কেক এবং লোডশেডিংয়ের ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই একটা কৌতুক দিয়ে শুরু করা যাক। এক মোটা ভদ্রলোক কেকের অর্ডার দেওয়ার পর ওয়েটার এসে প্রশ্ন করল, ‘স্যার, কেকটা বারো টুকরা করব, নাকি ছয় টুকরা?’ ভদ্রলোক জবাব দিলেন, ‘ছয় টুকরাই করে দাও। আমি আবার ডায়েট কন্ট্রোল করছি। বারো টুকরা খাওয়া যাবে না।’পত্রিকায় খবর বের হলো, এখন থেকে ঢাকায় দিনে চার থেকে সাতবার লোডশেডিং হবে। বলতে দেরি, হতে দেরি হলো না। সাত-আটবার পর্যন্ত লোডশেডিং শুরু হলো। অভিযোগ শুরু হলো, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, দিনে সাত-আটবার লোডশেডিং। তাই বদনাম ও অভিযোগ ঘোচাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, দুই ঘণ্টা করে তিন থেকে চারবার লোডশেডিং করবে। কিন্তু প্রকৃতপক্ষে পাঁচবার (অর্থাৎ ৫ x ২ = ১০ ঘণ্টা, ২৪ ঘণ্টায়) করে লোডশেডিং শুরু হলো। যাক, তাদের তো আর শুনতে হচ্ছিল না যে দিনে সাত-আটবার লোডশেডিং হয়। বরং তারা বলতে পারল, টানা দুই ঘণ্টা বিদ্যুৎ তো থাকে! কিন্তু জনগণকে বোকা বানাতে ব্যর্থ হয়ে ও জনরোষ টের পেয়ে আবার তারা আগের নিয়মে ফিরে গেল। সহজ কথা হলো, আস্ত কেক যতটুকুই করা হোক না কেন, যোগ করলে পরিমাণে তো সেটাই থাকবে। লোডশেডিং ব্যাপারটাও তাই। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা যদি এটা বুঝতেন, ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে এসি চালিয়ে আর মোটা কোট গায়ে দিয়ে তাঁরা গ্রাহকদের এসি বন্ধ রাখার নির্দেশ দিতেন না।বলা হচ্ছে, গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ করার জন্যই শহরাঞ্চলে লোডশেডিং এত বেড়েছে। তাহলে কেন সেচের জন্য বিদ্যুতের দাবিতে ইউএনওর গাড়ি আটকানো হয়? কেন সেচের জন্য বিদ্যুতের দাবিতে গ্রামবাসী বিদ্যুৎ অফিস ঘেরাও করে? রহস্য কোথায়? বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েনি তো? সরকার বলছে, বিগত সরকারগুলো সাত বছরে বিদ্যুৎব্যবস্থা ভেঙে দিয়ে গেছে। (যদিও ২০০৮-এর আগ পর্যন্ত দু-তিন ঘণ্টার বেশি লোডশেডিং হতো না) তাহলে কেন তা গত এক বছর তিন মাসে গড়ে তোলা হলো না? এই সরকার জনগণের জন্য বিদ্যুতের কোন উন্নয়নটা করেছে? আপনারা কি ভুলে গেছেন, আপনারাও মাত্র পাঁচ বছরের জন্য এসেছেন! ২০২১ সাল পর্যন্ত, ১২ বছরের জন্য নয়। কাজেই যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। ভোরের সূর্যোদয় থেকেই বোঝা যায় দিনটি কেমন যাবে। আর চার বছর পর যেন আমাদের আফসোস করে বলতে না হয়, ‘সব রসুনের গোড়া গিয়ে ওই এক জায়গাতেই মেশে।’এস এম বনি আমিন ডেন্টাল সায়েন্স, এসসিএইচএস, ধানমন্ডি, ঢাকা।