কেউ আর্জেন্টিনা কেউ বা ব্রাজিল
জুনে দক্ষিণ আফ্রিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপের দোর্দণ্ডপ্রতাপ দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও শহর-বন্দর-গ্রামে বিভিন্ন দেশের সমর্থকেরা এই খেলা উপভোগ করার জম্পেস আয়োজনে ব্যস্ত। টিভির সামনে খেলা দেখতে বসে কেবল গলা ফাটিয়েই আনন্দ প্রকাশ করতে চান না তাঁরা, নিজ দলের পতাকা নাড়িয়ে, বাড়ির ছাদে পতাকা উড়িয়েও উচ্ছ্বাস ছড়িয়ে দিতে তাঁরা তৎপর। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এখন বিভিন্ন দেশের পতাকা তৈরিতে ব্যস্ত দর্জিরা। এসব পতাকা বিক্রিও হচ্ছে দেদার। এর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি, জাপান, নাইজেরিয়া, উরুগুয়ে, ইংল্যান্ড ইত্যাদি দেশের জাতীয় পতাকা বেশি তৈরি হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী ও গোলামবাজার এলাকার বেশ কয়েকটি দর্জি দোকানে গিয়ে বিভিন্ন দেশের জাতীয় পতাকা তৈরি করতে দেখা যায়। গোলামবাজার এলাকার নিউ শামীম টেইলার্স দোকানের দর্জি মো. শামীম বলেন, এক মাস ধরে তিনি ফুটবল বিশ্বকাপের বিভিন্ন দেশের জাতীয় পতাকা তৈরি করছেন। তাঁর দোকানে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পতাকা বেশি তৈরি হচ্ছে।অপর দর্জি মো. শাহিন (২৪) জানান, তাঁর দোকানে ব্রাজিল ও আর্জেন্টিনা পতাকার চাহিদা বেশি। এসব পতাকা কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী, আগানগর ও কালীগঞ্জ এলাকা এবং রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, পল্টন, শাহবাগ এলাকায় বিক্রি হচ্ছে। শাহিনের দোকানে পতাকা কিনতে আসা পুরান ঢাকার বেচারাম দেউড়ির মো. সুমন বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিবারই তিনি সে দেশের পতাকা কেনেন। একই দোকানে পতাকা কিনতে আসা দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকার মো. এনায়েত হোসেন বলেন, তিনি ফ্রান্সের কট্টর সমর্থক। এ জন্য ফ্রান্সের পতাকা কিনতে এসেছেন। তিনি তাঁর সাড়ে চার বছরের ছেলের নামও রেখেছেন জিদান; গত বিশ্বকাপে ফ্রান্সের যে তারকা আসর মাতিয়েছিলেন। শাহীন জানান, বড় আকারের (সাড়ে তিন ফুট বাই পাঁচ ফুট) পতাকার দাম ১৫০ টাকা, মাঝারি আকারের (আড়াই ফুট বাই সাড়ে তিন ফুট) পতাকার দাম ১০০ টাকা এবং ছোট আকারের (দেড় ফুট বাই আড়াই ফুট) পতাকা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গোলামবাজার এলাকার সেলিনা টেইলার্সের মালিক মো. ইসমাইল বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে গত সপ্তাহ থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা তৈরি করছি। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হচ্ছে। বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, পতাকার চাহিদাও তত বাড়ছে।’