কেউ কথা রাখেনি
হাওর উন্নয়নে চাই আলাদা দপ্তর, ‘হাওর উন্নয়ন বোর্ড’। ১৯৭৯ সালে হাওর উন্নয়ন বোর্ড গড়ে তোলার দাবি ওঠে। সুনামগঞ্জের হাওরাঞ্চলের মধ্যবর্তী এলাকা তাহিরপুরে এ নামে একটি ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছিল। সুনামগঞ্জ জেলা শহরের সরকারি কলেজের পেছনের বিলপারে একই নামের আরেকটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ওই দুই ভিত্তিপ্রস্তরে ‘খানে আলম খান’ নামে এক আমলার নাম এবং ১৯৭৯ সালের ডিসেম্বর মাসকে তারিখ হিসেবে উল্লেখ করা রয়েছে। ভিত্তিপ্রস্তর দুটি আজও আছে। কিন্তু হাওর উন্নয়ন বোর্ড নামে কোনো কিছু আর হয়নি। এ ব্যাপারে প্রশাসনের বিভিন্ন সূত্র জানায়, জিয়া সরকারের আমলে এ নামে নতুন একটি বোর্ড গঠনের কথা থাকলেও পরবর্তী সময়ে তা আর এগোয়নি। তবে হাওর উন্নয়ন বোর্ড গঠনের দাবি সেই থেকে জিইয়ে আছে। এরশাদ সরকার আমলে এ দাবির পরিপ্রেক্ষিতে ‘জাল যার জলা তার’ নীতি ঘোষিত হয়। কিন্তু হাওর উন্নয়ন বোর্ড গঠনের দাবি ওই নীতির প্রচার প্রপাগান্ডায় হারিয়ে যায়।পরে বিএনপি সরকার আবার ক্ষমতাসীন হওয়ায় জিয়াউর রহমানের স্মৃতি আউড়িয়ে সরকার বোর্ড গঠনের ঘোষণা দেয়। তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালে সুনামগঞ্জের তাহিরপুর সফরে এসে এ ঘোষণা দেন। ওই ঘোষণা ছাড়া ওই আমলে এ নিয়ে আর কোনো কথা বা পরিকল্পনা শোনা যায়নি।আওয়ামী লীগ সরকার আমলে ১৯৯৭ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সুনামগঞ্জে এসে ঘোষণা দেন হাওর উন্নয়ন বোর্ড গঠনের। ’৯৭-এর ২০ অক্টোবর তিনি সুনামগঞ্জের বালুরমাঠে জনসভায় বলেছিলেন, ‘গোলাপগঞ্জ আর সুনামগঞ্জ একই ভৌগোলিক কাঠামোয় অবস্থিত। সুনামগঞ্জের প্রতি আমার গোলাপগঞ্জের মতো মায়া রয়েছে। তাই হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে।’এ ঘোষণার পর হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সুনামগঞ্জে স্থাপনের পরিকল্পনাসহ সরকারের মন্ত্রণালয় পর্যায়ে একটি বৈঠক সুনামগঞ্জে হওয়ার কথা ছিল। মরহুম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ উদ্যোগী হয়ে ২০০০ সালে একাধিকবার ওই বৈঠকের তারিখ ঘোষণা করলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ বন্যা পরিস্থিতির কারণে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হয়। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হাওর উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুত দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল। একইভাবে বিএনপি তথা চারদলীয় জোট সরকারের পক্ষ থেকে একই ধরনের প্রচারণা ছিল। কিন্তু হাওর উন্নয়ন বোর্ড গঠন, বিএনপি-আওয়ামী লীগের কেউ করেনি।বিগত চারদলীয় জোট সরকারের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া বলেন, ‘বোর্ড গঠন বিষয়টি দীর্ঘমেয়াদি। তবে আমরাই হাওর উন্নয়নে নতুন নতুন প্রকল্প করে তা বাস্তবায়ন করেছি।’ তিনি উদাহরণ টানতে গিয়ে বিশ্ব ঐতিহ্য ঘোষিত টাঙ্গুয়ার হাওর সংরক্ষণ এবং হাওরের ফসল রক্ষায় ঠিকাদারি প্রথা বিলোপ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘এগুলো হাওর উন্নয়ন বোর্ডের প্রকল্প।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘হাওর উন্নয়নে আলাদা প্রকল্প ছাড়া সমন্বিত উন্নয়ন সম্ভব নয়। হাওর উন্নয়ন বোর্ড গঠন ধাপে ধাপে করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের।’ তিনি জানান, ভাটি এলাকার উন্নয়নে তাঁর সাত দফা ‘দিরাই ঘোষণা’য় হাওর উন্নয়ন বোর্ড রয়েছে।