কৃষ্ণবিবর আমি তারেই বলি
হকিং বিকিরণ কৃষ্ণবিবরের ভেতরে থাকা পদার্থের ওপর নির্ভর করে না। পুরো প্রক্রিয়ায় কৃষ্ণবিবরের ভেতরে থাকা পদার্থ সম্পর্কে যাবতীয় তথ্য হারিয়ে যাচ্ছে। অথচ কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে, তথ্য কখনোই হারিয়ে যেতে পারে না। আধুনিক পদার্থবিজ্ঞানের এই অমীমাংসিত দ্বন্দ্ব নিয়েই আজকের মূল রচনাবর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের বিরুদ্ধে পুরো দামামা বাজিয়ে যুদ্ধ(!) ঘোষণা করেছেন দুজন বিজ্ঞানী—লিওনার্দ সাসকিন্ড আর জেরাল্ড টি হুফট। এ যুদ্ধের কারণ কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোল। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সব নিয়ম কি কৃষ্ণবিবরের জন্য খেটে যায়? নাকি যায় না?নিজেদের মধ্যে চলা এই বিতর্ক নিয়ে সাসকিন্ড ২০০৮ সালে একটি বইও লেখেন ‘The Black Hole War: My battle with Stephen Hawking to make the world safe for quantum mechanics’ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রকাশ ১৯১৫ সালে। এতে তিনি প্রকাশ করেন ভর ও শক্তির জ্যামিতিক বিন্যাস কীভাবে চতুর্মাত্রিক স্থান-কালের গঠন বলে দেয় তার গাণিতিক রূপ। প্রথমবারের মতো কার্ল শোয়ার্জশাইল্ড-এর এক অদ্ভুত সুন্দর সমাধান বের করে ফেলেন, তা-ও আবার যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন। গোল ফুটবলের মতো করে একটি জায়গায় কিছু পরিমাণ পদার্থ সুষমভাবে ছড়িয়ে থাকলে এর জন্য তার চারদিকে স্থান-কালের জ্যামিতি কেমন চেহারা নেবে, সেটাই খুঁজে বের করলেন শোয়ার্জশাইল্ড।তাঁর এই সমাধানের খুব অদ্ভুত দুটি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেল। প্রথমত, ঠিক যে বিন্দুকে কেন্দ্র করে ভর বিন্যস্ত হয়ে আছে, সেই বিন্দুর জায়গাটিতে স্থান-কালের জ্যামিতি আমরা ব্যাখ্যা করতে পারি না। এটাকে বলে ‘সিঙ্গুলারিটি’। দ্বিতীয়ত, সেই সিঙ্গুলারিটি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব (এ দূরত্বটুকু ওই ভরের ওপর নির্ভর করে) পর্যন্ত ভেতরের কোনো কিছুই (সবচেয়ে দ্রুত যে ছোটে, সেই আলোও নয়) সেই দূরত্বের বাইরে বেরিয়ে যেতে পারবে না। মনে হবে, একটা গোলাকার পর্দা দিয়ে যেন ভেতরের সবকিছুকে ঢেকে রাখা হয়েছে। এই গোলাকার পর্দার আচরণও বড় অদ্ভুত। বাইরে থেকে যেকোনো কিছু এই পর্দা ভেদ করে ভেতরে চলে যেতে পারবে, এমনকি এই পর্দা ভেদ করার সময় সে টেরও পাবে না কী মহা সর্বনাশটাই না তার হতে চলেছে। কিন্তু ভেতরের কোনো কিছুই বাইরে আসতে পারবে না। বাইরে আসা দূরে থাক, নিয়তির অমোঘ টানে সেটাকে ভেতরের দিকেই ছুটতে হবে, একসময় হারাতে হবে সেই সিঙ্গুলারিটিতে।এই বিশেষ গোলাকার পর্দার নাম ‘ঘটনা দিগন্ত’। আর তার নিজের ভেতর লুকিয়ে থাকা এই সর্বগ্রাসী জিনিসটি হলো কৃষ্ণবিবর।