কেউ আটক হয়নি, বিভিন্ন স্থানে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশ রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী জানান, বুধবারও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে অল্পের জন্য আসামিরা হাতছাড়া হয়েছে। আজ-কালের মধ্যে আসামিদের ধরা সম্ভব হবে বলে তিনি জানান। এদিকে ফারজানার মায়ের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, শফিকুল কবিরের প্রভাবের কারণে পুলিশ আসামিদের ধরছে না।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার পর্যন্ত ময়নাতদন্ত, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন ও সিআইডির হস্তাক্ষর শাখার প্রতিবেদন পুলিশের হাতে আসেনি। এসব প্রতিবেদন আসার পরই পুরো ঘটনা পরিষ্কার হবে বলে পুলিশ কর্মকর্তা মনে করছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মোহাম্মদ মাকসুদ প্রথম আলোকে বলেন, ‘রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসার পর ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে। লাশের শরীরের ভেতরে ও বাইরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এ কারণে রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। কয়েক দিন আগেই ভিসেরা মহাখালীতে পাঠানো হয়েছে।’ প্রতিবেদন আসতে এক মাস দেরি হতে পারে বলে তিনি জানান। মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ফারজানা ও তাঁর দুই সন্তানের দেয়াললিখন ও হাতে লেখা চিরকুট থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁরা আত্মহত্যা করেছেন। তবে এসব লেখা আদৌ বাচ্চাদের হাতের কি না, তা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। তারা এ ব্যাপারে কিছুই বলেনি।’ তিনি বলেন, ওই বাড়ি থেকে পানির জগ ও বোতল পাওয়া গেছে। এসব পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ি থেকে পেট্রলভর্তি একটি জারকিনও পাওয়া গেছে। কেন ওই বাড়িতে পেট্রল পাওয়া গেল, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুবুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করা গেলে অনেক প্রশ্নের জবাব মিলবে। পুলিশ ওই বাড়ির গৃহকর্মী ও আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেছে। তারা এ ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেনি। গৃহকর্মী জিন্নাত আরা পুলিশকে জানিয়েছেন, তিনি আগের দিন এসে চলে গেছেন। আর পরের দিন এসে বাড়ির সব কক্ষের দরজা খোলা পেয়েছেন। এর বেশি কিছু জানেন না। ফারজানার পরিবারের সূত্র জানায়, আইন ও সালিশ কেন্দ্র ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর মামলাটি চালানোর দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনো এ ব্যাপারে পারিবারিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।গত শুক্রবার সকালে জুরাইনের একটি বাড়ি থেকে পুলিশ ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারজানার স্বামী রাশেদুল কবির, শ্বশুর সাংবাদিক শফিকুল কবিরসহ তাঁর পরিবারের আটকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।