা ছিল।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা অভিযোগ করেন, ইটভাটার মালিক নানা কৌশলে কয়েকজন কৃষকের কাছ থেকে প্রায় ১০ বিঘা জমি নিয়ে ভাটা তৈরির কাজ করছেন। কিন্তু যেসব জমি নিতে পারেননি, সেগুলোর আশপাশে কাঁচা ইট, বালু ও কাঠ ফেলে প্রায় অবরোধ করে রাখা হয়েছে। এতে জমির ফসলের ক্ষতি হচ্ছে।ওই গ্রামের কৃষক আবদুর রাজ্জাক জানান, এসব জমিতে ইটভাটা করার প্রস্তাব উঠলে তাঁরা অনেকে প্রতিবাদ করেন। কারণ, এসব জমি বেশ উর্বর, সব ধরনের ফসল ফলানো যায়; ফলনও হয় ভালো। তিনি অভিযোগ করেন, ভাটা তৈরির জন্য তখন যাঁরা জমি দেননি, এখন সেই জমি নেওয়ার জন্য নানা কৌশল ব্যবহার করা হচ্ছে।ইটভাটা করতে জমি দিয়েছেন, এমন একজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাটার মালিক তাঁকে বছরে বিঘাপ্রতি ১৬ হাজার টাকা দেবেন। তাই জমি দিয়েছেন। তিনি বলেন, চাষাবাদ করলে লাভ-ক্ষতি হয়। কিন্তু এখন বছর গেলেই টাকা পাবেন। তাই জমি দিয়েছেন।কৃষক আনাম মৃধা জানান, ভাটার কাছে তাঁর ৩৫ শতক জমি আছে। এই জমিতে সবজি চাষ করে বছরে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করেন। জমিটি ভাটার জন্য দিলে তাঁকে সংকটে পড়তে হবে। তিনি অভিযোগ করেন, ভাটার মালিক যেভাবে জমি ঘিরে ফেলেছেন, তাতে ভবিষ্যতে ফসল হবে বলে মনে হয় না। তাই ইচ্ছা থাকলেও জমিটি সম্ভবত রক্ষা করতে পারবেন না।যোগাযোগ করা হলে অভিযোগ সম্পর্কে ওই ভাটার মালিক আলমগীর হোসেন বলেন, জোর করে নয়, তিনি টাকা দিয়ে জমি নিয়ে ভাটা করছেন। ভাটার আশপাশের জমিগুলো সম্পর্কে তিনি বলেন, মালিকদের কাছে এসব জমি চাইবেন, না দিলে কিছু করার নেই।জমির পাশে ইট, বালু, কাঠ রাখা প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, তিনি অন্যের জমিতে নয়, ভাটার জন্য নেওয়া জমিতেই এসব রেখেছেন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো প্রক্রিয়াধীন। আশা করছি, দ্রুত পেয়ে যাব।’জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, ফসলি জমিতে ইটভাটা করা অপরাধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা বলেন, ‘ফসলি জমিতে ইটভাটা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’