কেঁচো খুঁড়তে সাপ!
বইয়ের ব্যাগে গুলিভর্তি একটি পিস্তল নিয়ে স্কুলে গিয়েছিল নয় বছরের এক ছেলে। সহপাঠীরা সেই তথ্য স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ছাত্রের কাছ থেকে গুলিভরা পিস্তলটি উদ্ধার করে। এতে এমন বুলেট ভরা ছিল, যা ‘পুলিশের ঘাতক’ বলে পরিচিত। এই বুলেট পুলিশের গুলিরোধী বর্ম ভেদ করতে সক্ষম।এরপর পুলিশ সেই ছাত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রের বিশাল মজুদ খুঁজে পায়। গতকাল শুক্রবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর হার্মোসিলোয় এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানান, ওই ছাত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩ হাজার গুলি, বিভিন্ন ধরনের পিস্তল, একে-৪৭ রাইফেলসহ, উজি সাবমেশিন গান উদ্ধার করে। এ ছাড়া সামরিক পোশাক, বেশ কিছু বহনযোগ্য বেতারযন্ত্র ও অর্থ গণনার দুটি যন্ত্রও উদ্ধার করে পুলিশ। ওই মুখপাত্র জানান, পুলিশকে বাড়িতে ঢুকতে দেখে অস্ত্রধারী এক ব্যক্তি পালিয়ে যায়। বাড়ির ভেতর থেকে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নয় বছরের ওই শিশুটি সমাজকর্মীদের তত্ত্বাবধানে রয়েছে।