কেটের অর্ধনগ্ন ছবি প্রকাশ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবিগুলো মুদ্রণমাধ্যম অথবা ইন্টারনেটে প্রকাশ বন্ধ করতে ফ্রান্সের ‘ক্লোজার’ সাময়িকীকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে রুল জারির ২৪ ঘণ্টার মধ্যে মূল ছবিগুলো রাজপরিবারের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।সিএনএনের খবরে বলা হয়, অর্ধনগ্ন ছবি প্রকাশের জন্য দুই হাজার ইউরো জরিমানা করা হয়েছে ওই সাময়িকীকে। ছবি হস্তান্তরে দেরি হলে প্রতিদিন আরও ১০ হাজার ইউরো করে জরিমানা গুনতে হবে সাময়িকী কর্তৃপক্ষকে।ফ্রান্সের নাতেঁরে কৌঁসুলি দপ্তর জানায়, কেটের ছবি প্রকাশের ঘটনা তদন্তে ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন একজন ফরাসি কৌঁসুলি। ওই দপ্তর আরও জানায়, ছবি প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তিরা সাময়িকীটির প্রকাশনা বন্ধ না করতে আজ মঙ্গলবার যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যাবেন।প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ফ্রান্সের একটি দ্বীপে সূর্যস্নানের সময় দূর থেকে ছবি ধারণে সক্ষম এমন একটি ক্যামেরায় ডাচেস অব কেমব্রিজের অর্ধনগ্ন কয়েকটি ছবি তোলা হয়। ওই ছবি ফরাসি সাময়িকী ‘ক্লোজার’-এ প্রকাশিত হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেট মিডলটন, তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম ও ব্রিটিশ রাজপরিবার। ছবি প্রকাশকে ব্যক্তিগত সীমার লঙ্ঘন মনে করে সাময়িকীটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফরাসি আদালতে মামলাও করা হয়। গতকাল সোমবার ওই মামলায় কেটের পক্ষের আইনজীবী ছবিগুলোর পরবর্তী প্রকাশনা বন্ধ করাসহ সাময়িকীকে জরিমানার আবেদন করেন আদালতের কাছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আদালত দুটি বিষয়ই আমলে নিয়ে রায় দেন।