কৃষ্ণাঙ্গ সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট
মিস ইউনিভার্সের গত ১০ আসরের সাতটিতে সেরা সুন্দরীর মুকুট পরেছিলেন লাতিন সুন্দরীরা। এবারের আসরেও তাঁরাই ছিলেন ফেভারিট। তাই সবার চোখ ছিল তাঁদের দিকে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে এবার মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন কৃষ্ণাঙ্গ সুন্দরী মিস অ্যাঙ্গোলা লাইলা লোপেজ। গত সোমবার ব্রাজিলের সাও পাওলো শহরে বসেছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬০তম আসর। জমকালো অনুষ্ঠানে ২০১০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর সুন্দরী জিমেনা নাভারেতি উত্তরসূরি লাইলার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন।প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ইউক্রেন ওলেসিয়া স্টেপেনকো, দ্বিতীয় রানারআপ ব্রাজিলের প্রিসিলা মাসাদো। ২৫ বছর বয়সী ব্যবসায় শিক্ষার ছাত্রী লাইলার জন্ম মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বেনগুয়েলা শহরে। তাঁর সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বিচারকেরা তাঁকে ২০১১ সালের মিস ইউনিভার্স নির্বাচন করেন। সেরা সুন্দরীর মুকুট জয়ের পর লাইলা তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘আমার দায়িত্ব বেড়ে গেল। আমি আমার পা মাটিতেই রাখতে চাই।’ এ সময় তিনি চোখের পানি সংবরণ করার আপ্রাণ চেষ্টা করছিলেন। প্রতিযোগিতার প্রথমদিকে লাইলাকে প্রশ্ন করা হয়েছিল, সুযোগ দেওয়া হলে তিনি তাঁর শরীরে কী পরিবর্তন আনবেন? জবাবে লাইলা বলেন, ‘ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা নিয়েই আমি সন্তুষ্ট।’ লাইলার কাছে বাইরের নয়, ভেতরের সৌন্দর্যটাই বড়।সোনালি ও রুপার চুমকিখচিত উজ্জ্বল পোশাক পরে মঞ্চে হাজির হয়েছিলেন লাইলি। এরপর মঞ্চজুড়ে করেন ক্যাটওয়াক। কৃষ্ণাঙ্গ সুন্দরী এইডস ও অন্যান্য ভয়াবহ রোগের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাপী শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন।এবারের প্রতিযোগিতায় ৮৯ জন অংশ নেন। আগের যেকোনো বছরের চেয়ে এ সংখ্যা বেশি। বিচারকদের প্যানেলে রেস কারের চালক হিলিও ক্যাস্ত্রোনিভস থেকে শুরু করে অভিনেত্রী ভিভিকা এ ফক্স, সাংবাদিক কোনি চাং পর্যন্ত ছিলেন। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অ্যান্ডি কোহেন ও নাতালি মোরালিস অনুষ্ঠান সঞ্চালনা করেন। এএফপি ও রয়টার্স।