কেউ সহযোগিতা করছে না বেসরকারীকরণ কমিশনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারীকরণ কমিশন এখন কেবল নামেই আছে। কার্যত প্রতিষ্ঠানটির কোনো কর্মকাণ্ড নেই। বন্ধ হয়ে আছে বেসরকারীকরণ কার্যক্রম। সরকারের দেড় বছরে কমিশন তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে একটিকেও বেসরকারি খাতে ছাড়তে পারেনি।কমিশনের অভিযোগ, বস্ত্র ও পাট, শিল্প এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে তাদের। বিক্রি হওয়া প্রতিষ্ঠানকে ক্রেতার হাতে বুঝিয়ে না দেওয়া, বিক্রির সিদ্ধান্তের পর তা প্রত্যাহার করে নেওয়া, লোকসানি প্রতিষ্ঠানকে আবারও সরকারিভাবে চালুর ঘোষণাসহ আইন-কানুন লঙ্ঘন করে একেকটি মন্ত্রণালয় নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে।বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল প্রথম আলোকে বলেছেন, এমন উদাহরণও তৈরি হয়েছে যে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কয়েক বছর পর মন্ত্রণালয় এখন বলছে, প্রতিষ্ঠান বিক্রি করা হবে না, টাকা ফেরত দেওয়া হবে।অথচ সরকারের বিশেষ অনুমতি ছাড়া বিদ্যমান ২০০০ সালের বেসরকারীকরণ আইন এবং ২০০৭ সালের বেসরকারীকরণ প্রবিধানমালা ও বেসরকারীকরণ নীতিমালার বাইরে অন্য কোনোভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিক্রির কোনো সুযোগ নেই।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক সমীক্ষা প্রতিবেদনে কমিশন জানিয়েছে, ছয়টি রাষ্ট্রায়ত্ত শিল্প করপোরেশনের বার্ষিক লোকসান ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এগুলোর ক্রম-পুঞ্জীভূত ঋণ প্রায় ছয় হাজার ৩০০ কোটি টাকা।ক্রেতাকে টাকা ফেরত: ২০০৪ সালে বিক্রির জন্য তালিকাভুক্ত হয় ১৯৭৬ সাল থেকে বন্ধ কিশোরগঞ্জের ন্যাশনাল চিনিকল। কারখানার ৩২ দশমিক ১৯ একর জমি ছয়বার দরপত্র ডেকে কমিশন তা বিক্রি করতে সমর্থ হয় ২০০৮ সালে। সর্বোচ্চ দরদাতা ক্রেতা আফতাব গ্লোবাল টেক্সটাইল লিমিটেড এককালীন মূল্য ছয় কোটি দুই লাখ টাকা পরিশোধ করেছে দুই বছর আগেই। কিন্তু ক্রেতাকে এখনো জমি বুঝিয়ে দেওয়া হয়নি। আইন মন্ত্রণালয় এক মতামতে বেসরকারীকরণ কমিশনকে চুক্তি সম্পাদন করতে বলেছে। কিন্তু প্রতিষ্ঠানটি যেহেতু শিল্প মন্ত্রণালয়ের আওতাভুক্ত, বেসরকারীকরণ কমিশন তাই শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে কয়েক দফা চিঠি পাঠায়। কিন্তু শিল্প মন্ত্রণালয় এখন বলছে, ন্যাশনাল চিনিকল বিক্রি করা হবে না, বরং টাকা ফেরত দেওয়া হবে।৩২ একর জায়গা নিয়ে চট্টগ্রামের কুমিরায় অবস্থিত হাফিজ টেক্সটাইল মিলসের ক্ষেত্রেও ঘটেছে প্রায় একই রকম ঘটনা। ক্রেতা চট্টগ্রামের কেডিএস শিল্পগোষ্ঠী বস্ত্রকলটির জন্য ১২ কোটি ৩১ লাখ টাকা পরিশোধ করেছে। বিক্রয় চুক্তির মাধ্যমে মিলটিকে হস্তান্তরও করা হয়েছে। কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয় ক্রেতাকে সাফ-কবলা দলিল করে দেয়নি। এরই মধ্যে বস্ত্রকলের জায়গাটিতে কেডিএস লজিস্টিকস লিমিটেড নামে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো গড়ে তোলা হয়েছে। শর্ত ভঙ্গের অভিযোগে মিলটির বিক্রি বাতিলের ব্যবস্থা নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। অন্যদিকে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রেতা রিট মামলা দায়ের করেছেন।নরসিংদীর রায়পুরায় ১ দশমিক ৪৬ একর জমির ওপর অবস্থিত হ্যান্ডলুম সার্ভিস সেন্টার। ২০০৭ সালে এটি বেসরকারীকরণ কমিশনের তালিকাভুক্ত হয় এবং দরপত্রের মাধ্যমে ৭৩ লাখ ৮০ হাজার টাকায় তা বিক্রি হলে ক্রেতা সব পাওনা পরিশোধ করেন। এরই মধ্যে দেড় বছর পার হয়েছে, কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয় ক্রেতাকে তা দলিল করে দেয়নি।বেসরকারীকরণ নিয়ে আরও জটিলতা: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় ২০০৯ সালের এপ্রিলে ১২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিক্রির জন্য বেসরকারীকরণ কমিশনে একটি তালিকা পাঠায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে সাতটি, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে তিনটি এবং বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে দুটি প্রতিষ্ঠান রয়েছে।