একটা লম্বা সময় পর্যন্ত কৃষ্ণবিবরের ধারণা শুধু তাত্ত্বিক পদার্থবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ১৯৪০ সাল নাগাদ এটা প্রমাণ হয়ে যায়, একটি নক্ষত্র যথেষ্ট ভারী হলে সেটা তার জীবনের শেষ ভাগে একটা নিউট্রন তারকা কিংবা একটা কৃষ্ণবিবরে পরিণত হয়ে যেতে পারে। ষাটের দশকে প্রথমবারের মতো নিউট্রন তারার অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা। এর পর থেকে কৃষ্ণবিবরকে কাল্পনিক বিলাসিতা বলে আর চালিয়ে দেওয়া যেত না। প্রতিটি কৃষ্ণবিবরই একটি ঘটনা দিগন্ত দিয়ে ঢাকা থাকে। সুতরাং, চাইলেই আমরা এর ভেতর উঁকি দিয়ে দেখতে পারব না যে আসলে কী আছে। বাইরে থেকে কেবল এর তিনটি জিনিস মাপা যায়—ভর, চার্জ ও কৌণিক ভরবেগ। আমি যদি একটি কৃষ্ণবিবরে এক কেজি তুলা ফেলি, আর অন্যটিতে এক কেজি লোহা ফেলি, বাইরে থেকে দেখে কেউ বলতে পারবে না কোনটিতে তুলা আর কোনটিতে লোহা ফেলা হয়েছে। ভেতরে কী ফেলা হলো এ তথ্যটুকু গায়ের জোরে সে নিজের ভেতরেই আটকে রাখবে।এখানে আরেক সমস্যা। এ দুনিয়ায় যা কিছুর এই ‘তথ্য গায়েব করে রাখা’র ক্ষমতাটুকু আছে, তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। সেটা হলো এনট্রপি। একটা ছোট উদাহরণ দিই, ধরা যাক, একই রকম দেখতে দুটো বাক্সে একই তাপমাত্রায়, একই চাপে, একই পরিমাণ গ্যাস রাখা আছে। বাইরে থেকে দেখতে দুটো বাক্স হুবহু এক, এমনকি আমরা তার যা যা মেপে দেখতে পারি, সেগুলোও এক। অথচ দুটো বাক্সে গ্যাসের অণুগুলোর কে কীভাবে আছে, সেটা পুরোপুরি ভিন্ন হতে পারে। এই তথ্যটুকু আমাদের কাছে গোপন থাকে, আর এই গোপন থাকা তথ্যটুকুই আমরা মাপি এনট্রপি দিয়ে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে, এই মহাবিশ্বের এনট্রপি কখনো কমতে পারে না, বরং অধিকাংশ ক্ষেত্রেই সময়ের সঙ্গে সেটা বেড়ে চলে (ভাগ্য ভালো হলে হয়তো অপরিবর্তিত থাকবে)।একটু আগে যে গ্যাসের বাক্সের কথা বললাম, সেটার তো কিছুটা এনট্রপি আছে। এবার তুমি সেটাকে নিয়ে একটা ব্ল্যাক হোলের ভেতর ফেলে দিলে। এখন কৃষ্ণবিবরের ভেতর কি তা হলে ওই এনট্রপিটুকু হারিয়ে গেল? তা হলে তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে মহাবিশ্বের এনট্রপি যাবে কমে! অথচ কৃষ্ণবিবরের যা কিছু আছে তা হলো তার ভর, চার্জ আর কৌণিক ভরবেগ। এনট্রপি মাপব কী দিয়ে?এ সময় নাগাদ স্টিফেন হকিং এক অদ্ভুত জিনিস প্রমাণ করে দেখিয়েছেন, এই কৃষ্ণবিবরের যে ঘটনা দিগন্তের ক্ষেত্রফল (আগেই বলেছি, ঘটনা দিগন্তের আকার-আকৃতি সব ওই কৃষ্ণবিবরের ভরের ওপর নির্ভরশীল) সেটার মধ্যেও এনট্রপির মতো একটা গোঁড়ামি আছে। এ জিনিসও সহসা কমার নয়। বেকেনস্টাইন তখন প্রমাণ করে দেখালেন, কৃষ্ণবিবরের এ ‘ক্ষেত্রফল’ই আসলে তার এনট্রপির পরিমাণ নির্দেশ করে। আরও প্রমাণিত হলো, এনট্রপি আছে এমন অন্য যেকোনো বস্তুর মতো কৃষ্ণবিবরেরও একটা তাপমাত্রা রয়েছে, ঘটনা দিগন্তের ওপর কৃষ্ণবিবরের যে ‘অভিকর্ষজ ত্বরণ’, সেটাই কিনা এর তাপমাত্রা!তাপমাত্রা আছে, এনট্রপিও আছে। তা হলে এবার কৃষ্ণবিবরের একটা কাজ করতে পারা উচিত—বিকিরণ, অন্য সব নক্ষত্রের মতোই। কিন্তু যে জিনিস থেকে আলো বের হয়েই আসতে পারে না, সে বিকিরণ করবে কেমন করে? অভাবনীয় সমাধানটা এল স্টিফেন হকিংয়ের মাথা থেকে।কোয়ান্টাম তত্ত্বে খুব হইচই ফেলে দেওয়া একটা নীতি আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতি থেকে দেখানো যায়, খুব অল্প সময়ের জন্য মনে হতে পারে, একটি জায়গায় শক্তির সংরক্ষণশীলতা নীতি আর মানছে না। এ সময়ের মধ্যে এক জোড়া কণা-প্রতিকণা তৈরি হয়ে আবার নিজেরা মিলিয়েও যেতে পারে। আমরা যে জায়গাকে ভ্যাকুয়াম বা শূন্যস্থান বলি, সেখানে এই ঘটনা অহরহ ঘটে, তবে খুব ধীরে ধীরে। বিশেষ করে যেখানে আমাদের স্থান-কালের জ্যামিতি সমতল, সেখানে এ প্রক্রিয়া ঘটে খুব ধীরে ধীরে। ফাঁকা জায়গাকে মোটামুটি ফাঁকাই বলা চলে।