কেটি পেরিকে ফিরে পেতে মরিয়া রাসেল ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গায়িকা কেটি পেরির সঙ্গে ১৪ মাস সংসার করার পর গত বছরের ডিসেম্বরে বিচ্ছেদ চাওয়ার বিষয়টিকেই জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করছেন ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড। আর এ ভুল শোধরানোর সব রকম চেষ্টাও করে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা। ব্র্যান্ড সম্প্রতি কেটি পেরিকে তাঁর জীবনে ফিরে আসার অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠিয়েছেন।এপ্রিল মাসে কোচেলা উত্সবে যোগ দিয়েছিলেন পেরি। সেখানে ব্রিটিশ পপ ব্যান্ডদল ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিনের সদস্য রবার্ট অ্যাক্রয়েডের সঙ্গে পেরির ঘনিষ্ঠ ব্যবহার নজর কাড়ে সবার।এ প্রসঙ্গে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘কোচেলা উত্সবে পেরির সঙ্গে রবার্টের ছবি দেখার পর থেকেই হিংসায় জ্বলছেন ব্র্যান্ড। তিনি মনে করছেন, তড়িঘড়ি করে পেরির সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেলাটা মোটেও ঠিক হয়নি। অল্পতেই হাল ছেড়ে দেওয়ায় অনুতপ্ত তিনি।’সংসার করার সময় স্ত্রী পেরির প্রতি ব্র্যান্ডের এই ভালোবাসা কোথায় হারিয়ে গিয়েছিল, তা একমাত্র তিনিই বলতে পারবেন। সবদিক বিবেচনায় না নিয়ে হুটহাট বিচ্ছেদের আবেদন করে যে ভুল করেছেন, তা এখন তিনি হাড়ে হাড়েই টের পাচ্ছেন। নিজের ভুল বুঝতে পাঁচ মাস সময় লেগেছে তাঁর। এই সময়ে কেটি যদি অন্য কারও মধ্যে নিজের নতুন মনের মানুষকে খুঁজে নেন, তবে তাঁকে দোষ দেওয়া যায় না। এখন দেখার বিষয় হলো, তাঁকে ফিরে পাওয়ার জন্য ব্র্যান্ডের আকুতির কী জবাব দেন পেরি!