এক মাস পর বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেসরকারীকরণ কমিশনকে এক চিঠি দিয়ে জানায়, ১২টি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর তিন দিন পর বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রথম সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে আবারও বেসরকারীকরণের জন্য ওই ১২টি প্রতিষ্ঠানের তালিকা পাঠান।দুই মাস পর ৫ জুলাই অনুমোদনের জন্য বিষয়টি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। কিন্তু আবারও বাদ সাধে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অনুরোধে বৈঠকে প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বেসরকারীকরণ কমিশন কয়েক দফা চিঠি পাঠালেও বস্ত্র ও পাট মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। গত ১৯ মে প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের তালিকা চূড়ান্ত করার ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর শরণাপন্ন হন মির্জা জলিল। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় উল্টো এক চিঠিতে কমিশনকে বেসরকারীকরণ কমিশন উঠিয়ে দেওয়া হলে বেসরকারীকরণ কার্যক্রম কীভাবে করা যাবে তার বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন।কমিশনকে এড়িয়ে বিক্রির উদ্যোগ: গত ৬ জুন নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রতিষ্ঠানের জমি, গাছপালা ও অন্যান্য স্থাপনা বিক্রির জন্য দরপত্র ডেকেছে বিটিএমসি। গত ১ জুলাই খুলনা বস্ত্রকলের যন্ত্রপাতি বিক্রির দরপত্রও আহ্বান করে বিটিএমসি। এর আগেও কারখানা বিক্রির জন্য দরপত্র ডেকেছিল বিটিএমসি। এসব ঘটনা ২০০০ সালের বেসরকারীকরণ আইনের পরিপন্থী বলে মনে করছে কমিশন। আইনানুযায়ী শিল্প কলকারখানা ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জমিজমাসহ বাজারমূল্যে বিক্রি করার কথা।বেসরকারীকরণ নীতিমালায় বলা আছে, ‘ভিন্ন ভিন্ন সংস্থা কর্তৃক ভিন্ন ভিন্ন অনুসৃত পদ্ধতি ও শর্তের মাধ্যমে বেসরকারীকরণ করতে গিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য একটি বিধানের আওতায় একমাত্র বেসরকারীকরণ কমিশনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা যাবে। বেসরকারীকরণ কমিশন ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থা বেসরকারীকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।’এই দুুই দরপত্র আহ্বান বাতিল করতে অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে বেসরকারীকরণ কমিশন। এতে বলা হয়েছে, ‘বিটিএমসি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে শিল্পপ্রতিষ্ঠান বিক্রির পদক্ষেপ নিয়েছে, যা কাম্য নয়। প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের চূড়ান্ত ধাপ অর্থাৎ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপিত হওয়ার ঠিক আগমুহূর্তে বিটিএমসির এহেন উদ্যোগ রাষ্ট্র ও জনগণের অনুকূল নয়।’শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেছেন, সরকারের নীতি হলো বেসরকারীকরণ বিরোধী। ন্যাশনাল চিনিকলটি বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার বিষয়টি এসেছে ওই বিবেচনা থেকেই। তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের ভার এখন পুরোপুরিভাবে প্রধানমন্ত্রীর হাতে। অতীতে আত্মীয়স্বজনের নামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা রোধ করতে হবে।শিল্পমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে লোকসান হয় না, করানো হয়। ভবিষ্যতে তা করতে দেওয়া হবে না।আইন অনুযায়ী বিটিএমসি কোনো প্রতিষ্ঠান বিক্রি করতে পারে না বলে স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান এরশাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে একটু ঝামেলা রয়েছে। বিটিএমসি শুধু যন্ত্রপাতি বিক্রির উদ্যোগ নিয়েছে, পুরো প্রতিষ্ঠান নয়। খুলনায় একটি বস্ত্রকলের যন্ত্রপাতি বিক্রির জন্য দরপত্র ডাকা হয়েছে ওখানে একটি শিল্পপল্লি গড়ে তোলা হবে বলে।বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, কমিশনের মাধ্যমে বিক্রি হওয়া প্রতিষ্ঠানের অর্থ সরকারি কোষাগারে জমা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বা বিটিএমসির নিজের উদ্যোগে বিক্রি হওয়া প্রতিষ্ঠানের অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি, জমা হয়ও না।