যশোরের মনিরামপুর ডিগ্রি (পাস ও অনার্স) কলেজে কৃষিশিক্ষা বিষয়ের কোনো শিক্ষক নেই। প্রায় দুই বছর যাবৎ একজন প্রদর্শক দিয়ে কোনো রকমে চলছে পাঠদান। কলেজে শ্রেণীকক্ষের সংকট এবং অনার্স (সম্মান) কোর্সের জন্য সেমিনার-সংকট ছাড়াও রয়েছে আবাসনসমস্যা।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্সে পড়ানো হয়। এ ছাড়া বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, ভূগোল ও মার্কেটিং বিষয়ে সম্মান কোর্সে আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হবে বলে কলেজ সূত্র জানিয়েছে। বর্তমানে কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। জানা গেছে, এ কলেজে মোট ৭২ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ৫৮ জন। এর মধ্যে প্রায় দুই বছর কৃষিশিক্ষা বিষয়ে কোনো শিক্ষক নেই। কৃষিশিক্ষার একমাত্র শিক্ষক সুখলাল হালদার ২০০৮ সালে অবসরে গেলে পদটি শূন্য হয়। এর পর থেকে প্রদর্শক ইউসুফ আলী প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে (তত্ত্বীয় ও ব্যবহারিক) পাঠদান করেন। কলেজের অধ্যক্ষ জানান, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) বিভাগেও চারজন শিক্ষকের প্রয়োজন। এ ছাড়া প্রাণিবিজ্ঞান, মার্কেটিং, ইংরেজি, ইসলামী শিক্ষা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংসহ আরও কয়েকটি বিষয়ে শিক্ষকের প্রয়োজন। শিক্ষার্থীদের অভিযোগ, অনার্সের চারটি বিভাগের একটিতেও সেমিনারকক্ষ নেই। এমনকি শ্রেণীকক্ষে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় পাঠদান ব্যাহত হয়। রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র কার্ত্তিক দাস জানান, দূরের শিক্ষার্থীদের জন্য কলেজে ছাত্রাবাস একান্ত দরকার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসমা উল হুসনা জানান, সেমিনারকক্ষ থাকা প্রয়োজন। তবে নতুন অবকাঠামো গড়তে হবে।অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী প্রথম আলোকে শিক্ষক ও অন্যান্য সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘কৃষিশিক্ষায় এখনই শিক্ষক দরকার। এ জন্য আমরা একাধিকবার বিজ্ঞাপন দিয়েছি। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ খান টিপু সুলতান আগামী দু-এক বছরের মধ্যে কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’