দেশের কৃষি খাত ও খাদ্যনিরাপত্তার জন্য গত দুই বছর ছিল অগ্নিপরীক্ষার বছর। প্রাকৃতিক দুর্যোগের কারণে অভ্যন্তরীণ বাজারে চালের ঘাটতি ছিল। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি যোগ হয়েছিল। ২০০৯ ও ২০১০ সালের বেশির ভাগ সময় চালসহ খাদ্যপণ্যের দাম ওঠানামা করে শেষ পর্যন্ত বেড়েছে। তবে কৃষিপণ্যের দাম বাড়লেও লাভের মুখ দেখেছেন কৃষক। এক কোটি ৪০ লাখ কৃষকের জন্য ভর্তুকি সহায়ক কার্ড দেওয়া ও ৯২ লাখ ব্যাংক হিসাব খোলার মতো সাহসী উদ্যোগ দেখা গেছে। তবে গত দুই বছরে মোট কৃষি উৎপাদন সম্পর্কে সরকারি সংস্থাগুলোর কোনো সমন্বিত তথ্য দিতে না পারার ব্যর্থতা লক্ষণীয়। তার পরও কৃষি খাত এগিয়েছে। দুই বছরে কৃষি খাতে ভর্তুকির পরিমাণও বাড়ানো হয়েছে। কৃষি খাতে বিনিয়োগ ও উৎপাদন বেড়েছে। এসেছে বন্যা-লবণাক্ততার মতো প্রতিকূল পরিবেশসহিষ্ণু ধানের জাত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে চালের দাম বাড়ায় ৪০ লাখ মানুষ খাদ্যঝুঁকির মধ্যে পড়েছে। দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা ও তাদের ক্যালরি গ্রহণের পরিমাণও কমেছে। বিশেষ করে শহুরে নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষেরা বেশি সমস্যায় পড়েছে। দাম বাড়ায় গত দুই বছরে বেশির ভাগ সময় কৃষক ধান বেচে লাভের মুখ দেখেছেন। গত বছর প্রকাশিত কৃষিশুমারি-২০০৯ অনুযায়ী, দেশের দুই কোটি ৯৬ লাখ ৬১ হাজার মানুষ কৃষিকাজে নিয়োজিত। এর মধ্যে পল্লি এলাকার দুই কোটি ৯৪ লাখ ৪২ হাজার, যা মোট কৃষিজীবীদের ৯৯ দশমিক ৩ শতাংশ। আর শহর এলাকায় মাত্র দুই লাখ ১৮ হাজার মানুষ কৃষিকাজে জড়িত। ধানের দাম বাড়ায় কৃষিজীবী এই বিশাল জনগোষ্ঠী লাভবান হয়েছে। কৃষক না ভোক্তা—কোন পক্ষ নেবে, এ নিয়ে সরকার সারা বছর দ্বিধাদ্বন্দ্বে থেকেছে। ধানের উৎপাদন খরচ ও বাজারমূল্যের মধ্যে অস্বাভাবিক পার্থক্য দূর করতে সরকারি বেশির ভাগ উদ্যোগ ব্যর্থ হয়েছে। তবে এ পরিস্থিতি কৃষককে খোরাকি থেকে বাণিজ্যিক কৃষির দিকে ঠেলে দিয়েছে। কৃষির এই রূপান্তরের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে কৃষিপণ্যের দাম বাড়লেও তা দীর্ঘ মেয়াদে কৃষিতে বিনিয়োগ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে সরকার সারা বছর থেমে থেমে সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়েছে। ফেয়ার প্রাইস কার্ডের মতো নতুন কার্যক্রমের পাশাপাশি খোলাবাজারে চাল বিক্রি ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চলেছে।চালের দাম বাড়ায় গত এক বছরে কৃষি খাতে প্রবৃদ্ধি ১ শতাংশ ছাড়িয়ে গেছে বলে পর্যালোচনা করে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের কৃষি উৎপাদন বাণিজ্যিক কৃষির দিকে যাত্রাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, কৃষককে মুনাফা দিতে না পারলে তাঁরা কৃষিতে বিনিয়োগ করবেন না। এতে দীর্ঘ মেয়াদে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। কৃষিতে শিক্ষিত উদ্যোক্তা ও উন্নত প্রযুক্তি আসবে না।