একুশে টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবহিক নাটক ঘটক বাকী ভাই। লিখেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া। নাটকে ‘ঘটক বাকী ভাই’ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘ঘটক বাকী ভাই’কে কেমন লাগছে?এই চরিত্রটিতে অভিনয় করার পর কেউ কেউ আমাকে ঘটক ভাবছেন। এ পেশায় হয়তো যথেষ্ট দক্ষতা আছে, এ কারণেই আমাকে নেওয়া হয়েছে। একদিন একজন বললেন, ভাই, আমার ছেলের জন্য একটা ভালো সম্বন্ধ এনে দেন না। বলেন তো, কী মুশকিল! আমি তাঁকে বুঝিয়ে বললাম, ভাই, ওই চরিত্রে আমি শুধু অভিনয় করছি।বাস্তব জীবনে কখনো ঘটকালি করেছেন?একদম না। এটা খুবই জটিল কাজ। আমাকে দিয়ে এমন কাজ হবে না। নিজের পরিবারের মধ্যেও কখনো এ কাজ করিনি। আত্মীয়রা করেন, আমি শুধু উপস্থিত থাকি।অনেক দিন আপনাকে আলোচিত কোনো চরিত্রে দেখা যাচ্ছে না।এর কারণ, এখন আর ধারাবাহিক নাটকগুলো জমছে না। নাটক ভালো হচ্ছে, ভালো চরিত্র হচ্ছে, কিন্তু দর্শক দেখার সুযোগ পাচ্ছে না। বিদ্যুতের বিভ্রাট তো আছেই। আর টিভি চ্যানেল কর্তৃপক্ষও নাটক প্রচারের সময় বেশি মাত্রায় বিজ্ঞাপন প্রদর্শন করে। তাই দর্শক আমাদের নাটক দেখা বন্ধ করে দিয়েছে। তারা চলে যাচ্ছে বিদেশি চ্যানেলগুলোর দিকে। এভাবেই আমরা দর্শক হারাচ্ছি।‘শঙ্খনাদ’ ও আহা’র মতো আর কোনো ছবিতেও আপনাকে পাচ্ছি না।এ ধরনের ছবি বানিয়ে প্রযোজক টাকা ঘরে তুলে নিতে পারেন না। একজন প্রযোজক যখন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন, তা ফেরত পান না। তখন কিন্তু তিনি আরেকটি ছবি তৈরির ব্যাপারে আগ্রহী হবেন না। তার পরও আশা করছি, দু-একটি ভালো ছবিতে কাজ করতে পারব। আলোচনা চলছে।বিনোদন প্রতিবেদক