কেইপিজেডের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা
চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারা উপজেলাধীন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) পাহাড় কাটার ঘটনায় তিন কর্মকর্তা ও অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার গভীর রাতে কর্ণফুলী থানায় এই মামলা করা হয়।এর আগে গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে সমতল করার অভিযোগে ১০টি বুলডোজার জব্দ করা হয়। পাহাড় কেটে পরিবেশ ধ্বংসসহ পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ এনে কেইপিজেডর বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলায় আসামি করা হয় কেইপিজেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, মহাব্যবস্থাপক প্রকৌশলী অবসরপ্রাপ্ত কর্নেল মো. শাহজাহান ও উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদকে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ইনভেস্টিগেশন) আবদুর রাজ্জাক বাদী হয়ে এই মামলা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর (সংশোধিত-২০১০) ৪(১), ৪(২), ৬(খ), এবং ৬ (ঙ) ধারায় আসামিদের বিরুদ্ধে পাহাড় কাটা, জলাশয় ভরাট, বৃক্ষ নিধন ও পরিবেশ ছাড়পত্রের শর্তগুলো লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়। মামলা নম্বর ১৫/২০১২।’