তবে সরকারের সামগ্রিক অবস্থান এখনো ‘ধান-চালের দাম যত পার কমাও’ এই মতের পক্ষে। এ কথা উল্লেখ করে ব্র্যাকের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, কৃষককে কৃষিকাজে উৎসাহ দিতে তাঁদের মুনাফা দিতে হবে। এ জন্য কৃষিপণ্যের বাজারজাতকরণে সরকারি সহায়তা বাড়াতে হবে। দারিদ্র্যসীমার নিচের জনগোষ্ঠীকে চালের মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার পরামর্শ দিয়ে মাহবুব হোসেন বলেন, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থের মধ্যে ভারসাম্য আনতে হবে। চলতি ২০১১ সালে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম আবারও বাড়বে—এ পূর্বাভাস রেখে মাহবুব হোসেন বলেন, উচ্চ দামে খাদ্য আমদানির ফলে মূল্যস্ফীতি বাড়বে। ফলে সরকারকে সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিতে হবে। ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ সাজ্জাদ জহিরের মতে, নির্বাচনী ইশতেহারে কম দামে চাল খাওয়ানোর অঙ্গীকার সরকারকে কৃষি খাতের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর পক্ষে অবস্থান নিতে দিচ্ছে না। ধানের দাম বাড়ায় কৃষি খাত খোরাকি থেকে বাণিজ্যিক পথে যাত্রা শুরু করেছে এবং দীর্ঘ মেয়াদে তা কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক—এ কথা ভোক্তা ও ভোটারদের বোঝানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করে সম্ভাবনার দিকগুলোকে কাজে লাগাতে হবে।সংকট থেকে সম্ভাবনা: ২০০৯-এর শুরুতে বিশ্বমন্দার কারণে জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমে যায়। ২০০৯-এর প্রথম ফসল বোরোতে বাম্পার ফলনে ২০০৯-এর মাঝামাঝি সময় থেকে চালের দাম অস্বাভাবিক কমে আসে। ধানের মণ ৩০০ টাকায় নেমে আসার ফলে কৃষকের উৎপাদন খরচ ওঠা নিয়ে সংকট দেখা দেয়। কিন্তু বছর ঘুরতে পরিস্থিতি বদলাতে থাকে। প্রতি মণ ধান ৬৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে।২০০৯-এ ঘূর্ণিঝড় আইলা ও ২০১০-এ হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি অভ্যন্তরীণ বাজারে চালের সংকট তৈরি করে। ২০১০-এর শুরুতে বিশ্বমন্দা কেটে গেলে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে খাদ্যপণ্যের দাম। মূল্যবৃদ্ধির এই ধারাবাহিকতা এখনো চলছে।২০১০-এর কৃষিমজুরি বেড়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত্তার মণ্ডলের হিসাবে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে দেশে কৃষিমজুরি ৮০ শতাংশ বেড়েছে। চালের দাম ও কৃষিমজুরি বৃদ্ধির ফলে প্রায় তিন কোটি কৃষিজীবীর আয় বেড়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে খাদ্য উৎপাদন বাড়ানো ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। ২০০৯-এ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কৃষি ও খাদ্যনিরাপত্তাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই তিন ধরনের সারের দাম কমিয়ে অর্ধেক করেন। প্রতি কেজি টিএসপি সারের দাম ৮০ টাকা থেকে কমিয়ে ৪০, এমওপি ৬৫-৭৫ থেকে ৩৫ ও ডিএপি সারের দাম ৮০-৮৫ থেকে কমিয়ে ৪৫ টাকা করা হয়। এরপর সারের দাম আরও দুই দফা কমানো হয়।গত দুই বছরে বোরো চাষিদের জন্য ৭৫০ কোটি টাকা ডিজেলে ও কৃষি যন্ত্রাংশে ১০৫ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। বন্যা, খরা ও লবণাক্তসহিষ্ণু ধানের জাত নেওয়া হয় মাঠপর্যায়ে। সেচনির্ভর বোরো থেকে বৃষ্টিনির্ভর আমন ও আউশ মৌসুমে ধানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করে কৃষি মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, দুই বছরে প্রতিটি ফসলের বাম্পার ফলন হয়েছে।