কেটি পেরির শচীন-বন্দনা
৩ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে চেন্নাইয়ের মঞ্চ কাঁপালেন মার্কিন পপগায়িকা ও অভিনেত্রী কেটি পেরি। ভারত সফরে এসে ক্রিকেট আসরের পর্দা তোলার অনুষ্ঠানে অংশ নিয়েছেন আর ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করবেন না, তা কী হয়! ঠিক ঠিকই শচীনের সঙ্গে দেখা করেছেন পেরি। আর এই সাক্ষাতের সুযোগ পেয়ে দারুণ গর্বিত ও উচ্ছ্বসিত বলেই জানিয়েছেন ২৭ বছর বয়সী এই গায়িকা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় পেরি লিখেছেন, `দারুণ হয়েছে ভারত সফর। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। সব মিলিয়ে দারুণ কেটেছে সময়টা। এ সফরে আমার অন্যতম সেরা পাওয়া শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ। তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমার অনেক গর্ব হচ্ছে। নিঃসন্দেহে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলোয়াড়।' সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে আইএএনএস।অবশ্য এটাই পেরির প্রথম ভারত সফর নয়। এর আগে ভারতের রাজস্থানে ২০১০ সালের ২৩ অক্টোবর ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে হিন্দুরীতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। অবশ্য সেই বিয়ে টেকেনি। ১৪ মাস সংসার করার পর গত বছরের ৩০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস আদালতে ডিভোর্সের আবেদন করেন রাসেল ব্র্যান্ড। ক্যালিফোর্নিয়ায় বিদ্যমান আইন অনুযায়ী ডিভোর্স আবেদনের ছয় মাস পর অর্থাৎ চলতি বছরের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে ইতি ঘটবে রাসেল ব্র্যান্ড-কেটি পেরি অধ্যায়ের।