কৃষিমন্ত্রীর দাবি, কৃষক পানির দামে সার কিনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এ সরকার ক্ষমতায় আসার পর সারের দাম দুই দফা কমিয়েছে। তাই কৃষকেরা এখন পানির দামে সার কিনতে পারছে। প্রত্যেক কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ৮০০ থেকে এক হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রাম ফর দি ভালনারেবল গ্রুপ’ শীর্ষক প্রকল্পের আওতায় চা শ্রমিক পরিবারে খাদ্যসামগ্রী ও পণ্য বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী অভিযোগ করেন, ‘বিরোধী দল সংসদে এবং বাইরে কোথাও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। বিরোধী দলের নেত্রী ক্ষমতায় থাকতে বলেছিলেন হরতাল করবেন না। এখন তারা হরতালের ডাক দিয়েছে। জনগণ হরতাল গ্রহণ করতে চায় না।’ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার খানম, হবিগঞ্জ-১ আসনের সাংসদ আবদুল মজিদ, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবু জাহির প্রমুখ উপস্থিত ছিলেন।