কেট উইন্সলেটের ছাড়াছাড়ি
অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট (৩৪) ও তাঁর স্বামী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্দেস (৪৪) গতকাল সোমবার তাঁদের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। লন্ডনের আইনি প্রতিষ্ঠান শিলিংসের আইনজীবী কিথ শিলিং এক বিবৃতিতে জানান, এ বছরের শুরুর দিকে উইন্সলেট ও মেন্দেসের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়।সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বিবৃতিতে আরও বলা হয়, তাঁরা দুজনই তাঁদের বাচ্চাদের যৌথ অভিভাবকত্বের ব্যাপারে সম্মত। আর তাঁরা আশা করেন, গণমাধ্যম তাঁদের ব্যক্তিগত জীবনের বিষয়ে শ্রদ্ধাশীল হবে।কেট উইন্সলেটের এটি দ্বিতীয় বিয়ে ছিল। কেটের প্রথম অস্কারজয়ী ছবি দ্য রিডার-এর সহকারী পরিচালক জিম থ্রিপ্লেটনকে বিয়ে করার তিন বছর পর ২০০১ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়। তাঁদের ঘরে মিয়া নামের একটি মেয়ে রয়েছে।ধ্বংসযজ্ঞ নিয়ে তৈরি করা ছবি দ্য রিডার-এর জন্য কেট উইন্সলেট ২০০৮ সালে অস্কার ও রেভলুশনারি রোড ছবির জন্য একই বছর গোল্ডেন গ্লোব জয় করেন। আর মেন্দেস অস্কার জয় করেন ১৯৯৯ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি আমেরিকান বিউটির জন্য।কেট আর মেন্দেসের ছাড়াছাড়ির খবরে হলিউডের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কখনো মিডিয়ায় কোনো ধরনের নেতিবাচক কিছু শোনা যায়নি। ৭ মার্চ কেট লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর স্বামীকে ছাড়াই উপস্থিত হন।২০০৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের নিজেদের একটি ছেলে ও কেটের আগের স্বামীর ঔরসজাত একটি মেয়ে রয়েছে।ওকে