কে হবেন উপাচার্য, সেই হিসাব মেলাতে আন্দোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ২০ জুলাই অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নতুন হিসাবনিকাশ শুরু হয়েছে।শিক্ষকদের একটি অংশ যেকোনো মূল্যে উপাচার্য প্যানেল নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি পালন করছে। অন্যদিকে উপাচার্য প্যানেল নিয়ে শিক্ষকদের মধ্যে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে।উপাচার্য মো. আনোয়ার হোসেন গতকাল সোমবার গণমাধ্যমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিজেই উপাচার্য প্যানেলে থাকার ইঙ্গিত দিয়েছেন। সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির এবং তাঁর অনুসারী শিক্ষকেরাও উপাচার্য প্যানেল নির্বাচনে প্রার্থী হিসেবে থাকতে পারেন।আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি অংশ, বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশ এবং বামঘেঁষা শিক্ষকেরা এই নির্বাচন ঠেকানোর দাবিতে মাঠে নেমেছেন। তবে আওয়ামীপন্থী সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশ উপাচার্য প্যানেল নির্বাচনের পক্ষে অবস্থান করছে।আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে অধ্যাপক এম এ মতিন এবং শিক্ষকদের একটি অংশ আন্দোলনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। গতকাল অবরোধ কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি।গতকাল উপাচার্য মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের মতবিনিময় সভায় বলেছেন, তিহাত্তরের অধ্যাদেশ অনুসারে তিনি যেকোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় উপাচার্য প্যানেল নির্বাচন যথাসময়ে করবেন। নির্বাচনে তাঁর নিজের প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সিনেট সদস্যদের মধ্যে কেউ তাঁর নাম প্রস্তাব করলে, তাতে কেউ সমর্থন দিলে এবং প্রথম তিনজনের তালিকায় নাম থাকলে আচার্যের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি দ্বিমত করবেন না।উপাচার্য প্যানেল নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না, জানতে চাইলে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং শিক্ষক। গত তিন বছর উপাচার্য থাকার সময়ে অনেক উন্নয়নকাজ করেছি। বেশ কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। দায়িত্ব পালনের সময় কিছু ভুল ছিল। সিনেট সদস্যরা যদি মনে করেন, তবেই প্রার্থী হব এবং সবাইকে নিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করব।’ সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন নির্বাচন সম্পর্কে বলেন, উপাচার্য নির্বাচনের দায়িত্ব নিয়ে বর্তমান উপাচার্য নিজেই নির্বাচনে অংশ নিচ্ছেন, এটা আচরণবিধির লঙ্ঘন। সিনেট সদস্যদের শূন্যপদ পূরণ, জাকসু নির্বাচন এবং মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যদের নির্বাচনের পরই উপাচার্য প্যানেল নির্বাচন দিতে হবে। নইলে আন্দোলনকারী শিক্ষকেরা নির্বাচনে অংশ নেবেন না।গত ২৯ জুন সিনেট অধিবেশনে তিনটি ক্যাটাগরিতে সিনেট থেকে সিন্ডিকেট ও অর্থ কমিটি নির্বাচন ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী’ এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ উভয় প্যানেল থেকে চারজন সিনেট সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ প্যানেল জয়লাভ করে। ধারণা করা হচ্ছে, এতে লাভবান হবেন পদত্যাগী উপাচার্য শরীফ এনামুল কবির।এরপর পরাজিত প্রার্থীদের পক্ষের শিক্ষকেরা উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবি জানান। তাঁরা গত শনিবার থেকে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধসহ সাত দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন।এই আন্দোলনে সাবেক উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করা শিক্ষকদের সঙ্গে আওয়ামীপন্থী সাবেক উপাচার্য আবদুল বায়েস, বিএনপিপন্থী সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের অনুসারীরা যোগ দিয়েছেন। আন্দোলনকারীরা কাল মঙ্গল ও বুধবার কর্মবিরতিসহ সর্বাত্মক ধর্মঘট এবং বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবেন। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হবে। এর আগে সাবেক উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। ওই সময়ে বিভিন্ন বিভাগের কোর্সগুলো যথাসময়ে সম্পন্ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। চলমান আন্দোলন দীর্ঘস্থায়ী হলে নতুন করে সেশনজট তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার পর অধ্যাপকদের মধ্যে নুরুল আলম, আফসার আহম্মদ ও ফারজানা ইসলাামের নাম শোনা যাচ্ছে। তবে গতকাল সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বর্তমান উপাচার্য মো. আনোয়ার হোসেন প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানান। শরীফ এনামুল কবির ও আনোয়ার হোসেন একই প্যানেল অথবা পৃথক প্যানেল থেকে নির্বাচন করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।অপর দিকে, প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনকারীরা আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যদের নির্বাচন চেয়েছেন। তাঁরা মনে করছেন, ওই নির্বাচনগুলো সম্পন্ন হলে নির্বাচনে তাঁদের প্রার্থী জয়লাভ করবেন। এরপর উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে।সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস প্রথম আলোকে বলেন, সবার মতকে প্রাধান্য দিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ‘আমি উপাচার্যের দায়িত্বে থাকলে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দেওয়ার পর উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন করতাম।’