কেজরিওয়াল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রায় ৭০ জন সহযোগীকেও আটক করা হয়। দেশটির আইনমন্ত্রী সালমান খুরশিদের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশ তাঁদের আটক করে।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, সালমান খুরশিদ পরিচালিত একটি বেসরকারি সংস্থায় (এনজিও) অনিয়মের অভিযোগ আনেন কেজরিওয়াল। এরপর তাঁর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে তাঁর নয়াদিল্লির রেসকোর্সের বাসভবনের দিকে রওনা দেন কেজরিওয়াল। জনপথ মোড় থেকে এ যাত্রায় তাঁর সঙ্গে ছিল রাষ্ট্রীয় বিকলাঙ্গ পার্টির (আরভিপি) ৭০ জন কর্মী। তাঁরা রাজপথ মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বসে পড়লে পুলিশ তাঁদের আটক করে।আটকের পর কেজরিওয়াল বলেন, তাঁর দিনব্যাপী প্রতিবাদ এখন অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মনমোহন তাঁদের সঙ্গে দেখা না করবেন কিংবা খুরশিদ পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা জনপথ মোড় ছাড়বেন না।ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশনের (আইএসি) নেতা কেজরিওয়াল বলেন, লড়াই শেষ করার সময় এসেছে। তাই এ স্থানটিকে (জনপথ মোড়) তাহরির স্কয়ারে পরিণত করতে হবে। এর আগে কেজরিওয়াল নেতৃত্বাধীন আইএসি জানায়, আজকের প্রতিবাদ কর্মসূচি ছিল বিকলাঙ্গদের সংগঠন আরভিপির। এ প্রতিবাদের তাঁরা অতিথিমাত্র।আইএসির একজন মুখপাত্র বলেন, বিকলাঙ্গদের সঙ্গে জনপথ মোড়ে জাতীয় আর্কাইভের পাশে তাঁরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁদের লক্ষ্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করবেন না বলে জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা জনপথ মোড়ে অনশন চালিয়ে যাবেন।