কে শোনে কার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের গাবতলী টেকনিক্যাল মোড় পার হচ্ছিল জিয়া আহমেদের গাড়ি। ওই সময়েই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দায়িত্বরত সার্জেন্টের হাতের ইশারায় তাঁর গাড়ি থেমে যায়। তাঁর কাছে গাড়ির ফিটনেস ও নিবন্ধনের (রেজিস্ট্রেশন) কাগজপত্র দেখতে চান সার্জেন্ট। জিয়া তাঁকে একটি কাগজ বের করে দেখান। যাতে উল্লেখ আছে, তাঁকে ২০ এপ্রিল গাড়ির কাগজপত্র আনতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে যেতে হবে। তার মানে দাঁড়ায়, গাড়ির ফিটনেস ও নিবন্ধনের কাগজপত্র করার জন্য বিআরটিএতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করছেন জিয়া। কিন্তু ট্রাফিক পুলিশের সার্জেন্টের কাছে তা অনিয়ম হিসেবেই বিবেচিত হয়। জিয়ার গাড়ির বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। ওই গাড়িমালিকের অভিযোগ, ডিএমপি ও বিআরটিএর সমন্বয়হীনতায় কারণেই তাঁর গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।ডিএমপির ট্রাফিক বিভাগের কৌশলপত্র অনুযায়ী, তিন-চার বছরে নগরে এক কিলোমিটার নতুন সড়ক তৈরি হয়েছে। অথচ এ সময়ের মধ্যে নগরে লক্ষাধিক নতুন যানবাহন নেমেছে। সে ক্ষেত্রে তাদের পরামর্শ হচ্ছে, নগরে নতুন মোটরগাড়ি নামানোর ক্ষেত্রে এমন কোনো নীতিমালা তৈরি করতে হবে, যাতে সড়কে নতুন গাড়ি নামার গতি কমে যায়। আর যদি গাড়ি নামতে দেওয়া হয়, তবে সেই অনুপাতে সড়কও বাড়াতে হবে। এ ক্ষেত্রে রাজউকের মহাপরিকল্পনায় নগরে বেশ কয়েকটি সড়ক ও সংযোগ সড়ক থাকলেও সেগুলো নির্মাণে রাজউক বা ডিসিসির কার্যক্রম ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। অথচ বিআরটিএ নগরে নিত্যনতুন গাড়ি নামার অনুমোদন দিয়েই যাচ্ছে। আবার যানের সংকট ও জটলা কমাতে বাসের ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে ডিএমপি। অথচ মতিঝিল থেকে ফার্মগেট হয়ে মিরপুর ১২ নম্বর পর্যন্ত চলছে শুধু বিআরটিসির বাস। নগরের আর সব রুট থেকে উধাও হয়ে গেছে তাদের দোতলা বাস। তাদের অনেক বাস আবার বিকল হয়ে ডিপোতে পড়ে আছে বলে জানা যায়।নগরের আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চলায় যানজট সৃষ্টি হচ্ছে বলে ডিএমপির সমীক্ষা থেকে জানা যায়। আবার অনেক ক্ষেত্রেই রাজউকের নকশা লঙ্ঘন করে ভবনের গাড়ি রাখার জায়গায় তৈরি হচ্ছে বাণিজ্যিক স্থাপনা। সেসব ভবনের গাড়ি রাখা হচ্ছে সড়কের ওপর। এর দায় চাপে রাজউকের ওপর। এ প্রসঙ্গে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ড. মো. জহরুল হক জানান, তাঁরা সীমিত জনবল দিয়ে কাজ করছেন। এ জন্য অবৈধ স্থাপনা ভেঙে গাড়ি রাখার জায়গা নিশ্চিত করা যাচ্ছে না। জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তবে ভাঙা-গড়ার খেলা চলতেই থাকবে।