বিদায়ী ২০০৯ সাল কৃষিতে বাম্পার ফলন হলেও কৃষকেরা ন্যায্যমূল্য পায়নি। তবে সরকারের পক্ষ থেকে বেশ সুযোগ-সুবিধা পায় কৃষক। বাম্পার ফলনের সুবিধা বেশি পেয়েছে মধ্যস্বত্বভোগীরা। আবার বছরের শেষ দিকে চালের দাম বাড়তে থাকায় ভোক্তারাও শেষ পর্যন্ত সুবিধা পেল না বাম্পার ফলনের।২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, সবার জন্য খাদ্য নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ এবং ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে পুনরায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্য করা ও কৃষিঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজকরণ করা হবে। সেচ সুবিধা সম্প্রসারণ ও সুলভ করা হবে, ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। বছরের শুরুতেই নন-ইউরিয়া সারের দাম কমিয়ে অর্ধেক করার মাধ্যমে অঙ্গীকার পূরণের পথে যাত্রা শুরু করেছিল নতুন সরকার। তবে এর সুবিধা পাওয়ার আগেই এপ্রিলে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আইলা। এরপর জুন-জুলাইয়ে উত্তরে খরা। তার পরও ফসল উত্পাদনে কমতি হয়নি। গত বছর দেশের চালের চাহিদার পুরোটাই উত্পাদন করেছে কৃষক। বোরো ও আমন দুটিতেই বাম্পার ফলন হওয়ায় সরকারি হিসাবে চালের উত্পাদন তিন কোটি ২০ লাখ টন ছাড়িয়ে গেছে।২০০৯ সালে সার বিপণনব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। সার ডিলার ব্যবস্থা তুলে দিয়ে বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। দলীয় কর্মীদের বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠলেও সার বিতরণ নিয়ে কোনো সংকট সৃষ্টি হয়নি। বর্গাচাষিদের জন্য প্রথমবারের মতো কৃষিঋণ সুবিধাও নিশ্চিত করা হয়েছে।তবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেনি এমন সমালোচনা সহ্য করতে হয়েছে সরকারকে। গত বোরোর পর কৃষক লোকসান দিয়ে ধান বিক্রি করেছে। খাদ্য মন্ত্রণালয় থেকে প্রতি কেজি ধানে ১৪ ও চালে ২২ টাকা সংগ্রহমূল্য নির্ধারণ করলেও কৃষক ওই দরে ধান-চাল বিক্রি করতে পারেনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক নিজেও এই ব্যর্থতা মেনে নিয়েছেন।সামাজিক নিরাপত্তায় এ বছর রেকর্ড পরিমাণে ২৬ লাখ টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারি গুদামেও বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি প্রায় সাড়ে ১২ লাখ টন চাল মজুদ দিয়ে ২০১০ শুরু হয়েছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফওএ) ২০০৯ সালের জরিপে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ১১ ধাপ এগিয়েছে। উচ্চ খাদ্যঝুঁকি থেকে মাঝারি ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে দেশ।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মাহবুব হোসেনের মতে, কৃষির সাফল্যের কারণে ২০০৯ সালটা ভোক্তাদের জন্য অনেক ভালো সময় গেছে। সারের দাম কমানো ও খরার সময় বিনামূল্যে সেচ দেওয়ার কারণে দুর্যোগের মধ্যেও কৃষক ভালো উত্পাদন করেছে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০০৭ সালের মতো বাড়তির দিকে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১০ সালে সরকারের উচিত হবে কৃষি খাতে বর্তমান সহযোগিতা বজায় রেখে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ২০১০ সালের কৃষির জন্য চ্যালেঞ্জ হিসেবে ফসলের উত্পাদন খরচ কমানোর কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, কৃষকের দোরগোড়ায় উপকরণ-সহায়তা ও ভর্তুকি পৌঁছে দিতে কার্ড তৈরি করা হয়েছে। চলতি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিজেলে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ২০০৯ সালের মতোই যেকোনো দুর্যোগের সময় কৃষককে সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকারের রয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক জানান, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের খাদ্যসংগ্রহ ক্ষমতা বাড়ানো হবে ২০১০ সালের অন্যতম লক্ষ্য। চলতি ও আগামী বছরের মধ্যে সাড়ে সাত লাখ টন ধারণক্ষমতার খাদ্যগুদাম নির্মাণ করা হবে। ধান-চাল সংগ্রহের আগাম দাম নির্ধারণের কথাও সরকার চিন্তা করছে। সারের দাম কমেছে দুই দফা: ২০০৮ সালের পুরো সময়জুড়ে প্রতি কেজি টিএসপি ৮০ থেকে ৮৫ টাকা, ডিএপি ৮৫ থেকে ৯০ এবং এমওপি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভর্তুকি বাড়িয়ে দিয়ে নন-ইউরিয়া সারের দাম পুনর্নির্ধারণ করে। জানুয়ারি মাসে সরকার প্রতি কেজি ইউরিয়া ১২ টাকা, টিএসপি ৪৪, এমওপি ৩৫ ও ডিএপি ৪৫ টাকায় নির্ধারণ করে। প্রতি লিটার ডিজেলে দুই টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে সব ধরনের নন-ইউরিয়া সারের দাম কমার পরই ২ নভেম্বর সরকার আবার আরেক দফা দাম কমায়। টিএসপি ২০, এমওপি ২৩ ও ডিএপি ২৮ টাকায় পুনর্নির্ধারণ করে। সার ও ডিজেলের দাম হ্রাস এবং সেচে ভর্তুকি দেওয়ার ফলে প্রতি কেজি ধানের উত্পাদন খরচ কমপক্ষে দুই টাকা কমেছে বলে অর্থনীতিবিদেরা মনে করছেন। খরা জয় করে আমনে বাম্পার: কৃষি উত্পাদনের ক্ষেত্রে বছরের পুরো সময়টাই ছিল সাফল্যের। বোরোতে বাম্পার দিয়ে বছরটা শুরু। মাঝখানে খরার কারণে আউশে ১০ লাখ টন ফলন কম হলেও আমনে এসে তা পুষিয়ে গেছে। আমন থেকে সরকারি হিসাবে এক কোটি ২৭ লাখ টন চাল উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় ফলনের যে সর্বশেষ হিসাব তৈরি করেছে, তাতে দেখা যায় সব আশঙ্কা ভুল প্রমাণ করে এক কোটি ৩১ লাখ টন চাল উত্পাদন হয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমনে বাম্পার ফলন হওয়ার কথা জানিয়ে বলেন, অনাবৃষ্টির সময়টাতে কৃষককে বিনামূল্যে সেচ দেওয়ায় উত্পাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ২০১০ সালেও কৃষকের জন্য ডিজেলে ভর্তুকি, প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। ফসলের উত্পাদন খরচ কমিয়ে আনা হবে এ বছরের অন্যতম কাজ।৯৬ সালের পর ২০০৯ সালেই সবচেয়ে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছিল। বছরের জুন-জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৭ শতাংশ বৃষ্টিপাত কম হলে কৃষি মন্ত্রণালয় উত্তরবঙ্গের খরাপীড়িত ১৬ জেলায় বিশেষ সেচের ব্যবস্থা করে। এই জেলাগুলোতে বরেন্দ্র সেচ প্রকল্পের আওতাধীন ১২ হাজার গভীর নলকূপ থেকে বিনামূল্যে সেচ দেওয়া হয়। প্রতিটি নলকূপ থেকে ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বাবদ সরকারের অতিরিক্ত নয় কোটি টাকা ভর্তুকি দিতে হয়। সার্বিকভাবে ২০০৯ ছিল কৃষির বাম্পার ফলনের বছর। তবে শেষ সময়ে চালের দাম বাড়ার কারণে ভোক্তারা অখুশি থাকলেও কৃষকেরা যাতে ভবিষ্যতে লাভবান হতে পারে, সেটিই থাকবে সরকারের জন্য নতুন বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।