তবে যেখানে স্থান-কালের টানাপোড়েনের সংসার চলে, সেখানে ব্যাপারটা আর এমন থাকে না। আসলে প্রচলিত শূন্যস্থানের জ্যামিতি অনেকটা প্রবহমান শান্ত তরঙ্গের মতো। যেখানে স্থান-কাল সমতল, সেখানে এই তরঙ্গের তেমন কোনো বিকৃতি আসে না। কিন্তু যেখানে সেই জ্যামিতিতে বক্রতা চলে আসে, সেখানে যেন এই তরঙ্গ বদলে যায়। এই বদলে যাওয়া তরঙ্গ অনেক দূরে কোনো সমতলে থাকা দর্শকের কাছে পৌঁছায়, তার চিরচেনা শান্ত তরঙ্গের সঙ্গে সে আর সেটাকে মেলাতে পারে না, তার মনে হয় সে সেখানে কোনো কণা দেখছে। কৃষ্ণবিবরের ঘটনা দিগন্ত হলো এমনই এক টানাপোড়েনের জায়গা। ঘটনা দিগন্তের কাছেই চলে জোড়ায় জোড়ায় কণা-প্রতিকণা তৈরির কাজ। দিগন্তের একটু বাইরে যে কণাটি তৈরি হয়, সেটি ছুটে যায় অনেক দূরে। সেখানকার কোনো পর্যবেক্ষকের কাছে মনে হয়, এ কণাটি যেন কৃষ্ণবিবর থেকেই এসেছে। অপর যে কণাটি ভেতরে চলে গেল, পর্যবেক্ষকের কাছে তার শক্তি ঋণাত্মক মনে হবে, কেবল তখনই তাঁর কাছে শক্তির সংরক্ষণশীলতা টিকে থাকতে পারবে। ঋণাত্মক শক্তির কণা কৃষ্ণবিবরের ভেতর থেকে ভরের পরিমাণ কমিয়ে দিতে থাকে, আর এভাবেই চলতে থাকে কৃষ্ণবিবরের বিকিরণ। আর এর হাত ধরে একসময় পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হয় একটি কৃষ্ণবিবর।সমস্যা হলো, এই বিকিরণ কৃষ্ণবিবরের ভেতরে থাকা পদার্থের ওপর নির্ভরই করে না। করতে পারার কথাও নয়। কারণ, ঘটনা দিগন্ত ভেদ করে কোনো কিছু কোনোভাবেই বের হয়ে আসা সম্ভব নয়। অথচ পুরো প্রক্রিয়ায় কৃষ্ণবিবরের ভেতরে থাকা পদার্থ সম্পর্কে যাবতীয় তথ্য হারিয়ে যাচ্ছে। এ তথ্য হারিয়ে যাওয়ার ব্যাপারটিই ঘুম হারাম করে দেওয়ার মতো। এটা হলে কোয়ান্টাম পদার্থবিদ্যার ভিত নড়েচড়ে যাবে। কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে, তথ্য কখনোই হারিয়ে যেতে পারে না। হয়তো খুব জটিলভাবে আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়বে, হতে পারে খুব বাজেভাবে এলোমেলো হয়ে যাবে কিন্তু এভাবে বেমালুম হারিয়ে কখনোই যাবে না। এখন পর্যন্ত যত জায়গায় কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করা হয়েছে, কোনো খানেই এ নিয়মের ব্যত্যয় ঘটেনি। কৃষ্ণবিবরের জন্য এর ব্যতিক্রম অনেকেই মেনে নিতে পারেননি।পদার্থবিজ্ঞানে এ সমস্যাটাই পরিচিত Black Hole Information Paradox নামে।স্টিফেন হকিং শুরুতে তা-ই ভেবেছিলেন, তথ্য হারিয়ে যাবে অবধারিত নিয়মে। একটা লম্বা সময় তিনি এই মতের পক্ষেই ছিলেন। এতে সাসকিন্ড এতই রেগে গেলেন যে ধুমধাম একটা যুদ্ধই ঘোষণা করে বসলেন, কোয়ান্টাম তত্ত্বের পরাজয় মেনে নিতে তিনি নারাজ। আধুনিক পদার্থবিজ্ঞানে লম্বা সময় ধরে যে কটি সমস্যা বিজ্ঞানীদের ভাবিয়ে রেখেছে, সেগুলোর মধ্যে অন্যতম এটা। প্রায় সবাই বিশ্বাস করেন, এ সমস্যার সমাধান হলে কোয়ান্টাম তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের মাঝখানে থাকা অসামঞ্জস্যগুলো আরও পরিষ্কার হবে। পদার্থবিজ্ঞানের অনেক রাজপুত্রই আজ তাই এই রহস্যময়ী ‘কৃষ্ণকলি’কে পটিয়ে নেওয়ার চেষ্টায় রত।