ধানের উৎপাদন খরচ কমাতে এত কিছু করা হলেও এর সুফল ভোক্তা পর্যায়ে কতটুকু পৌঁছেছে, তা এখনো সরকারের কাছে বড় প্রশ্ন আকারে রয়ে গেছে। চলতি আমন ফসল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে খাদ্যমন্ত্রী হতাশ কণ্ঠে জানিয়েছেন, এবার প্রতি কেজি চালের উৎপাদন খরচ ২১ টাকা। কিন্তু বাজারে ৩৪ টাকার নিচে চাল মিলছে না। কেন দাম কমছে না, তা বোঝা যাচ্ছে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরু থেকেই কৃষিপণ্যের উৎপাদন ও চাহিদার হিসাবের গরমিল নিয়ে কৃষিমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিসংখ্যান ব্যুরো উৎপাদন নিয়ে দুই রকমের তথ্য দেয় বলে অভিযোগ করেছিলেন তিনি। গত বোরো মৌসুমে ধানের উৎপাদন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়, এক কোটি ৭২ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। দেশের বেশির ভাগ চালকল মালিক সমিতি ও বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে বলা হয়, উৎপাদন এক কোটি ৬৫ লাখের বেশি হয়নি।তথ্যের এই গরমিলের কারণে বছর শেষে এসে বাজারে ধানের জোগান কমে যায় বলে মনে করছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। তাঁর মতে, সরকারকে খুশি করতে উৎপাদন বাড়িয়ে বলার প্রবণতা এখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে রয়ে গেছে। প্রকৃত তথ্য না থাকায় সরকারের পক্ষে হিসাব করা সম্ভব হয় না যে, কী পরিমাণ খাদ্য আমদানি করতে হবে। মতিয়া চৌধুরী এ ব্যাপারে জানান, কৃষি খাতে উৎপাদনের সমন্বিত তথ্যভান্ডার গড়ে তুলতে আগামী বোরো মৌসুম থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো ও স্পারসো যৌথভাবে তথ্য দেবে। তিনি বলেন, হাওর এলাকার জন্য স্বল্প মেয়াদে ধানের জাত ও লবণাক্তসহিষ্ণু ধানের জাতকে আরও উন্নত করতে গবেষণা চলছে। উদ্ভাবনের বছর: গত দুই বছরে দেশের আবহাওয়া উপযোগী চারটি ধানের জাত উদ্ভাবিত হয়েছে। দীর্ঘদিন ধরে গবেষণা চলতে থাকা জলমগ্নসহিষ্ণু ধানের জাত ব্রি-৫১ ও ৫২ চলতি বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়। লবণাক্তসহিষ্ণু ধানের জাত বিআর-৪৭-এর উদ্ভাবন নিয়ে কৃষিবিদেরা গর্ব করলেও কৃষক পর্যায়ে এ ধানের কিছুটা সমস্যা দেখা যাচ্ছিল। ধান পাকার পর কাটার আগেই তা ঝরে পড়ত। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিনা-৮ ধান এ বছর ছাড় হয়েছে। বোরো মৌসুমের জন্য লবণাক্তসহিষ্ণু এই জাতটি ছাড় করেছে কৃষি মন্ত্রণালয়। বিনা-৮ মাঠে ভালো ফলনও দিয়েছে।আউশ ও আমন মৌসুমে ধানের উৎপাদন বাড়ানোর কৌশলগত পরিকল্পনা নিয়েছিল কৃষি মন্ত্রণালয়। সে লক্ষ্যে চলতি বছর আমন মৌসুমের জন্য তিনটি হাইব্রিড জাতের ধানবীজ ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ব্রি-৫৩ ও একটি বেসরকারি খাতের বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি হাইব্রিড ধানের জাত চলতি বছর কৃষক পর্যায়ে নিয়ে গেছে। সব মিলিয়ে গত দুটি বছর সংকট আর সম্ভাবনা পাশাপাশি হেঁটেছে।