কেউ কথা রাখেনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আসে, সরকার যায়। চলে ক্ষমতার পালাবদল। বদলায় সময়। বদলায় না কেবল একটি এলাকার দুই ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের মানুষের দুর্ভোগের চিত্র। এ দুর্ভোগের কারণ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট-মোসলেমগঞ্জ ভায়া শান্তিনগরে যাওয়ার সড়ক এটি। উপজেলার উদয়পুর ও পুনট ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ স্থাপনের জন্য স্বাধীনতার পর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণ করা হয়েছিল। কিন্ত দীর্ঘদিনেও এই কাঁচা রাস্তাটি আর পাকা করা হয়নি।এলাকাবাসী জানায়, কাঁচা এ সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগকে জনপ্রতিনিধিরা তাঁদের ভোটের রাজনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। নির্বাচন এলেই প্রার্থীরা সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর দাবি ভুলে যান।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটি দিয়ে পুনট ইউনিয়নের উত্তরাংশের গ্রামগুলোর বাসিন্দা এবং গোটা উদয়পুর ইউনিয়নবাসী উপজেলা সদরে যাতায়াতের করে। এবড়োখেবড়ো এ পথে সাইকেল-ভ্যান ছাড়া কোনো যান চলে না। ফলে ধান-চালসহ কৃষকের উৎপাদিত পণ্য উপজেলা সদরে নিতে পারেন না কৃষক। শুধু বর্ষা নয়, সারা বছরই সড়কটির বেহালদশায় উদয়পুরবাসীকে বেশ কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এতে অতিরিক্ত ভাড়া ও সময় গুনতে হয় তাদের। মাস্তর গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, বাজার-সওদা করা থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রতিদিনই পুনটে যেতে হয়। সপ্তাহে দু-একদিন বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। কিন্তু এ সড়কে ভ্যান পর্যন্ত যাতায়াত করতে চায় না। বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করতে হয় তাঁদের।পূর্বগোপীনাথপুর গ্রামের চাতাল ব্যবসায়ী আহসান হাবিব বলেন, ‘সড়কটি কাঁচা হওয়ায় শান্তিনগর, মোসলেমগঞ্জসহ বিভিন্ন হাটবাজার থেকে ধান কিনে তা পরিবহনের সমস্যায় পুনটে চাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘বিগত সরকারের একজন সাবেক সাংসদ একাধিকবার সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। বর্তমানে উপজেলা চেয়ারম্যানকে দিয়ে এলাকার দায়িত্বপ্রাপ্ত নারী সাংসদের কাছে রাস্তাটি পাকা করার জোর দাবি তুলে ধরা হয়েছে।’সরকারদলীয় কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘নির্বাচনে গণসংযোগের সময় এলাকাবাসী সড়কটি পাকা করার দাবি জানিয়েছিল। নির্বাচিত হওয়ার পর এখন আমি প্রতিশ্রুতি পূরণে এলাকাবাসীর কাছে দায়বদ্ধ। ইতিমধ্যেই এলজিইডি থেকে প্রায় ৩৫ লাখ টাকা বরাদ্দও আনা হয়েছে। বর্তমানে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।’জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপিদলীয় সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাও বলেন, ‘ওয়াদা পূরণ করতেই সাংসদ হিসেবে সুপারিশ করে এলজিইডির মাধ্যমে বরাদ্দ এনেছি। শিগগিরই পুনট-মোসলেমগঞ্জ সড়কসহ অন্যগুলো পাকা করার কাজ শুরু হবে।’