সাংবাদিকদের বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
কে তত্ত্বাবধায়ক-প্রধান হবেন ভবিষ্যৎই বলতে পারে
বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘আমি সব সময় আল্লাহর ওপর নির্ভর করি।...আমি বর্তমানে অবস্থান করি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারি না।’ গতকাল মঙ্গলবার দুপুরে বিদায়ের আগে সুপ্রিম কোর্ট পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এ বি এম খায়রুল হক এ কথা বলেন। তিনি আরও বলেন, কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না হবেন, তা ভবিষ্যৎই বলতে পারে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিদায়ী প্রধান বিচারপতি ত্রয়োদশ সংশোধনী, পঞ্চম সংশোধনী, বিচারপতিদের অভিশংসনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত দেন।এর আগে রাজধানীর এক সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতাকে ‘সোনার হরিণ’-এর সঙ্গে তুলনা করে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সবাই এর পেছনে ধাবমান। কিন্তু কোথায় যে বিচার বিভাগের স্বাধীনতা, তা আমরা বুঝতে চাই না।’ তিনি বলেন, বিচারপতিরা মানসিকভাবে স্বাধীন হতে পারলেই বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা আসবে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ: গতকাল দুপুরে বিদায়ী প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ১ নম্বর বিচারকক্ষের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্য ল উইল টেক ইটস ওউন কোর্স (আইন তার নিজস্ব গতিতে চলবে)। ভবিষ্যৎ সম্বন্ধে কেউ বলতে পারে না। আমিও বলতে পারি না। আপনারা দেখেছেন, ত্রয়োদশ সংশোধনীর রায়ে আমরা কী বলেছি। রায়ে আমরা আইনগত অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি। এমনকি আপনারা যদি সংক্ষিপ্ত আদেশটি পড়েন, তাহলে অনেক প্রশ্নের সদুত্তর পেয়ে যাবেন। কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না হবেন তা ভবিষ্যৎই বলতে পারে।’ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে তাঁর ব্যক্তিগত ইচ্ছা বা চিন্তাভাবনা আছে কি না, এ প্রশ্নের জবাবে বিচারপতি খায়রুল হক বলেন, ‘আমি সব সময় আল্লাহর ওপর নির্ভর করি। আমি যখন ওকালতি করেছি, সেটি প্রাণপণে করার চেষ্টা করেছি। যখন বিচারক হয়েছি, তখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করার প্রাণপণ চেষ্টা করেছি। যখন প্রধান বিচারপতি হয়েছি, তখন প্রধান বিচারপতির যে দায়িত্ব তা প্রাণপণ পালনের চেষ্টা করেছি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার।’১৩ বছরের বিচারিক জীবন: ১৩ বছরের বিচারিক জীবন শেষে অবসরে যাওয়ার প্রতিক্রিয়ায় খায়রুল হক বলেন, ‘কিছুটা বিষাদ তো আছেই, কিছুটা ক্লান্তও। ১৩ বছরের বিচারিক জীবন শেষ হচ্ছে। বিচারক হিসেবে নিজের বিবেকের (কনসাসের) বাইরে কিছু করেছি বলে মনে পড়ে না। সব সময় আইনের মাধ্যমে মানুষকে প্রতিকার (রিলিফ) দেওয়ার চেষ্টা করেছি।...আপনাদের আমি নিশ্চিত করে বলতে পারি, এই ১৩ বছরের বিচারক-জীবনে কেউ আমাকে কখনো প্রভাবিত করার কোনো রকম চিন্তা করেনি। কারণ তারা জানে, আই এম এ ভেরি কাট অ্যান্ড ড্রাই পারসন (আমি নিয়মকানুন মেনে চলা মানুষ)। আমি সব সময় চেষ্টা করেছি ন্যায়বিচার কায়েম করার জন্য। বিচারপ্রার্থীদের সমস্যা বোঝার চেষ্টা করেছি। সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। এ ব্যাপারে সহকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি।’ বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘হাইকোর্টের একজন বিচারক হিসেবে বিচার করার বাইরে আমার অন্য কোনো কাজ ছিল না। আমি সেটাই করেছি। আপিল বিভাগে আসার পরও বিচারক হিসেবে আমার যে দায়িত্ব, তা পালন করতে প্রাণপণ চেষ্টা করেছি। প্রধান বিচারপতি হওয়ার পর আমার দায়িত্ব ও কর্তব্য শতগুণ বেড়েছে। সাধ থাকলেও সময়স্বল্পতার কারণে আমি যেসব কাজ শেষ করতে পারব না, সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলাম। আমার লক্ষ্য ছিল, বিভিন্ন খাতের জিনিসগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এমন পর্যায়ে বিচার বিভাগকে রেখে যাওয়া, যাতে তা এগিয়ে যেতে পারে। বিচার বিভাগ এগিয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ ত্রয়োদশ সংশোধনী: ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে দেওয়া রায় নিয়ে চলা আলোচনা ও তত্ত্বাবধায়ক সরকারের মীমাংসা কীভাবে হবে বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে বিচারপতি খায়রুল হক বলেন, ‘আমাদের খুশি লাগে, আমাদের রায় নিয়ে দেশের সব মানুষ না হলেও অনেক মানুষ আলাপ-আলোচনা করছেন, চিন্তা-ভাবনা করছেন। এই আলাপ-আলোচনা উন্নতির লক্ষণ। এটা আমাদের বিচারকদেরও উৎসাহ দেয় সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য। তবে রায়ের মধ্যে তো আমরা যা লেখার তা লিখেই দিয়েছি। সেটা নিয়ে নানান আলাপ-আলোচনা হওয়াটাই সংগত ও হওয়াই উচিত। আমার মনে হয়, আমরা ছয়-সাতজন বিচারক মিলে যে রায়টা লিখেছি, আমাদের সীমিত বিদ্যাবুদ্ধি দ্বারা সব রকম ইভেনচ্যুয়েলিটি চিন্তা করে, দেশের সমস্যার কথা চিন্তা করে, দেশের বিরাজমান পরিস্থিতির কথা চিন্তা করে এবং সবকিছুর ওপরে লিগ্যালিটি অব দ্য ল চিন্তা করে আমরা রায়টি দিয়েছি। যে কেউ আমাদের রায়টা যদি একবার-দুবার পড়েন, তাহলে এর অন্তর্নিহিত অর্থ অস্পষ্ট থাকার কথা না।’ বিচার বিভাগের স্বাধীনতা: বিচার বিভাগের স্বাধীনতাকে ‘হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটার’ সঙ্গে তুলনা করার বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ বা বিচারকের স্বাধীনতা নির্ভর করে বিচারকের নিজেদের ওপর। বিচারক নিজে যদি স্বাধীন থাকেন, দুনিয়ার কেউ কোনো দিন তাঁকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবে না। আপনাদের বলতে পারি, বিচারক হিসেবে কোনো কর্তৃপক্ষ আমাকে কোনো কিছু বলেনি। আমার মনে হয় না, কোনো বিচারককে কেউ বলেছে। এর বাইরে যারা চিন্তা করে, তা হয়তো তাদের একধরনের আশঙ্কা।’ তিনি বলেন, ‘আমাদের বিচারকদের প্রথম “না” বলা শিখতে হয়। অনেক ক্ষেত্রে আমরা বন্ধু হারাই, সুহূদ হারাই, সম্পর্ক হারাই—এই “না” বলার জন্য।’ অভিশংসন: বিচারপতিদের অভিশংসনসংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার, দায় ও দায়িত্ব সংসদের। সংসদ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিভিন্ন দেশে ইমপিচমেন্টের (অভিশংসন) ক্ষমতা সংসদের হাতে আছে। কারণ যেকোনো আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা সংসদের।’ পঞ্চম সংশোধনী: চতুর্থ সংশোধনী পুনর্বহাল হবে কি না, এমন প্রশ্নের জবাবে খায়রুল হক বলেন, ‘একটা জিনিস আপনারা ভুলে যান। আমাদের সামনে যে প্রশ্নটি থাকে, আমরা শুধু সেটিরই রায় দিয়ে থাকি। এর পরেরটা ভেবে দিতে পারি না, আগেরটা ভেবেও দিতে পারি না। পঞ্চম সংশোধনী মামলার কার্যকাল হচ্ছে ১৫ আগস্ট ১৯৭৫ সাল থেকে ৯ এপ্রিল ১৯৭৯-এর মধ্যে। খেয়াল করে দেখবেন, আমি এর বাইরে কোনো কথা বলিনি।’ ভবিষ্যতের সুপ্রিম কোর্ট: ভবিষ্যতের সুপ্রিম কোর্ট কেমন দেখে যেতে চান, জানতে চাইলে বিচারপতি খায়রুল হক বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলব, অন্য অনেক দেশের সুপ্রিম কোর্টের মতো আমার সুপ্রিম কোর্টও পরিপূর্ণ স্বাধীন। আমার সুপ্রিম কোর্ট অন্য যেকোনো দেশের সুপ্রিম কোর্টের সমান স্ট্যান্ডার্ডের (মানের)। আমি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার বিচার বিভাগ, জেলা আদালত নিয়ে গর্ব বোধ করি। এটা ঠিক যে আরও শুদ্ধতায় যেতে হবে। আরও উন্নতি করতে হবে। তবে আমাদের সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সাধারণ মানুষের আশা-আশঙ্কার প্রতীক হয়ে থাকবে।’মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রসঙ্গ: সাংবাদিকদের কাছে আপনার কোনো প্রশ্ন বা বলার আছে কি না, জানতে চাইলে খায়রুল হক বলেন, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশমাতৃকার সেবা করুন। ১০ বছর আগেও এ রকম অবস্থা ছিল না, এখন প্রেস যেভাবে ভিজিলেন্ট। এটা খুব দরকার। আপনারা এই দায়িত্ব পালন করবেন। সংবিধানের কথা, স্বাধীনতার কথা শুধু মুখে বললে হবে না, স্বাধীনতাকে হূদয়ে ধারণ করতে হবে। কারণ ৩০ লাখ শহীদের রক্তের পিচ্ছিল পথ বেয়ে আমরা এখানে এসেছি। তাঁদের রক্তের ওপরই এই দেশ স্থাপিত। সুপ্রিম কোর্ট স্থাপিত। কাজেই আমরা যখন যেটাই করি না কেন, এমন কিছু করব না, যার ফলে আমাদের শহীদেরা লজ্জা পান, কষ্ট পান।’ বাংলায় রায় লেখার আহ্বান: সিরডাপ মিলনায়তনে আইন ও বিচার বিভাগের বরাদ্দ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, বিচারপতিদের মানসিকভাবে স্বাধীনতা অর্জন করতে হবে। যে কাউকে ‘না’ বলার ক্ষমতা থাকতে হবে। না হলে রাষ্ট্র, সরকার তাঁকে যতই স্বাধীনতা দিক না কেন, বিচার বিভাগ স্বাধীন হবে না। সম্প্রতি বিচার বিভাগের বিরুদ্ধে আইনমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘আইনমন্ত্রীর অভিযোগ আংশিক হলেও সত্য। অনেক বিচারপতি তাঁদের দায়িত্ব পালন করেন না, এটা ঠিক। তবে তাই বলে সবাই এ রকম, সেটা ঠিক নয়। দেশের কোন জায়গায় কোন বিচারপতি কী করছেন, তা পর্যবেক্ষণ করার কোনো কৌশল আমাদের নেই।’ প্রধান বিচারপতি হিসেবে তাঁর সাত মাস সময়কালে উচ্চ আদালতে প্রায় এক লাখ মামলা নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে মামলা নিষ্পত্তির হার অন্য অনেক দেশের চেয়ে বেশি। তার পরও মামলাজট কমছে না। কারণ নতুন মামলা কমানো সম্ভব হচ্ছে না।প্রধান বিচারপতি হিসেবে এটাই ছিল তাঁর শেষ অনুষ্ঠান, মন্তব্য করে খায়রুল হক বলেন, ‘কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। কেউ আমাকে বিমুখ করেনি। আমি সব সময় সবার সহযোগিতা পেয়েছি।’ তিনি বিচারপতিদের বাংলায় রায় লেখার আহ্বান জানান। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গত কয় বছরে প্রায় ৬৫০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সেভাবে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ কারণেই এক কক্ষে চারজন ম্যাজিস্ট্রেটকে বসতে হচ্ছে। এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সেমিনারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিলিয়ার সম্মানিত পরিচালক শাহ্দীন মালিক, আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাংসদ ওবায়দুল মোক্তাদির চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুরিণ আফরোজ। তিনি আইন মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বাজেট পরিকল্পনা বিভাগ করার প্রস্তাব করেন।