প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, রাতের আঁধারে ভোট কিনতে কেউ টাকা দিলে নেবেন, তবে ভোট দেবেন নিজের পছন্দের প্রার্থীকে।আজ রোববার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে পৌরসভা নির্বাচন-২০১০ সম্পর্কে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।এ টি এম শামসুল হুদা বলেন, সারা দেশের পৌরসভাকে চারটি ইউনিটে ভাগ করে নির্বাচন করা হচ্ছে। জনবলের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পর্যায়ক্রমে কয়েকটি তারিখে ভোট নেওয়া হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া অযোগ্য ব্যক্তি যাতে প্রার্থী হতে না পারেন, তার জন্যে ২১টি শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। যশোর অঞ্চলে সেনা স্থাপনা (ক্যান্টনমেন্ট) রয়েছে। এ কারণে আলাদা করে এ অঞ্চলের কোনো ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দরকার হবে না।সিইসি আরও জানান, মেয়র প্রার্থীদের ক্ষেত্রে দুই থেকে পাঁচ লাখ ও কাউন্সিলরদের ক্ষেত্রে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা নির্বাচনে সর্বোচ্চ খরচের বিধান রাখা হয়েছে। ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে প্রত্যেকের টাকার অঙ্ক নির্ধারণ করা হবে।যশোরের জেলা প্রশাসক নূরুল আমিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নূরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।