কেউই বলেন না, সরকারের রূপরেখা কী: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘নির্বাচন স্বচ্ছ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা দরকার। এটা বেশির ভাগ মানুষের দাবি। এখন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বলেন তত্ত্বাবধায়ক সরকারের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অন্তর্বর্তী সরকারের। কিন্তু কেউই বলেন না, তাঁদের সরকারের রূপরেখা কী? এ জন্য সংলাপের প্রয়োজন।’রফিক-উল হক আরও বলেন, ‘সমস্যা হলো, একসঙ্গে বসলেও দুজন দুই দিকে তাকিয়ে থাকেন। লজ্জার কথা। তাই তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন একে অপরকে সতীনের মতো না দেখেন।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সুজনের গোলটেবিল আলোচনায় রফিক-উল হক এসব কথা বলেন । রফিক-উল হক আরও বলেন, নির্বাচন একদিনে করলে ভোট চুরি হবে। একাধিক দিনে হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। আইন করতে হবে, কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আলোচনায় সুজনের সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্ন গণতন্ত্র দরকার। এখন সব রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকা এবং যাওয়ার জন্য। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্দলীয় সরকার দরকার, সেটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার যা-ই হোক না কেন। এর রূপরেখা দলগুলোকে দিতে হবে। কিন্তু তা নিয়ে প্রধান দুই দলের কোনো উদ্যোগ নেই। বিষয়টি দুঃখজন ও উদ্বেগের। তিনি বলেন, রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এ জন্য রাজনৈতিক দলগুলো দায়ী। সুতরাং সমাধানের পথও তাদের বের করতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, নির্বাচনে রানারআপের জন্য কোনো পুরস্কার নেই। সে জন্যই যত গন্ডগোল। তিনি বলেন, দুই দল গণতন্ত্রের চেয়ে ক্ষমতা বেশি পছন্দ করে। সে জন্যই সংসদে রাজনীতিবিদের চেয়ে রাজনীতিজীবী বেশি। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশ দুই ভাগ হয়ে গেছে। যখন দেশে কোনো জাতীয় নেতা থাকেন না, তখনই দেশ ভাগ হয়ে যায়। এখন যাঁরা আছেন, তাঁরা সবাই দলীয় নেতা। পড়াশোনা জানা লোকদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে সরকার ও বিরোধী দলকে সংসদীয় সংস্কৃতিতে ফিরে যাওয়া উচিত। যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। রাজনৈতিক বিশ্লেষক রওনক জাহান বলেন, শুধু সংলাপ, আলোচনা হলে হবে না। সংলাপে ঠিক করতে হবে, ক্ষমতায় গেলে বিরোধী দলের প্রতি কেমন আচরণ হবে। এ বিষয়ে একটি আচরণবিধি তৈরি করতে হবে। গণস্বাস্থ্যের পরিচালক জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে নামেই ডাকা হোক না কেন, নিরপেক্ষ সরকারব্যবস্থা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।