কৃষ্ণবর্ণ তমাল তরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীন তাঁর ‘নক্সী কাঁথার মাঠ’ কবিতায় বর্ণনা করেছেন, ‘জালি লাউয়ের ডগার মত/ বাহু দুখানি সরু/ গা-খানি তার শাওন মাসের/ যেন তমাল তরু’।তমালগাছের কাণ্ড ঘোরতর কালো। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টিতে ভিজে সেই কালো যেন আরও চাকচিক্যময় হয়ে ওঠে।তমাল মাঝারি আকারের বৃক্ষ। শাখা-প্রশাখা আঁকাবাঁকা, ছড়ানো। এই গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া ও চীন। তমালের বৈজ্ঞানিক নাম Diospyras Cordifolia। এটি Ebenaceae পরিবারভুক্ত।গাছ উচ্চতায় ২০ ফুট পর্যন্ত হতে পারে। কাণ্ড ভীষণ অমসৃণ। পাতার শুরুটা হূৎপিণ্ডাকার হলেও আকৃতি লম্বাটে এবং শেষ প্রান্ত কোনাকার। পাতা লম্বায় নয় সেন্টিমিটার, চওড়ায় তিন সেন্টিমিটার পর্যন্ত হয়। পাতা মসৃণ, ঘন সবুজ, চকচকে উজ্জ্বল।ফুল আকারে খুবই ছোট, কিন্তু গাছের ডালে, প্রতি পাতার ফাঁকে অজস্র ফুল ফোটে। ফুলসমেত গাছের রূপ দেখলে প্রেয়সীর ভাঙা মনও জোড়া লেগে যাবে বলে মনে হয়। ফুল হুবহু ঘণ্টাকৃতি। রং হালকা সবুজ হলেও একটুখানি হলুদাভ। আকার ঘণ্টার মতো হওয়ায় ফুলের আসল রূপ দেখা যায় গাছের ডালের তলায় দাঁড়ালে। পাপড়ি চারটি। ফুল ফোটা শুরু হয় বসন্তকালে। ফুল লম্বায় আট মিলিমিটার। পুংকেশরধারী ফুল ও গর্ভকেশরধারী ফুল আলাদা আলাদা গাছে ফোটে।ফল গোলাকার, রং সবুজ। ফল মাঝারি আকারের গোল কুল বরই বা ডুমুরের মতো। ফলের বাইরের আবরণ মসৃণ। ব্যস ২.৫ সেন্টিমিটার। ফলের ভেতর একটি একবীজপত্রী বীজ থাকে। পাকা ফল হলুদ রঙের।হিন্দুধর্মাবলম্বীদের কাছে তমালগাছ খুব প্রার্থনীয়। ভগবান শ্রীকৃষ্ণ তমালগাছ খুব পছন্দ করতেন এবং তমালগাছে বসে বাঁশি বাজাতেন। সে কারণে শ্রীকৃষ্ণ উপাসনালয়ে তমালগাছ লাগানো হয়ে থাকে। বিশ্বকবি তমালগাছ নিয়ে লিখেছেন, ‘তৃষ্ণায় শান্তি সুন্দরকান্তি/ তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন/ তব উত্তরীয়ে ছায়া দিলে ভরিয়ে/ তমাল বন শিখরে/ বর্নীল-অঞ্জন।’বাংলাদেশে তমালগাছ ইদানীং খুব কম দেখা যায়।ভেষজ, আয়ুর্বেদিক, টিবেটান ওষুধ হিসেবে ব্যবহূত হয় তমালগাছের বিভিন্ন অংশ। তমালগাছ নিয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। তমালের কাণ্ডের বাকলে ট্রাইটার্পিনস আছে, যেটি যকৃতের রোগের ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। এ ছাড়া এই বাকলে মিথানল আছে, যেটি বেদনানাশক। জ্বর ও ক্ষতরোগের চিকিৎসার ওষুধ তৈরি হয় তমালের ফল থেকে। তমালের ফল পানি দিয়ে সেদ্ধ করলে লালাভ কালো রং তৈরি হয়; এই পানি দিয়ে কাপড়, সুতা, পাট রং করা হয়।তমালগাছ বহু বছর বাঁচতে পারে। কৃষ্ণ উপাসনালয়ের পাশাপাশি সবুজ বনায়ন, বাগানের শোভাবর্ধন, ওষুধ ও রং তৈরির জন্য তমালগাছ লাগানো যেতে পারে।কান্তা রিমি রায়, সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর।[email protected]