কেজরিওয়ালকে ভোট দেবেন না হাজারে
ভারতের প্রবীণ সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে বলেছেন, তিনি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন রাজনৈতিক দল আম আদমি পার্টিকে ভোট দেবেন না। কেজরিওয়ালের ক্ষমতার প্রতি মোহ রয়েছে বলেই তিনি ভোট দেবেন না বলে জানিয়েছেন।‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে বলা হয়, ৭৫ বছর বয়সী হাজারে তাঁর সাবেক সহযোগী কেজরিওয়াল ক্ষমতালোভী হয়ে পড়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিষয়টি সঠিক। ভোট দেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলাম; কিন্তু এখন ব্যাপারটা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ, কেজরিওয়ালের দলটি এখন অর্থ ও ক্ষমতার পথে অগ্রসর হচ্ছে। তাঁকে নিঃস্বার্থ বলেই মনে করতাম। জানি না, কীভাবে তাঁর মাথায় রাজনীতিতে যোগদানের চিন্তা এল।’হাজারে আরও বলেন, তাঁরা স্বাধীন ভারতে প্রথমবারের মতো গোটা ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন শুরু করেছিলেন। জনগণ ওই আন্দোলনে যোগ দিচ্ছিল। আন্দোলনটি সফল হওয়ার সুযোগ ছিল। কিন্তু তা অসম্পূর্ণ রয়ে গেল। সাফল্যের জন্য বাবা রামদেব ও অরবিন্দসহ সবাইকে একযোগে লড়াই করতে হবে। অরবিন্দ ভুল পথে চলে গেছেন। রামদেবেরও সাম্প্রদায়িক সংগঠনগুলোর সঙ্গে যোগসাজশ রয়েছে।