কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দায়েরসহ আরও ১০৫ মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও এক হাজার ৬২১টি মামলা প্রত্যাহারের জন্য উপস্থাপন করা হয়েছে।এর মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মানহানির মামলা এবং সাংসদ ও সাবেক ছাত্রনেতা আবদুর রহমানের দুইটি মামলাসহ ১০৫টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। তবে ৩০৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে মামলা প্রত্যাহারের এ সুপারিশ করা হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, এক হাজার ২১১টি মামলা পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে দুদকের ৭৯টি মামলা উত্থাপন করা হলে তা সময়ের অভাবে দেখা হয়নি বলে প্রতিমন্ত্রী জানান। বিরোধী দলের নেতা-কর্মীদের কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে হওয়া কিছু মামলা প্রত্যাহারযোগ্য নয় বলে প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলার বিচারকাজ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা যায়। তবে সিআর বা ব্যক্তির দায়ের করা মামলা প্রত্যাহারে সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে।