এই কথোপকথন বাসে চলতে চলতে। পাশের আসনে বসা যাত্রীর সঙ্গে। ‘আমার মায় আর নানি হ্যারে ডাকে ফালানী।’ কয়েক দিন পর আমি কামে যামু। সারা দিন পইড়াই থাকব...। তাই ফালানী কইয়াই ডাকে। আমি নাম রাখছি “ছোঁয়া”। কেউ এই নামে ডাকে না।’ কোথায় কাজ করেন?‘কই আর, গারমেনছে। আমার মায় আর আমি কামে যামু। হ্যায় থাকব আমার নানির কাছে।’ কোথায় গিয়েছিলেন এত ছোট বাচ্চা নিয়ে?সাভার ছাইড়াও আরও দূর। এক হুজুরের কাছে। হুজুর বাঁইচ্যা নাই। এখন যামু চিটাগাং রোড। ওই হানেই থাকি। মাইয়া আমার সারা দিন অনেক কষ্ট পাইছে। খুব কানতেছিল। তাই গাড়ি থাইকা নাইমা বইস্যা ছিলাম রোদের মধ্যে। আর গাড়িতে উঠতে পারি না। সেই সকালে খাইয়া বারাইছি। তারপরে পেটে কিছু পড়ে নাই। বাচ্চার দুধ পাইব কোতথাইকা?এতটুকুন বাচ্চাকে নিয়ে এভাবে ঘুরছেন?‘কপাল পোড়া থাকলে আরও কত জায়গায় যাইতে হয়।’ ছলছল চোখে কথাগুলো বলে বাসে পাশের সিটে বসা লায়লা নামের নারীটি। নারী না বলে মেয়ে বলাই ভালো। ১৫-১৬ বছর বয়স হবে। অনেক কষ্টে ঢাকার আসাদগেট থেকে ভিড় ঠেলে বাসে ওঠে। কোলে নীল তোয়ালে দিয়ে জড়ানো চার মাসের ছোঁয়া। গোলগাল চেহারায় মাথাভর্তি ফুটন্ত কদমের মতো চুলের শিশুটিকে দেখে কথা বলতে শুরু করি। কৌতূহলে জানতে চাই—জামাই কী করে? মুহূর্তেই কেঁপে ওঠে লায়লার ঠোঁট। চোখ লাল হয়ে পানিতে ভরে যায়। এককথায় উত্তর দেয়, ‘নাই’। একটু চুপ থেকে নিজ থেকেই বলে, ‘যৌতুকের জন্য আমাকে নিতাছিল না। আমার মায় বাড়ির জায়গা বেইচ্যা তারে টাকা দেয়। সেই টাকা হাতে পাইয়া অন্য মাইয়া লইয়া সে ভাইগা গ্যাছে।’ মেয়ের মুখ দেখেছে? এত সুন্দর মেয়ে?‘সুন্দর বাচ্চা হের কী দরকার! সুন্দর বউ হইলেই হের চলে। এই রকম বাচ্চা হ্যায় প্রত্যেক দিন একটা কইরা জন্ম দিতে পারব। আমি সুন্দর না। তাই তো আমারে রাইখা অন্য মাইয়া লইয়া চইলা গ্যাছে।’অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলে লায়লা নামের মেয়েটি। আবারও চোখ ভিজে যায়। ‘একবার ভাবি, মাইয়ারে পালক দেই। আবার ভাবি, তাইলে আমি কী নিয়া থাকুম? এখন সারা দিন কাজের শেষে রাতে মেয়ের মুখ দেখলে সব কষ্ট দূর হইয়া যায়। কিন্তু পালক দিলে...।’ আর কথা বলতে পারে না লায়লা নামের বালিকা-মা। মেয়েকে বুকে আঁকড়ে ধরে...।