হলমার্কের ঘটনার পর অনেকেই দেশ থেকে পালানোর ফন্দিফিকির করছে। কেউ যাতে পালাতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করাটা এখন জরুরি।সচিবালয়ে গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হলমার্ক গ্রুপের জালিয়াতিকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, শুধু সোনালী ব্যাংকের লোকেরা নন, অনেক লোকই এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে তাঁর সন্দেহ হয়।বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গতকাল রাতে ১০ দিনের জন্য চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা অর্থমন্ত্রীর। তাই গতকাল দুপুরে সাংবাদিকেরা হলমার্কের জালিয়াতি, পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানতে চান। অর্থমন্ত্রী বলেন, হলমার্কের জালিয়াতিটি আসলে ব্যাংক খাতের পদ্ধতির মধ্যকার জালিয়াতি। বিস্ময়ের সঙ্গে তিনি বলেন, একটি শাখা থেকে এত টাকা চলে গেল! তিনি বলেন, ‘শুধু এক হাতে তো তালি বাজে না। সব পক্ষেরই কিছু দোষ আছে।’ অর্থমন্ত্রী বলেন, অনেক বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া যায় না। কারণ, সাক্ষী-সাবুদ পাওয়া যায় না। যেমন: ’৯৬-এর শেয়ার কেলেঙ্কারি মামলারই কোনো সাক্ষী পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দু-একটি ছাড়া আমাদের দেশে দুর্নীতি প্রমাণ করা গেছে এমন মামলা কম। এ জন্য আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো গণ-আদালত।’অর্থমন্ত্রী বলেন, ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে অনেক কথা বলা হয়েছে। ভালো-মন্দ সব খাতেই থাকে। রাজনৈতিক নিয়োগ নিয়ে ঢালাওভাবে আক্রমণ করা মোটেই পছন্দের কোনো ব্যাপার নয়। হলমার্ক কেলেঙ্কারি সত্ত্বেও সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে পুনর্নিয়োগ, ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) শুধুই ওএসডি করে ছেড়ে দেওয়া নিয়ে সম্প্রতি জাতীয় সংসদেও সরকার-দলীয় সাংসদেরা প্রশ্ন তুলেছেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমার ওপর আক্রোশে আছেন তাঁরা। কিন্তু প্রতারণা করে কেউ ধরা পড়লে যথেষ্ট প্রস্তুতি নিয়ে এগোতে হয়। আমি মনে করি, যথোপযুক্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে।’ এ পর্যায়ে কিছুটা রেগে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো দিন এত ব্যবস্থা কেউ নেয়নি। আপনারা যত কিছুই বলুন না কেন।’ ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে যাতে অন্তত কোরাম পূর্ণ হতে পারে, সে জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সরকারের একজন অতিরিক্ত সচিব ছাড়া পর্ষদে কাউকে রাখা হয়নি। অর্থমন্ত্রী বলেন, ‘কাজী বাহারুল ইসলামও আমার মতোই আগুনের মুখে আছেন। কিন্তু আগুন দেখে তো পালিয়ে গেলে হবে না। আগুন নেভানো দরকার।’চীন থেকে ফিরে আসার পর সোনালী ব্যাংকের পর্ষদ নিয়ে ভাববেন জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আজ (গতকাল) রোববারই অনেকের মেয়াদ শেষ। এটা নতুন করে করব। যদিও বিষয়টি আমার একার প্রক্রিয়া নয়।’ অর্থমন্ত্রী বলেন, ‘সমস্যা থাকলে এর সমাধানও থাকে। আলোচনা করলেই হয়ে যায়। কিন্তু আমাদের চরিত্র হলো, ক্ষমতা থাকলে বড়াই করতে চাই। অনেক সময় সুযোগ পেয়ে অনেক কিছু করে ফেলি।’ এ সময় গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক চলেছে নিজের মতো করে। সরকার আইন করে সুযোগ দিয়েছে। দেখি, কী করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া। প্রতিষ্ঠানটিকে ভালোভাবে চালানো।’ নিজের পদত্যাগের আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করলে অর্থমন্ত্রী খোলামেলা কিছু কথা বলেন। পরে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর (এপিএস) পরামর্শে তিনি ওই বক্তব্য অফ দ্য রেকর্ড (প্রকাশ না করা) রাখার অনুরোধ জানান। তাঁর পরামর্শ ছিল, ‘আপনারা বলবেন, বহু জায়গা থেকেই দাবি-টাবি আছে। আমি দেখছি। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাজারে তো মনে হয় একটাই দাবি। কারণ, ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য শুরু ও শেষই হয় এটা দিয়ে। উনি প্রায়ই অসত্য বক্তব্য দেন। উনার স্টাইলটাই (ধরন) এ রকম।’ বিবিসিকে অর্থমন্ত্রী: রাতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, ব্যবস্থাপনার কিছু ত্রুটি ও ব্যর্থতার কারণে সোনালী ব্যাংকে এত বড় ধরনের অর্থ জালিয়াতির ঘটনা ঘটেছে। একটি বিষয় খুব অস্বাভাবিক মনে হয়েছে, কী ঘটছে সে সম্বন্ধে ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদের পরিচালকেরা কিছুই জানতেন না। এটা সহজেই প্রমাণ করে যে অনেক ব্যক্তি এর সঙ্গে জড়িত এবং যোগসাজশে এ জালিয়াতি হয়েছে।এত বড় একটা জালিয়াতির ঘটনায় নেওয়া পদক্ষেপ যথেষ্ট কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, এটার জন্য শাস্তি দিতে হবে। এবং তার ব্যবস্থা হচ্ছে। সোনালী ব্যাংক মামলা করবে। তাদের কাছে এখন যথেষ্ট মালমসলা আছে।’এই ঘটনা থেকে সরকার কী শিক্ষা নিয়েছে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, পরিদর্শন পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে হবে। নিয়ম মানতে হবে। কিছু নিয়ম সৃষ্টি করতে হবে। বাংলাদেশ ব্যাংক এখন নতুন একটা প্রতিষ্ঠান গড়ছে, যারা এসব একটু ভালো করে পর্যবেক্ষণ করতে পারবে। ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে, সেটাই হবে।