কৃষির ব্যবসা বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো বাংলাদেশ কৃষিতে অপার সম্ভাবনার দেশ। কৃষিক্ষেত্রে যেমন প্রয়োজন দক্ষ কৃষক, তেমনই দরকার দক্ষ কৃষিবিদের। এর সঙ্গে দরকার কৃষিপণ্যের সঠিক বাজার প্রস্তুত ও পণ্য বাজারজাত করার সঠিক ব্যবস্থাপনা পরিকল্পনা। এগুলোকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দক্ষ জনশক্তির। কৃষিভিত্তিক পণ্য বাজারজাত করার জন্য প্রয়োজন কৃষি সম্পর্কে বিস্তারিত জ্ঞান ও দক্ষ কৃষিব্যবসা ব্যবস্থাপক। দেশে কৃষিপণ্যের আধুনিক বাণিজ্য শুরু হয়েছে। কৃষিপণ্য বাজারজাত করতে যাঁরা কাজ করছেন, তাঁদের বলা হয় কৃষিব্যবসা ব্যবস্থাপক। কৃষিপণ্যের পাশাপাশি পেশা হিসেবে এ ক্ষেত্রটিও যথেষ্ট সম্ভাবনাময়। কৃষিব্যবসা ব্যবস্থাপনা কীকৃষিপণ্য এবং সেটি থেকে উৎপাদিত নানা রকম পণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষি এখন শুধু কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা এখন পূর্ণাঙ্গ ব্যবসায়িক রূপ লাভ করেছে; সেতুবন্ধ হয়েছে কৃষি ও বাণিজ্যের। কৃষির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা, যাকে আধুনিক বাণিজ্যে ‘অ্যাগ্রিবিজনেস’ নামে অভিহিত করা হচ্ছে। অ্যাগ্রিবিজনেস হচ্ছে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদন-সহায়ক উপকরণ ও কৃষিপণ্যের গুণগত মান রক্ষা করে সুষ্ঠু বিপণনের সমগ্র ব্যবস্থাপনা।কৃষি বলতে এত দিন আমাদের দেশে মূলত কীভাবে অধিক ও গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করা যায়, সেটি নিয়েই কথা হয়েছে। কিন্তু সেই উৎপাদিত ফসলের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতো না। কৃষি বলতে এখন শুধু ফসল উৎপাদনই নয়, বরং উৎপাদিত ফসল কৃষক থেকে সাধারণ ক্রেতা পর্যন্ত পৌঁছানোর সমগ্র প্রক্রিয়া অর্থাৎ কৃষিপণ্যের বিপণনকেও বোঝানো হচ্ছে। আগে এ দেশে কৃষিসামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন উন্নত বীজ, সার, কীটনাশক, বালাইনাশক, পশুখাদ্য ইত্যাদির তেমন সরবরাহ ছিল না। বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এসব উপকরণের গুণগত মান বজায় রেখে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে। ফলে সুযোগ হয়েছে এ খাতে কাজের। দিনে দিনে বাড়ছেদক্ষ কৃষিব্যবসা ব্যবস্থাপনার লোকবলের চাহিদা। এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন গাজী এম এ জলীল বলেন, ‘কৃষির উন্নয়নে কৃষকের চিন্তার উন্নয়ন ঘটানোর কাজটি আমাদের দেশে হচ্ছে না। কৃষিব্যবসা ব্যবস্থাপনায় যাঁরা রয়েছেন, তাঁরা এই কাজটি করতে পারেন। আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হলে কী করণীয়, তা-ও ভাবতে হবে তাঁদের। যেকোনো প্রকার কৃষিব্যবসার জটিলতা সমাধান করা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে।’ কাজের ধরনকৃষি পণ্যের ধরন ও তার মান সম্পর্কে ভোক্তাকে সচেতন করা এবং পণ্যের বাজার সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নাম কৃষিব্যবসা ব্যবস্থাপনা। ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিক্রয়, বিপণন, পণ্যের প্রচারণা, মানোন্নয়ন ও গবেষণার কাজ করতে হয় কৃষিব্যবসায় বিপণনের ক্ষেত্রে। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে গবেষণা ও উন্নয়ন (আরএনডি) বিভাগ। কৃষি ব্যবসা উন্নয়নে প্রয়োজন গবেষণা। আর এ কাজটিও করতে হয় এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের। শুধু কৃষি উৎপাদন উপকরণই নয়, বরং উৎপাদিত ফসলের গুণগতমান রক্ষা করে সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নতি, প্রক্রিয়াকরণের মাধ্যমে কৃষি পণ্যের বহুমুখী সহজলভ্যতা নিশ্চিত করা, ক্রেতা সাধারণের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ কৃষি পণ্যের সঠিক বিপণনব্যবস্থা গুরুত্বের সঙ্গে বিবেচিত হয় এ কাজে। সবকিছু মাথায় রেখে কাজ করতে হয় একজন কৃষিব্যবসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তাকে। প্রয়োজনীয় দক্ষতাএগ্রিবিজনেস ব্যবস্থাপনা পেশায় লাগবে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও কৃষির উন্নয়নে কাজ করার মানসিকতা। প্রকৃতি, পরিবেশ, গাছ ও কৃষি সম্পর্কে সত্যিকারের জানার আগ্রহ ও সচেতনতা থাকতে হবে। উন্নতমানের সাংগঠনিক ক্ষমতা এবং পরিকল্পনা ও গবেষণাসংক্রান্ত দক্ষতা থাকা প্রয়োজন। ভোক্তার সঙ্গে পণ্যের যোগাযোগ স্থাপনের জন্য যে দক্ষতা প্রয়োজন তা বাড়ানো দরকার। যেহেতু কৃষি ও কৃষির প্রয়োজনীয় ভিত্তি বৈজ্ঞানিক, তাই এ জন্য বিজ্ঞানমনস্কতা এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ-ক্ষমতা থাকতে হবে। প্রকৃতির বিরূপ আচরণ কৃষিতে কেমন প্রভাব ফেলবে আর তা থেকে উত্তরণের জন্য কী কী করতে হবে সে সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আর আমরা এগুলো শিখে থাকি আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই। বলছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির শেষ বর্ষের দুই শিক্ষার্থী রাজীব কামাল শ্রাবণ ও রাকিবুর রহমান সেজান। তাঁরা মনে করেন, কৃষিব্যবসা ব্যবস্থাপনায় বিষয়ভিত্তিক শিক্ষিত ছেলেমেয়েরা গেলে এ বিভাগের আরও উন্নতি হবে। কাজের সুযোগ: এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট স্নাতকদের কাজের পরিধি ব্যাপক। কৃষি মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল মার্কেটিং (ড্যাম) ছাড়াও টিসিবির মতো সরকারি প্রতিষ্ঠান, বিএডিসি ইত্যাদিতে কাজের সুযোগ রয়েছে।এ ছাড়া কৃষিভিত্তিক বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান, বীজ উৎপাদন ও বাজারজাতকরণ, কীটনাশক, খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান দেশি-বিদেশি বিভিন্ন এনজিও, বহুজাতিক প্রতিষ্ঠান এমনকি ব্যাংক, বিমা ইত্যাদি প্রতিষ্ঠানেও কাজের সুযোগ রয়েছে।এসিআই লিমিটেডের এগ্রিবিজনেস বিভাগের ব্যবসায় পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘স্নাতক ডিগ্রি অর্জন করার পর আমাদের প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ শুরু করার সুযোগ রয়েছে। এটিকে বলা যায় এগ্রিবিজনেসে কাজের শুরুর স্থান। প্রত্যেক নিয়োগপ্রাপ্তকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এ পেশায় কাজের সুযোগ আছে প্রচুর। মাথায় রাখতে হবে, যেহেতু শুরুর দিকে সবাইকে মাঠপর্যায়ের কাজ করতে হবে, সেহেতু মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন এ বিষয়ে। প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।’যোগ্যতা ও পড়াশোনার সুযোগনিজেকে কৃষি ব্যবসায়ে যুক্ত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট নামের নতুন বিষয় চালু করা হয়েছে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্স আছে এখানে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনার সুযোগ রয়েছে এ বিষয়ে। এ দুই বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে বিবিএ ইন এগ্রিবিজনেসে চার বছরের স্নাতক ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে।এ বিষয়ে স্নাতক হওয়ার পর উচ্চতর পড়াশোনা করার ব্যাপক সুযোগ রয়েছে বিদেশে। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (থাইল্যান্ড), মিশিগান স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), পেনস্টেট ইউনিভার্সিটিসহ (যুক্তরাষ্ট্র) অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এ বিষয়ে উচ্চশিক্ষা চালু আছে বহু আগে থেকেই। কী পড়ানো হয়বাণিজ্য শাখার বিবিএ এবং কৃষিবিজ্ঞান—এ দুটি বিষয়ের সমন্বিত রূপ হলো এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট। এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং, কৃষি অর্থনীতি, কৃষি পরিসংখ্যান, ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ—এই পাঁচটি বিভাগ নিয়ে গঠিত ফ্যাকাল্টি অব এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট। ভর্তির যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা নিয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এ বিষয়ে ভর্তি হতে পারবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ওপরের প্রতিটি বিষয় ও ইংরেজিতে আলাদাভাবে জিপিএ ৩ পেতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। ভর্তি পরীক্ষার মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে প্রতিবছর ৭৫ জন ছাত্রছাত্রী এ বিষয়ে ভর্তি করা হয়।কৃতজ্ঞতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়