কৃষিতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের স্বার্থে আমাদের কৃষিক্ষেত্রে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে।’ তিনি বলেন, মরুকরণ ও আর্সেনিকের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করতে এবং কৃষি উত্পাদন বৃদ্ধি করতে ভূগর্ভের পানির ওপর থেকে চাপ কমাতে হবে।আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।কৃষিক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে গবেষণার বিষয় নির্ধারণের জন্য বিএআরসি দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েজ কবির।মতিয়া চৌধুরী বলেন, অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনের ভয়াবহতা সম্পর্কে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করা বিজ্ঞানী ও গবেষকদের দায়িত্ব ছিল কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, যেসব বিজ্ঞানীর সত্য প্রকাশ করার সাহস নেই, তাঁদের গবেষণা করার কোনো অধিকার নেই।মন্ত্রী বলেন, বিজ্ঞানীদের দেওয়া ভুল তথ্যসংবলিত গবেষণা প্রতিবেদনের ফলে বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে। মন্ত্রী শেরাটন হোটেলে অনুষ্ঠিত সাম্প্রতিককালের জলবায়ু সম্মেলনের সমালোচনা করেন। তিনি বলেন বিরি-২৮, বিরি-২৯ ধান ডায়াবেটিসের জন্য কোনোভাবেই দায়ী নয়। এভাবে মিথ্যা তথ্য দেওয়া এক ধরনের অপরাধ বলে মন্তব্য করেন তিনি।