কেটকে অর্ধ-নগ্নদের সংবর্ধনা
দুটি সাময়িকী ও একটি পত্রিকায় অর্ধ-নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর এবার সলোমন দ্বীপপুঞ্জে অর্ধ-নগ্ন নারীদের অভ্যর্থনা পেলেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। রাজকীয় সফরের অংশ হিসেবে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে সলোমনে পৌঁছলে ঐতিহ্যবাহী পোশাকে কেটকে বরণ করেন দ্বীপের নারীরা। এসময় ওই নারীরা উইলিয়াম ও কেটকে মালা পরিয়ে দেন। এদিকে ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বন্ধ হতে পারে আয়ারল্যান্ডের জনপ্রিয় দৈনিক ‘আইরিশ ডেইলি স্টার’। এতে রাজধানী ডাবলিনে কর্মরত প্রতিষ্ঠানটির ১০০ জনেরও বেশি কর্মী বেকার হয়ে যেতে পারেন। ডেইলি মেইলের খবরে বলা হয়, আইরিশ ডেইলি স্টারে কেটের অর্ধ-নগ্ন ছবি প্রকাশ করায় ব্যাপক ক্ষোভ দেখা গেছে ব্রিটেনে। এতে ফুঁসেছেন প্রতিষ্ঠানটির সহ-সত্ত্বাধিকারী রিচার্ড ডেসমন্ডও। নর্দার্ন এন্ড শেল গ্রুপের অন্যতম এ সত্ত্বাধিকারী বলেছেন, অর্ধ-নগ্ন ১৩টি প্রকাশ করায় তিনি সত্ত্বর পত্রিকাটি (আইরিশ ডেইলি স্টার) বন্ধের সিদ্ধান্ত নিবেন। তাঁর অভিযোগ, তাকে না জানিয়েই পত্রিকাটির সম্পাদক মাইকেল ও’ কেইন ছবি ছেপেছেন। তিনি আরও বলেন, ওই ধরনের ছবি প্রকাশ কোনভাবেই যৌক্তিক নয়। এ ঘটনার তীব্র নিন্দা জানায় নর্দার্ন অ্যান্ড শেল। ছবি প্রকাশের পর ভবিষ্যৎ দোদুল্যমান অবস্থায় থাকলেও নিজ সিদ্ধান্তকে সঠিক মনে করছেন আইরিশ ডেইলি স্টার সম্পাদক ও’ কেইন। তাঁর মতে, কেটের ওই ছবিগুলো রিয়ান্না কিংবা লেডি গাগার মতো অন্য তারকার ছবির চেয়ে ভিন্ন কিছু নয়। কেইন আরও বলেন, বিষয়টি নিয়ে কেবল যুক্তরাজ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যদিও ওই ছবিগুলো ছিল উপভোগ্য। ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে গত সপ্তাহে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন কেট। সে সময় দূর থেকে ছবি তুলতে সক্ষম ক্যামেরা দিয়ে তোলা হয় তাঁর অর্ধনগ্ন ছবিগুলো। বিব্রতকর এসব ছবি ফ্রান্সের একটি সাময়িকীতে প্রকাশ হলে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন ওই রাজদম্পতি।